নেপথ্য নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসান। শিক্ষকতা আর লেখালেখিতে ছিলেন অন্তঃপ্রাণ। প্রগতি পন্থায় সমর্পিত থেকে সারা জীবন কাটিয়েছেন নেপথ্যে, নীরবে-নিভৃতে। তাঁর অপ্রকাশিত লেখা, ডায়েরি ও চিঠিপত্রে দেশপ্রেমের নেপথ্য-নায়কের চিত্র নানাভাবে মূর্ত হয়েছে। এসবের আলোকে স্বাধীনতার মাস মার্চে তাঁকে নিয়ে লিখেছেন কাজল রশীদজন্মসূত্রে তিনি বাংলাদেশি ছিলেন না। কিন্তু ভেতরে-বাইরে ছাপান্ন হাজার বর্গমাইলের এই দেশটির প্রতি ছিল নিবিড় টান। এমনকি মৃত্যু নিশ্চিত জেনেও তিনি দেশপ্রেমের প্রশ্নে আপস করেননি। দেশপ্রেমের অগ্নিমন্ত্রে শতভাগ নিমগ্ন থেকে আত্মোৎসর্গের উজ্জ্বল প্রতৃিভূ হয়েছেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রাশিদুল হাসান। বাঙালি জাতির সবচেয়ে কঠিন মুহূর্ত একাত্তরের দিনগুলোতে তিনি রাজধানী ঢাকায় থেকেছেন। তবে আত্মগোপন কিংবা নীরবে-নিভৃতে-লোকচক্ষুর আড়ালে নয়, শিক্ষকতার মহান পেশায়। প্রতিটি ক্লাসে ছাত্রদের উদ্বুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে যোগ দিতে। যুদ্ধাক্রান্ত এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সর্বস্ব দিয়ে দেশমাতৃকার সেবা করতে। মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক ও বামপন্থী চিন্তাধারার অধিকারী রাশীদুল হাসান বাঙালির প্রতিটি আন্দোলনের সমর্থক ছিলেন। কবিতা, প্রবন্ধ ও নিয়মিত দিনপঞ্জি লেখার অভ্যাস ছিল। ১৯৭১-এর অপ্রকাশিত ডায়েরির একুশে ফেব্রুয়ারিতে তিনি লিখেছেন:‘আটই ফাল্গুন বা একুশে ফেবরুয়ারীর নানা তাৎপর্য আজ আবিষ্কৃত এবং এখনো ক্রমাবিষ্ক্রিয়মান। প্রথমত এ ছিল বাঙলাদেশের বা পূর্ব পাকিস্তানের পাঁচ কোটী বাঙালীর মাতৃভাষা বাঙলার রাষ্ট্রভাষা রূপে স্বীকৃতির আন্দোলন। পরে এই আন্দোলন বাঙলাদেশের সর্বক্ষেত্রে সর্বাত্মক মুক্তির প্রতীকে উন্নীত হলো। আমার কাছে এই আন্দোলনের যে চেহারা আজ প্রকাশিত, তার দুটি দিক সব থেকে তাৎপর্যময়। প্রথম, এর সবল ও সপ্রাণ সৃষ্টিশীলতা—সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং রাজনীতি ও সমাজনীতির সর্বক্ষেত্রে—একটা সনিষ্ঠ ও বেগবান আত্মজিজ্ঞাসা—এক পবিত্র এ নির্মল আত্মাবিষ্কার। দ্বিতীয়, এর সর্বজনীনতা, ধর্ম বর্ণ সমাজ ও বিশ্বাস নির্বিশেষে এই প্রথম সবার আপন উৎসব বাঙালীরা পেল। ঈদোৎসব যেমন মুসলমানের পুজোৎসব যেমন হিন্দুর, একুশে ফেবরুয়ারী বা আটই ফাল্গুনোৎসব তেমন নয়,—এ উৎসব বাঙলা ভাষাভাষী হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের—একান্ত আপনার মহোৎসব।’রাশীদুল হাসান ওপার বাংলার বীরভূমের বড়শিজা গ্রামে ১৯৩২ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে মুর্শিদাবাদ জেলার ভাবতা আজিজিয়া মাদ্রাসা থেকে মেট্রিক এবং ১৯৪৯ সালে আইএ পাস করেন ঢাকার ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজ থেকে। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং ১৯৫৮ সালে স্নাতকোত্তর পাস করেন। ১৯৫৪-৫৫ সাল নরসিংদী, ১৯৫৬-৫৯ সাল পাবনা এডওয়ার্ড এবং ১৯৫৯-৬৭ সাল পর্যন্ত বীরভূম জেলার কৃষ্ণচন্দ্র কলেজের ইংরেজি সাহিত্যের লেকচারার ছিলেন। শিক্ষক হিসেবে যোগ দেন তাঁর প্রিয় শিক্ষাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিলেন। এমনকি শহীদ বুদ্ধিজীবী হিসেবেও তিনি সমাহিত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। ‘হে আমার দেশ’ শিরোনামের একটি কবিতাতে তাঁর মনোবাঞ্ছা প্রকাশ পেয়েছে এভাবে: হে আমার দেশ/ আমি তোমার সঙ্গে আছি/ সুখে শোকে অজস্র সংকটে/ যে তোমাকে ছেড়ে যাবে যাক/ আমি যাবো নাকো/ চিরকাল র’বো আমি/ তোমার আত্মার আত্মীয় হয়ে/ তোমার নিঃস্বতা আজ আমার ভূষণ।... তোমার নিঃস্বতা দিয়ে/ তোমার হূদয়ে আজ/ আমার হূদয়/ কথা কয়।/ হে আমার দেশ/ তুমি আমি আজ/ এমন গভীর কাছাকাছি!!শিক্ষার্থী-অন্তঃপ্রাণ ছিলেন রাশিদুল হাসান। স্ত্রীকে লেখা অপ্রকাশিত এক চিঠিতে তাঁর সেই মনোবাঞ্ছার প্রকাশ ঘটেছে এভাবে: ‘আগামী ১৯শে অক্টোবর (১৯৬৭) ইউনিভার্সিটি খুলবে। সেই দিন ছাত্রছাত্রীদের সঙ্গে আমার প্রথম আলাপ হবে। দোয়া কোরো, আমি কলেজ জীবনে যেমন সুনামের সঙ্গে অধ্যাপনা করে এসেছি, বিশ্ববিদ্যালয়ে যেন সেই সুনাম অক্ষুণ্ন রাখতে পারি।’১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ২০ সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে রাশীদুল হাসানকে। ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কথা বলেন, দেশপ্রেমের কথা বলেন। চিরদিনের শান্ত, সৌম্য মানুষটি হানাদার বাহিনীর কাছেও এই সত্য স্বীকার করেছিলেন। মৃত্যু-শঙ্কা আছে জেনেও তিনি বলেছিলেন, ‘একজন শিক্ষক হিসেবে তিনি যা বলেছেন, ঠিক বলেছেন। এটাকে তিনি তাঁর কর্তব্য বলে মনে করেন। দেশের এই সংকটে একজন শিক্ষক হিসেবে এটাকে তাঁর অবশ্য পালনীয় দায়িত্ব বলে মনে করেন।’এরপর ১২ দিন নাজিমউদ্দীন রোডের জেলখানায় আটক রাখা হয় রাশীদুল হাসানকে। নানা প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, পশ্চিম পাকিস্তানিদের অন্যায়-অত্যাচারের সাফাই গাওয়ার জন্য ও তাদের পক্ষে মিথ্যে বিবৃতি দেওয়ার জন্য। কিন্তু দেশপ্রেমের প্রশ্নে আপসহীন আর সত্যের পথে অবিচল রাশীদুল হাসানকে দিয়ে এই কাজটি করানো সম্ভব হয়নি। তাঁকে কাফের, মুরতাদ, নাস্তিক নানা ফতোয়া দেওয়া হয়। দেশদ্রোহীর তকমা লাগিয়ে দেওয়া হয় তাঁর নামের সঙ্গে। কিন্তু তাঁর সুললিত কণ্ঠে কোরআন শরিফের সূরা রাহমান-এর পাঠ শুনে মুগ্ধ ও বিস্মিত হয়ে পাকিস্তানি এক মেজর জেলখানা থেকে ছেড়ে দেন তাঁকে।মুক্তজীবনে ফিরে এসে আবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া শুরু করেন। বন্ধু আর স্বজনদের অনেকেই নিষেধ করেন। কিন্তু চেতনা যাঁর নায়কোচিত পৌরুষতুল্য, তিনি তো থেমে যাওয়ার কিংবা দমবার মানুষ নন। শহীদ হওয়ার মাত্র দুই দিন আগে, ১২ ডিসেম্বর ১৯৭১ সালে একটি কবিতায় তিনি লিখেছেন: আমাদের রাত্রিগুলোআমাদের রাত্রিগুলো মাছের পেটের মতনসারা রাত আমরা সব জান-নূন হয়ে আছিআমাদের প্রার্থনার ধ্বনিতোমার প্রাণে কী পৌঁছাবে?আমরা সবাই আজ প্রার্থনার মতোআমরা সবাই আজ প্রতীক্ষারবিগলিত মুহূর্তের ধারাআমাদের রাত্রিগুলোইস্রাফীলের শিঙ্গা হয়ে ঝরেআমাদের রাত্রিগুলোভয়ঙ্কর ঝড়ের মতনহলুদ পাতার মতো আমরা সব ঘুরপাক খাইআমাদের প্রার্থনার ধ্বনিতোমার প্রাণে কি পৌঁছেনি?রাশীদুল হাসানের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা। যাঁর বিখ্যাত উপন্যাস রাইফেল রোটি আওরাত-এর সাক্ষী ছিলেন মাত্র দুজন মানুষ। তাঁরা হলেন রাশীদুল হাসান ও তাঁর স্ত্রী বেগম রোকাইয়া রশীদ। আলবদর বাহিনীর হাতে দুই বন্ধু ধৃতও হন একই সঙ্গে। এবং একত্রেই নির্মম মৃত্যুর শিকার ও সমাহিতও হন। মুক্তিযুদ্ধ চলাকালে রাশীদুল হাসান নিয়মিত ডায়েরি লিখতেন। আর বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় কবিতা, প্রবন্ধ গানসহ ইত্যাকার বিষয়ে লেখালেখি করতেন। দুঃখজনক হলো, এসবের সামান্য কিছুই উদ্ধার করা সম্ভব হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ডায়েরির পাতাগুলো তিনি কেটে একটি গোপন স্থানে রেখেছিলেন, যা পরে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাপ্ত অংশে ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত দিনপঞ্জি লেখা রয়েছে, তারপরের পৃষ্ঠাগুলো কাটা। অবশ্য ডায়েরির অংশগুলো পাওয়া না গেলেও অন্যান্য লেখালেখির নিদর্শন ১২ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যায়। এখন পর্যন্ত উদ্ধারকৃত অপ্রকাশিত দুটি ডায়েরি, চারটি লেখালেখির খাতা ও বেশ কটি চিঠি এবং অগ্রন্থিত কিছু লেখা নিয়ে তাঁর লেখালেখির পরিমাণ অপ্রতুল হলেও সেখানে একজন সৎ সজ্জন খাঁটি দেশপ্রেমিক মানুষের চিত্রই প্রতিফলিত হয়। ৭ মার্চে উপস্থিত হয়েছিলেন রমনায় বঙ্গবন্ধুর জনসভায়। ডায়েরিতে যার সাক্ষ্য মেলে এভাবে: ‘...এতো লোক রমনার মাঠ কখনো দেখে নি। পনর লক্ষাধিক হবে। অসংখ্য স্বেচ্ছাসেবক বাঁশের লাঠি হাতে এসেছেন। স্বাধীনতা ও সংগ্রামে শপথ-স্লোগানে মুখরিত সভা। কোথাও পাকিস্তানী পতাকা নেই। স্বাধীন বাঙলার সুন্দর পতাকায় সভা শোভিত। এমন কখনো দেখেনি!!’স্বাধীন বাংলাশে ও তার স্বাধীন পতাকা কোনোটাই দেখে যেতে পারেননি অধ্যাপক রাশীদুল হাসান। পাকিস্তানি হানাদার বাহিনী ও তার এ দেশীয় দালাল আলবদরদের হাতে স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে নির্মমভাবে নিহত হন তিনি। তিনি জীবদ্দশায় যেমন ছিলেন নেপথ্য নায়ক, তেমনি মৃত্যুর পরে নেপথ্য নায়ক হিসেবে আজও স্মরণীয় হয়ে আছেন। ঋণস্বীকার১. রোকাইয়া হাসিনা নীলি ও শহীদ বুদ্ধিজীবী রাশীদুল হাসানের পরিবার২. জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ এবং৩. ড. এম এম শহিদুল হাসান