নেবু পাতার টুনটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বাসা বানাল নেবু পাতায়।

কে?

টুনটুনা।

নাচতে নাচতে গাইতে গাইতে

নেবু পাতায় বাসা

আহা কী যে খাসা

টুনটুনি বলল, এমন বাসায় থাকব না।

টুনটুনা বলল, কেন গো?

টুনটুনি বলল, বাসাটা টক!

টুনটুনা বলল, নেবু পাতার বাসা। টক তো হবেই। মিঠা হবে নাকি?

আবার একটা বাসা বানাল টুনটুনা। কাঁঠাল পাতায়।

নাচতে নাচতে গাইতে গাইতে

কাঁঠাল পাতায় বাসা

আহা কী যে খাসা

টুনটুনি বলল, খাসা না কচু। এমন বাসায় থাকব না।

টুনটুনা বলল, কেন গো?

টুনটুনি বলল, বাসাটা তেতো।

টুনটুনা অবাক হলো। বলল, তেতো! কাঁঠাল তো তেতো নয়। মিঠা। বাসা কেন তেতো হবে? বুঝেছি, কাঁঠাল পাতা তেতো।

আরেকটা বাসা বানাল টুনটুনা। কচু পাতায়।

নাচতে নাচতে গাইতে গাইতে

কচু পাতায় বাসা

টলটলে খাসা

টুনটুনি বলল, ধেৎ! বাসা বুঝি এমন হয়?

টুনটুনা বলল, আবার কী হলো?

টুনটুনি বলল, গা চুলকায়।

টুনটুনা বলল, চুলকাবেই তো। কচু পাতার বাসা যে।

আবার বাসা বানাল টুনটুনা। এবার আম পাতায়।

নাচতে নাচতে গাইতে গাইতে

আম পাতার বাসা

আহা কী যে খাসা

টুনটুনি বলল, খাসা না ছাই। এ বাসাও টক। নেবু পাতার বাসার মতো।

টুনটুনা অবাক হলো। বলল, টক! আম তো মিঠা।

টুনটুনি বলল, তুমি বাসা বানাতে জানো না। তোমার সাথে থাকব না।

টুনটুনা বলল, কদিন পর বাসাটা মিঠা হবে। দেখে নিয়ো।

কদিন পর...

গাছের সবুজ আম লাল হলো। কাঁচা আম পাকল। টক আম মিঠা হলো। টক বাসাও মিঠা হলো।

টুনটুনার কথাই ঠিক হলো। ঠিক ঠিক ঠিক।

টুনটুনি খুব খুশি। টুনটুনাও খুশি। এই খুশিতে

টুনটুনি আর টুনটুনায়

সারাটা দিন গুনগুনায়

আমাদের বাসা

সবচেয়ে খাসা