নেরুদা, মৃত্যুর আগে
>চিলির রাষ্ট্রপ্রধান ও বন্ধু সালভাদোর আয়েন্দের মৃত্যুর ১২ দিন পর মারা যান নোবেলজয়ী কবি পাবলো নেরুদাও। মাই লাইফ উইথ পাবলো নেরুদা গ্রন্থে স্বামী নেরুদার শেষ দিনগুলোর স্মৃতিচারণা করেছেন কবিপত্নী মাতিলদা উরুতিয়া। কবির জন্মমাসে মাতিলদার স্মৃতিকথায় নেরুদার শেষ কয়েকটি দিন...

১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর দিনটি শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই। জানালা খোলার পর উজ্জ্বল আলোর ছটা আমার মুখে এসে লাগল। আমাদের বাসার সামনে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ পাথুরে সৈকতে এসে আছড়ে পড়ছিল, কিন্তু সেদিন সকালে তা যেন বিশেষ নিষ্পাপতা নিয়ে দোল খাচ্ছিল। আকাশ ছিল শান্ত, আমার বাগানের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল এক হালকা বাতাস। মনটা ছিল খুশি খুশি। আকাশে রোদ ছিল, তাই আমি হাসছিলাম। সেই সকালের কোনো কিছু দেখেই মনে হয়নি, সামনে বিপর্যয় আসতে যাচ্ছে। এমন একটিও লক্ষণ ছিল না, যা দেখে বোঝা যায়, আমাদের পুরো জীবনধারাই ছিল শেষ হওয়ার পথে, আমরা ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে ছিলাম অতল গহ্বরের মুখে।
আমরা খুব অধীর আগ্রহে ১১ সেপ্টেম্বর দিনটির জন্য প্রতীক্ষা করছিলাম। সেদিন অনেক প্রকল্পই শেষ হওয়া কথা ছিল, যেগুলো নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করছিলাম। চিলির প্রেসিডেন্ট সালভাদোর আয়েন্দের বিচারমন্ত্রী সার্জিও ইনসুনজার আগমনের অপেক্ষা করছিলাম আমরা, তিনি ছিলেন আমাদের আইনজীবী ও প্রিয় বন্ধু। পাবলো নেরুদা ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য কিছু নথিপত্র নিয়ে আসার কথা ছিল তাঁর, সঙ্গে পাবলোর উইল ও পুনতা দে ত্রালকায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নকশাও নিয়ে আসার কথা ছিল। সই-স্বাক্ষর করার জন্য সবকিছু ছিল প্রস্তুত। আমাদের আরেক বন্ধু ফারনান্দো অ্যালেগ্রিয়ার আমাদের ইসলা নেগ্রার বাড়িতে আসছিল। ফারনান্দো ছিল ভোজনবিলাসী, ফলে আমি বেশ খাটাখাটনি করে বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিলাম। আমরা আশা করছিলাম, হোসে মিগুয়েল ভারাসও শিগগিরই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। পাবলোর সবচেয়ে প্রিয় উপহার নিয়ে আসার কথা ছিল তাঁর, সেটা হলো নতুন ছাপা বই। প্রকাশক কুইমান্তোর সেদিনই পাবলোর বই চ্যানসন দে জেসতের নতুন মুদ্রণ বের করার কথা ছিল। এটা হওয়ার কথা ছিল এক কর্মব্যস্ত দিন, সেদিন আমাদের বহুদিনের পরিশ্রমের ফসল উদ্যাপন করার কথা ছিল।
আমরা যা সব সময়ই করি, আরেকটি পুরো দিনের খুঁটিনাটি নিয়ে খুব তৃপ্তির সঙ্গে আলোচনা করছিলাম আমরা। খবর শোনার জন্য রেডিও চালু করলাম। আর তারপরই সবকিছু বদলে গেল।
রেডিওতে শুনলাম এক ভয়ংকর খবর, আর সেটা পরিবেশনও করা হলো যেন এলোমেলোভাবে। রাজধানীতে এক অভ্যুত্থান হয়েছে। হঠাৎ করেই আয়েন্দের কণ্ঠস্বর শোনা গেল। খুবই বিস্ময়ভরা চোখ নিয়ে আমার দিকে তাকাল পাবলো। আমরা এক বিদায়ী ভাষণ শুনছিলাম। আয়েন্দের কণ্ঠ সেবারই আমরা শুনলাম শেষবারের মতো।
‘শেষ’ খুবই হতাশাভরা কণ্ঠে পবালো বলল। আমি একমত না হয়ে বললাম, ‘এটা সত্য নয়, এটা সামরিক বাহিনীর আরেকটি হুমকি, মানুষ এটা মেনে নেবে না।’
সেদিনের স্মৃতিচারণা করার সময় তখন যা ঘটেছিল, তার চিত্র মনে করা খুবই কঠিন ব্যাপার। মূলত তখন যা ঘটছিল, আমি তার মুখোমুখি হতে পারছিলাম না। সবকিছু মেনে নেওয়ার মতো আশাবাদী হওয়া কি মানুষের পক্ষে সম্ভব? আমি যা দেখছিলাম ও শুনছিলাম, তা আমার গভীরতম আশা ও আকাঙ্ক্ষার বিপক্ষে যাচ্ছিল। ঘটনার পরিক্রমা বুঝতে পারছিলাম না আমি, তবু পাবলোকে আশ্বস্ত করছিলাম আশাবাদী হওয়ার ব্যাপারে।

হঠাৎ আমি পাবলোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম, ওর কিছু আচার-আচরণ অদ্ভুত ঠেকল আমার কাছে। পাবলোকে আমি যোদ্ধা হিসেবেই জানতাম, কিন্তু ওর আচরণে তেমনটা মনে হচ্ছিল না। বুঝতে পারলাম, এক অজানা হতাশা পেয়ে বসেছে ওকে, চোখের ওপর যেন মিহি স্বচ্ছ প্রলেপ পড়ে গেছে। তাকে জিজ্ঞেস করলাম, নাশতা করবে? কিন্তু ওর মনোযোগ ভিন্ন দিকে নেওয়া ছিল দুঃসাধ্য। পাগলের মতো রেডিও ঘুরিয়ে ঘুরিয়ে সান্তিয়াগোসহ বিভিন্ন দেশের রেডিও শুনতে লাগল পাবলো। এরপর আর্জেন্টিনার বাইরের রেডিও মেনডোজা থেকে আমরা জানতে পারলাম, আয়েন্দে মারা গেছেন। বিদেশি পত্রিকা জানিয়েছে, তাঁকে লা মনেডায় মেরে ফেলা হয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। সান্তিয়াগো রেডিও জনগণকে প্রেসিডেন্টের মৃত্যুর খবর দেওয়ার আগে সময় নেবে।
আমরা একা ছিলাম, আর সেই একাকিত্বের বেদনাও ছিল প্রবল। আমার শুধু খবর শুনছিলাম। খবরে জানলাম, কেউ রাস্তায় বেরোতে পারছে না, আর যারা আদেশ অমান্য করবে, তাদের গুলি করে মারা হবে। সেটাই ছিল প্রথম সামরিক ডিক্রি।
পুরো চিলিই ছিল এক রকম গৃহবন্দী। ওদিকে আমার মনে ছিল এক খ্যাপাটে আশা—খবরে জানব, অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া হয়েছে। কিন্তু আমি ভুল ছিলাম। আর পাবলোর অন্তর্জ্ঞান ছিল বরাবরের মতো ভবিষ্যৎসূচক, সে অনেক সময়ই ঠিকমতো সব বুঝতে পারত। এবারও তা-ই হলো, সেটা ছিল শেষ। উবে গেল মানুষের আনন্দ এবং সমতা ও ন্যায়বিচারের আশা। পাবলোর সবচেয়ে বড় আশা, যার জন্য সে সারা জীবন কাজ করেছে, হঠাৎ করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ব্যাপারটা যেন এ রকম, সে অবসর সময়ে তাস দিয়েই ঘরটা বানিয়েছিল। সারা দিন আমরা জার্মানি, স্পেন ও ফ্রান্স থেকে ফোন পেলাম, সবাই পাবলোর খবর জানতে চায়। বিদেশি পত্রিকা বলেছিল, পাবলো মারা গেছে। আমি আমার বন্ধুদের আশ্বস্ত করলাম, পাবলো বেঁচে আছে। কিন্তু কী ভুল ছিলাম আমি, পাবলো তো ভেতরে ভেতরে মরে গিয়েছিল, ভেঙে পড়েছিল। সংগ্রামের যে অপরিমেয় সাহস ওর ছিল, সেটা শেষ হয়ে যায়। সে তো সারা জীবন দারিদ্র্য দূরীকরণের জন্য লড়েছে ও স্বপ্ন দেখেছে। তার আশা ছিল, মানুষ কিছুটা হলেও সমতা লাভ করবে। সে এই মহান কারণের জন্য জীবন ও কলম উৎসর্গ করেছিল। অনেকবারই ও জীবনের ঝুঁকি নিয়েছিল, সাবেক প্রেসিডেন্ট গঞ্জালেজ ভিদেলার দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, যাকে আমরা স্বৈরশাসক মনে করতাম। তবে জালেম বলতে কী বোঝায়, সে সম্পর্কে ধারণাই ছিল না আমাদের।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সারা দেশ চষে বেড়িয়েছি আমরা। কখনো কখনো সবচেয়ে কষ্টকর পরিস্থিতিতে আমাদের ভ্রমণ করতে হয়েছে, যে নির্বাচনে আয়েন্দে প্রেসিডেন্ট নির্বাচিত হন। চিলির এমন কোনো শহর নেই, যেখানে পাবলো বক্তৃতা দেয়নি। ওকে আমি সব সময় প্রাণোচ্ছল ও উৎসাহী দেখেছি। ও মানুষের সঙ্গে কথা বলত, ঘুমন্ত ও নিয়তিবাদী দরিদ্র মানুষকে জাগানোর চেষ্টা করত, যারা শূন্য হাতেই সন্তুষ্ট থাকে। আমরা দক্ষিণের অনেক ছোট ও হতাশাজনক শহর সফর করেছি। আর্কিপেলাগোর পাতাগোনিয়ায় আমরা ভিজে জবজবে ঠান্ডা শরীর নিয়ে পৌঁছালাম। দক্ষিণের সেই বৃষ্টিপ্রবণ এলাকায় দারিদ্র্য খুবই ভয়ংকর। তাদের না ছিল উষ্ণ কাপড়, না ছিল খাবার; খুব কম মানুষই সে পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে। সবাই নিজের জন্য—এই মনোভাবই মানুষের চরিত্রকে প্রভাবিত করে। সম্ভবত সেই ঠান্ডা আবহাওয়া ওদের হৃদয়কেও ঠান্ডা করে তুলেছিল। পাবলো তাদের সেই অবস্থায় দেখতে ঘৃণা করত, যারা জীবন থেকে একরকম বিদায় নিয়েছে, যাদের মানুষের বানানো নিষ্ঠুর ভবিতব্যের বিরুদ্ধে বিদ্রোহ করার দম নেই।
আমরা উত্তরেও গিয়েছি, সেখানকার দারিদ্র্য আবার অন্য রকম। চিলির উত্তরাঞ্চলের মানুষদের মুখ বাদামি রঙের, তারা কঠিন জীবনযাপনে অভ্যস্ত। তাদের প্রকাশভঙ্গি খুবই দিলখোলা প্রকৃতির, তারা আরও বেশি বহির্মুখী, দক্ষিণের মানুষের তুলনায় অনেক বেশি লড়াকু। সে কারণে ওখানে শ্রমিকদের ধর্মঘটে নির্বিচারে হতাহত করা হয়েছে। উত্তরের মানুষদের সঙ্গে পাবলোর বেশ ভালো যোগাযোগ ছিল। ও বলত, ‘যখন মানুষ পর্যাপ্ত শিক্ষা লাভ করবে, যখন শিশুদের ১২ বছর বয়সে কাজ করতে হবে না, তখন আমাদের দেশটি সত্যিই মহান হবে। আমাদের অনেক সম্ভাবনা রয়েছে।’ তাঁর চোখ আর্দ্র হয়ে উঠত। সে আমাকে বলত, ‘মানুষ যখন জানবে তাদের অধিকার আছে তখন দেখবে, কত কিছু অর্জন করা যায়। এখন তাদের শতাব্দী-প্রাচীন ঘুম থেকে জেগে উঠতে হবে।’
এসব স্মৃতি বর্তমান মুহূর্তের নিদারুণ যন্ত্রণাকে আরও তীব্র করে তুলেছে। আমার মনে হয়, আশাহীনতার এক শক্তিশালী বোধ পাবলোকে গ্রাস করেছিল। সে যেন হঠাৎ করেই অনুধাবন করেছিল, সে যা করেছে তা অর্থহীন, এর চেয়ে অনেক বড় শক্তি তার বিশেষাধিকার রক্ষা করছিল। এরপর আমাদের নিজেদের মনে হচ্ছিল ছোট ও আত্মরক্ষাহীন।
আমরা একা, পৃথিবীর তিক্ততা অনুভব করছিলাম। আয়েন্দেকে হত্যা করা হয়েছে, আর ক্যাপিটল ভবন পুড়ছিল আগুনে। খুব শিগগিরই টেলিভিশনে আমরা আগুন ও ধোঁয়া দেখলাম, রাজধানী শহরে ধ্বংসযজ্ঞ দেখলাম, আর নিজেদের আমরা জিজ্ঞেস করলাম: চিলির নাগরিকেরা কোথায় গেল?
টেলিভিশনে আমরা দেখলাম, রাষ্ট্রপতি প্রাসাদে হামলা চালানো হয়েছে, মানুষ সেখানে ঢুকে সব লুটপাট করছে, ঝুড়িতে করে কাপড় নিয়ে যাচ্ছে, সেই কাপড় মাটিতে পড়ে যাচ্ছে। আমরা বিস্মিত হয়ে গিয়েছিলাম, কীভাবে এসব ঘটছে। আর ওদিকে সান্তিয়াগোতে যে আমাদের বাড়িতেও লুটপাট হয়েছে, বাড়ি ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে—এই খবর আমরা টিভিতে দেখিনি, এমনকি তা কল্পনাও করতে পারিনি।
বিকেলের দিকে পাবলোর জ্বর আসে। অনেক কষ্টের পর সান্তিয়াগোতে ওর চিকিৎসককে ফোনে পেলাম, তিনি একটা ইনজেকশনের কথা বললেন। আবার খুব সরলভাবে পরামর্শ দিলেন, ওকে যেন দিনের খবর না জানানো হয়, এতে ওর প্রভূত ক্ষতি হবে। আমি কীভাবে তা রোধ করতাম? আমাদের ঠিক সামনেই একটি টিভি ছিল। ক্যাপিটলে আগুন জ্বলার দৃশ্য সব সময়ই ছিল আমাদের চোখের সামনে। আমরা ট্যাংক দেখতে পেলাম। দেখলাম, পুলিশ শত শত মানুষকে ধরে রাস্তার ওপর উপুড় করে শুইয়ে রেখেছে, হয়তো তারা ছিল নিছক পথচারী। আরও দেখলাম, অ্যাম্বুলেন্স-ভর্তি আহত মানুষ। কোনো সন্দেহ নেই, এটা খুবই পরিকল্পিত একটা ব্যাপার ছিল, যার লক্ষ্য ছিল আমাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। সামরিক আদেশ ক্রমাগত আসছিলই, কেউই রাস্তায় বোরোতে পারছিল না। পুরো চিলিই যেন গৃহবন্দী হয়ে পড়েছিল। যে বোরোনোর চেষ্টা করবে, তাকেই মারা হবে গুলি করে।
আমি বেপরোয়া হয়ে উঠেছিলাম। ওদিকে পাবলো ক্রমেই আরও উত্তেজিত হয়ে উঠছিল, ও খেতে চাইত না, ইনজেকশন দিতে হতো ওকে। পাশের শহর থেকে নার্স খুঁজে আনতে পুলিশ সহায়তা করতে পারবে, এই বিশ্বাসে পার্শ্ববর্তী থানায় যাই আমি, সেটি ছিল পাশের শহর কুইসকোতে। কর্মকর্তারা শীতল ভঙ্গিতে দূরত্ব বজায় রেখে আমার কথা শুনলেন। সে সময় একটি জীবনের তেমন গুরুত্ব ছিল না, কারণ প্রতি মিনিটেই ঝরে পড়ছিল শত শত জীবন। আমাকে বিস্মিত করে দিয়ে তাঁরা বললেন, পুলিশ কাউকে নিরাপত্তা দিতে পারবে না, তবে আমি নিজের মতো করে নার্স খুঁজে নিতে পারি। এর মানে হলো, জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে বের হওয়া। অগত্যা নিজেই বেরিয়ে এল টাবোর রোসিটা নামের দারুণ এক নার্সকে খুঁজে বের করলাম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেগ্রায় এসে পাবলোর সেবা করল সে।
১৪ সেপ্টেম্বর কিছুটা সুস্থবোধ করছিল পাবলো। ও বলল, আমাকে দিয়ে কিছু লেখাবে, সঙ্গে সঙ্গে কাগজ-কলম নিয়ে ওর পাশে বসে পড়লাম আমি। পাবলো ওর আত্মজীবনীর শেষ অংশ লেখা শুরু করল। ওর পাশে বসে কিছুটা স্বস্তিবোধ করলাম, সেই ১১ সেপ্টেম্বর থেকে তো উত্তেজনা চলছেই।
চেঁচামেচির শব্দে আমাদের বিঘ্ন ঘটল। এই বিচ্ছিন্ন জায়গায় কে আসতে পারে? গাড়িচালক হন্তদন্ত হয়ে এসে বলল, ‘রেইড শুরু হয়েছে, তিনটি বড় সামরিক গাড়ি আসছে এদিকে।’ আমি খুবই ভয় পেলে গেলাম, না রেইডের জন্য নয়, আমার হাতে ধরা পাবলোর শ্রুতিলিপির জন্য। আমাদের শোবার ঘরে বিশালাকৃতির এক কাঠের গামলা ছিল, ত্রস্ত হাতে ওই বেআইনি পাণ্ডুলিপি গামলায় ফেলে দিলাম আমি; নিচে গিয়ে কথা বললাম অপ্রত্যাশিত অতিথিদের সঙ্গে। তাদের মধ্যে একজন ছিল কুইসকোর পুলিশপ্রধান, তাকে আমি চিনতে পারলাম। ভীত ও লজ্জিত মনে হচ্ছিল তাকে। তাদের কাছে জানতে চাইলাম, কোথা থেকে খোঁজা শুরু করতে চায় তারা? তারা বলল, ‘আপনি যেখান থেকে চান।’ আমি তাদের সোজা আমাদের শোবার ঘরে নিয়ে এলাম। পাবলো তখনো বিছানা ছেড়ে উঠতে পারেনি। শোবার ঘরে গিয়ে কাঠের গামলার দিকে তাকালাম আমি, না, ওখানে পাণ্ডুলিপি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু তারা যদি তন্নতন্ন করে সব তল্লাশি করে? সৌভাগ্যবশত, তারা সেটা করেনি। পাবলো তাঁদের বলল, ‘আপনাদের যা করার, তা করুন। আমার স্ত্রী আপনাদের সহায়তা করবে।’ শোবার ঘড় ছেড়ে লাইব্রেরিতে গেলাম, সেখানে হাজার হাজার সংগৃহীত বস্তু ও বই ছিল। পুলিশ কর্মকর্তারা খুব আগ্রহভরে এসব দেখল, কিন্তু কোনো কিছু ধরার সাহস পেল না। একজন মেঝেতে পা ঠুকে জানতে চাইল, এ বাড়ির কোনো ভূতল প্যাসেজ আছে কি না।
তাকে উত্তর দেওয়ার সুযোগ আর আমি পেলাম না। এর মধ্যেই আমাদের তরুণী গৃহরক্ষক

ভয়ার্ত মুখে এসে বলল, ‘আসুন ম্যাম, তারা গাড়িচালকের হাতে হাতকড়া পরিয়ে বসিয়ে রেখেছে, তাকে কী জিজ্ঞেস করছে, আমি জানি না।’ কী হচ্ছে, তা দেখার জন্য আমি তাদের অনুমতি চাইলাম। প্যাটিওউতে (উঠোন) বেরিয়ে আসার সময় দেখলাম, না, এই রেইড ছেলেখেলা নয়, সৈনিকেরা আমাদের বাড়ি ঘিরে রেখেছে। এমনকি ছোট একটি মাছিও বেরোতে পারবে না তাদের নজর এড়িয়ে। তারা কী ভেবেছে, আমাদের বাড়িতে কবিতা ছাড়া কী পাবে, যদিও কবিতা শক্তিশালী অস্ত্র, আবার তারা সেটা জানে জানে বলেও মনে হয় না। এই রহস্যের মুখোমুখি হয়েছিলাম আমরা, কারণ সবচেয়ে উদ্ভট ব্যাপারগুলোই ঘটছিল।
গাড়িচালকের ঘরে গিয়ে আমি এমন এক হাস্যকর পরিস্থিতির মুখোমুখি হলাম, অন্য সময় হলে হয়তো হাসতে হাসতে গড়িয়ে পড়তাম। রেইড শুরু হওয়ার পর পুলিশ আদেশ দেয়, যে যেখানে আছে তাকে সেখানেই থাকতে হবে। কয়েক মিনিট পর চালক যখন ভেবেছে, তাকে কেউ দেখবে না, তখন সে দৌড়ে নিজের ঘরে যায়। কণ্ঠে অবিশ্বাস নিয়ে তাকে বললাম, ‘তোমাকে সেখানে যেতে হয়েছিল কেন?’ লজ্জায় লাল হয়ে সে বলল, ‘সকালে অন্তর্বাস ও মোজা ধুয়ে বাথরুমেই ঝুলিয়ে রেখেছিলাম, আমি চাইনি, তারা যখন ঘর তল্লাশি করবে, তখন আপনি সেগুলো দেখেন।’
এই হাস্যকর ঘটনার জন্য সে তার জীবন হারাতে পারত। এই ঘটনা ছাড়া পুলিশ তল্লাশিটা বেশ সম্মানের সঙ্গে করেছে, বিশেষ করে অন্য ঘটনাগুলোর তুলনায়, যেখাসে সেনারা লুটাপাট করে, অযথা নৃশংস আচরণ করে।
ওসব ঘটনায় আমার পাঞ্চো ভিলার দিনগুলোর এক মেক্সিকান কৌতুকের কথা মনে পড়ে যায়, যে কৌতুক শুনে আমি বহুবার হেসেছি: ‘প্রস্তুত হও, গুলি করো, তাক করো!’
আলেক্সানদ্রিয়া গিয়ারদিনোর ইংরেজি অনুবাদ থেকে বাংলায় ভাষান্তর করেছেন প্রতীক বর্ধন