আদতেই আমি একজন আশাবাদী মানুষ।
কীভাবে এটা ঘটে আমি জানি না, প্রকৃতি থেকে নাকি
পরিচর্যায় পাওয়া, আমি বলতে পারব না।
আশাবাদের কিছু ছেঁড়াখোঁড়া টুকরো অংশ,
সূর্যের দিকে মাথা উঁচু করে তুলে রাখতে সাহায্য করে,
একটু একটু করে পা সামনের দিকে এগোয়।
প্রায়ান্ধকার অনেক মুহূর্ত আসে, যখন
মানবতার প্রতি আমার প্রত্যয় আর প্রত্যাশা শুধু টোল খায়,
কিন্তু আমি কখনোই নিজেকে নিরাশ্বাস হতাশার কাছে সমর্পণ করি না।
কেননা আমি জানি ওখানেই তো আছে পরাজয়, আছে মৃত্যু।
স্বাধীনতা মানে শুধু শৃঙ্খলমুক্তি নয়,
স্বাধীনতা হলো মাথা উঁচু করে বাঁচা আর নিজেকে দীপিত রাখা
স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতা।
কখনো পতন ঘটেনি, এটাই বেঁচে থাকার বড় গৌরব নয়
বেঁচে থাকার গৌরব হচ্ছে পতনের মুখে বারবার উঠে দাঁড়ানো।
আত্মতৃপ্তি হচ্ছে বিষপানের মতো আর বিষপানের পরেই
মনে হতে পারে শত্রুর বুঝি বিনাশ ঘটেছে।
আমি হেঁটে দরজা ঠেলে যখন বাইরে যাই,
তখনই মনে হয় আমি বুঝি স্বাধীনতার কাছে পৌঁছে যাব,
আমি জানি তিক্ততা আর ঘৃণাকে পেছনে ফেলে আসতে না পারলে
আমাকে তখনো কারাগারে বন্দী থাকতে হবে।
খণ্ডিত স্বাধীনতা বলে কিছু নেই।
মানুষটি যে ভাষা বোঝে, তুমি যদি সেই ভাষায় কথা বলো,
তাহলে তোমার কথাগুলো তার মাথায় ঢুকে যাবে।
কিন্তু তুমি যদি ঠিক ঠিক তার নিজের ভাষায় কথা বলো,
তাহলে তা ঠাঁই পাবে তার হূদয়ে।