নৈঃশব্দ্যের নোনা অভিঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিলারা বেগম জলি বাংলাদেশের শিল্পভুবনে একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। সৃজনের প্রতি অবিচল বিশ্বাস ও আস্থা নিয়ে ক্যানভাসকে বাঙ্ময় করে তুলছেন প্রতিনিয়ত। শিল্পের রহস্যময় পথ, আনন্দময় অভিযাত্রা অতিক্রম করেছেন সাবলীল সতর্কতায়; কখনো পাশে ছিলেন মা আবার কখনো জীবনসঙ্গী শিল্পী ঢালী আল মামুন। তবে তাঁর শিল্প-সৃজনে মূলত তিনি একা। তাঁর বলার ধরন, ভাষা, পথ এবং গন্তব্যের নিশানায় নৈঃশব্দ্যের সঙ্গেই যাবতীয় বিনিময়। সময়ের পথ পাড়ি দিতে দিতে শিল্পের বিবিধ ছন্দে নতুন জগৎ নির্মাণ করেন প্রতিনিয়ত। অবচেতনের সিঁড়ি বেয়ে নেমে গিয়েছেন, রং-রেখা-ইমেজের স্বাধীনতায় জন্ম দিয়েছেন অভিব্যক্তির অবারিত দিগন্ত। পাহাড়-সমুদ্র আর সবুজ বনানীর শহর চট্টগ্রাম। আঁকাবাঁকা উঁচু-নিচু পথ, বিশালত্বের গাম্ভীর্যে পরিপূর্ণ গাঢ় সবুজ পাহাড়, উত্তাল সমুদ্রের হাওয়ায় চিত্রপটে কতটুকু রং লাগালে শিল্পীর আবেগ-অনুভূতি উজ্জ্বল আলোয় ঝলমল করবে, শিল্পী জলি তা-ই হয়তো ভাবছিলেন। চিত্রভাষার নতুন বিনির্মাণে গতিশীল চেতনাকে সানন্দে প্রশ্রয় দেন তিনি। সমাজ-সংসার-কল্পনার মায়াজালে মিতালি করে নিয়েছেন অভিজ্ঞতা আর বাস্তবতার সঙ্গে। নাগরিক সভ্যতায় তিনি নিজের অবস্থান, সম্ভাবনা-স্বপ্ন নিয়ে বিরামহীনভাবে এগিয়ে চলেছেন। তবে এই দীর্ঘ ৩০ বছর অক্লান্ত পরিশ্রমে নিজের অবস্থান সুদৃঢ় হলেও তিনি খানিকটা বিষণ্ন এ সময়ের চট্টগ্রামের তরুণ শিল্পীদের নিয়ে, ‘যারা রাজধানীর বাইরে বলেই সুবিধাবঞ্চিত। অথচ দক্ষতা-যোগ্যতা বা মেধা কোনো বিচারেই তাঁরা পিছিয়ে নেই। তাহলে কী করে ভাবব আমাদের শিল্পচর্চা এগিয়ে যাচ্ছে?’ সবকিছুর কেন্দ্রমুখিতা কিংবা ঢাকাকে কেন্দ্র করে শিল্প-সাহিত্যের ক্রমাগত আবর্তন কোনো শুভ লক্ষণ নয়। চট্টগ্রামের মতো বাণিজ্যিক শহরও এমন অবহেলার শিকার হলে অন্যান্য প্রান্তিক অঞ্চলের কথা বলাই বাহুল্য।চট্টেশ্বরীর রাস্তা দিয়ে কিছুটা এগোলেই কালীমন্দির; এর বিপরীতে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় মাথা তুলে দাঁড়িয়ে আছে এক সুউচ্চ ভবন। এই ভবনে শিল্পী দিলারা বেগম জলির স্টুডিও। পুরো অ্যাপার্টমেন্টের নকশা শিল্পীযুগল নিজেদের রুচি অনুযায়ী সাজিয়েছেন। পর্যাপ্ত দিনের আলো প্রবেশের পথ, দরজা খুলেই বিশাল খোলা জায়গা, বসার আয়োজন—পাশে দেয়ালজুড়ে জানালা, সবুজ প্রকৃতি যেন ঘরে ঢুকে পড়েছে মানিপ্ল্যান্ট-ক্যাকটাসের মধ্য দিয়ে আর ব্যাকগ্রাউন্ডে দিগন্তের অবারিত হাতছানি। দেয়ালে নতুন-পুরোনো পেইন্টিং, অ্যান্টিকস, দুর্লভ সব শোপিস, ভাস্কর্য, মুখোশ—কোনো প্রাচীন সভ্যতার বিবিধ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়, প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শনের পাশ দিয়ে যেন আনমনে হেঁঁটে যাওয়া। এর পাশেই শিল্পীর ছবি আঁকার ঘর। সদ্য রং লাগানো একটি ক্যানভাস। কালার প্যালেটে রঙের ছড়াছড়ি, ভেজা ব্রাশ, রঙের টিউবগুলো এলোমেলো, পানির পাত্র—শিল্পী মাত্রই উঠে অন্য কোনো কাজে গিয়েছেন বলে মনে হয়। স্টুডিওতে ছবি আঁকার নানা সরঞ্জাম, ইজেল, কালি, তুলি, চারকোল, কাগজ, ভাস্কর্য তৈরির জন্য উপকরণে অজানা অনামা শিল্পের জন্ম নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে; যেকোনো মুহূর্তে জন্ম নেবে সদ্যোজাত শিল্পকর্ম।শিল্পী জলির অনুপ্রেরণা ও আদর্শ প্রকাশবাদী শিল্পী দীপা হক। তাঁর ভাবনা-চৈতন্যের বলিষ্ঠতা গভীরভাবে আকৃষ্ট করে জলিকে। তিনি প্রকৃতি থেকেও উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন বীজ, সবজির অভ্যন্তরীণ আকার-আকৃতি, নকশা, ক্যাকটাস—অর্কিডের ফুল, দৈনন্দিন গেরস্থালির উপকরণ থেকে রেখা, গাছের ডালপালা-পাতাকে ব্যবহার করেন ছবিতে। দীর্ঘদিন তিনি কাঁথা ফোঁড়কে ক্যানভাসে নতুনভাবে উপস্থাপন করেছেন। ছবি আঁকার বিষয় হিসেবে তিনি চারপাশের নারীর সমস্যা-ভাবনাতে আবর্তিত রয়েছেন, তবে প্রকাশভঙ্গিতে নানা পরিবর্তন করেন; বারবার ভেঙে বেরিয়ে আসেন শুদ্ধ গড়নের দিকে। শিল্পী দিলারা বেগম জলি ১৯৬০ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। স্থায়ী নিবাস খুলনায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বিএফএ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে ১৯৮৪ সালে এমএফএ। ছাপচিত্র নিয়ে পড়েছেন শান্তিনিকেতনে। দেশে-বিদেশে নানা যৌথ ও একক প্রদর্শনী করেছেন তিনি। এ ছাড়া জাতীয় চারুকলা প্রদর্শনীতে তিনি দুবার পুরস্কৃত হয়েছেন। তিনি শিশুদের ছবি আঁকার পাঠদানের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন।