গ্রিন এনার্জি ফর এ বিলিয়ন পুওর—হাউ গ্রামীণ শক্তি ক্রিয়েটেড এ উইনিং মডেল ফর সোশ্যাল বিজনেস ন্যান্সি উইমার \ ভূমিকা: ড. মুহাম্মদ ইউনূসবাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা, দৈনন্দিন সংগ্রাম ও সাধনা নিয়ে প্রকাশিত দেশি-বিদেশি গবেষকদের লেখা, মূল্যায়ন ও বিশ্লেষণের একটি বড় অংশজুড়ে আছে গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানসমূহ। কেননা এসব প্রতিষ্ঠান দেশের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে যে প্রভূত ভূমিকা রেখেছে তাই নয়, তাদের উন্নয়ন মডেল বর্তমানে বহু দেশ অনুসরণ করছে। ‘ঋণ পাওয়ার অধিকার সবার আছে’—এই তত্ত্ব সামনে রেখেই অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠা করেছিলেন গ্রামীণ ব্যাংক, যা পরবর্তীকালে বিশ্বব্যাপী ব্যতিক্রমী উন্নয়ন মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০০৭ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে এই প্রতিষ্ঠানটি এবং এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস। তবে গত তিন দশকে গ্রামীণ ব্যাংক কেবল গ্রামের দরিদ্র ও নিঃসম্বল নারীদের ঋণ দেওয়ার মধ্যেই তার কর্মপ্রয়াস সীমাবদ্ধ রাখেনি। প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগোষ্ঠীর কাছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাদ্য ও জ্বালানি সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।গ্রামীণ ব্যাংকের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি প্রতিষ্ঠিত হয় ১৯৯৬ সালে। তখন দেশের ৭০ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিদ্যুতের অভাবে তাদের দৈনন্দিন কাজ, ছেলেমেয়েদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য দারুণভাবে ব্যাহত হতো। অন্ধকার গ্রাম আলোকিত করার উদ্দেশ্য নিয়েই গ্রামীণ শক্তি সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস প্রকল্প হাতে নেয়। এটি যেমন পরিবেশবান্ধব, তেমনি অর্থনৈতিকভাবেও সাশ্রয়ী।গ্রামীণ শক্তির কার্যক্রম এবং অবদান নিয়ে গবেষণামূলক বই লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও জ্বালানি বিশেষজ্ঞ ন্যান্সি উইমার। এটি কেবল তাত্ত্বিক বই নয়, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ শক্তির সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করে যে অভিজ্ঞতা লাভ করেছেন তারই ফসল। তাঁর এ অভিজ্ঞতা বাংলাদেশ ছাড়িয়ে প্রতিবেশী নেপাল, ভারত এবং সুদূর হন্ডুরাস, মিসর ও পেরু পর্যন্ত বিস্তৃত।এ বই থেকে আমরা আরও জানতে পারি, প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণ শক্তি এক হাজার ২২৪টি শাখা এবং আট লাখ ৩৯ হাজার ১০৯টি সোলার হোম সিস্টেম, ২২ হাজার ৩৮৮টি বায়োগ্যাস প্ল্যান্ট ও চার লাখ ৭৯ হাজার ৭৪৫টি উন্নতমানের চুলা স্থাপন করেছে। এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রকৌশলী, কারিগর ও কর্মী মিলিয়ে মোট ১০ হাজারেরও বেশি লোক কাজ করছেন। গ্রামীণ শক্তি প্রকল্পের সুবিধা পাচ্ছে ৭০ লাখেরও বেশি মানুষ। প্রতিষ্ঠানটি যেসব বিষয়ের ওপর জোর দিয়েছে সেগুলো হলো: ১. দারিদ্র্য বিমোচন, ২. সর্বজনীন শিক্ষা বৃত্তি, ৩. গ্রামের নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করে তোলা, ৪. শিশুস্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্যসেবা, ৫. টেকসই পরিবেশের নিশ্চয়তা, ৬. গ্রামগুলোকে কারখানাকেন্দ্রে রূপান্তর, ৭. জ্বালানি প্রকল্পের মাধ্যমে গ্রামে বৈপ্লবিক পরিবর্তন আনা, ৮. সামাজিক ব্যবসা হিসেবে পরিচ্ছন্ন উন্নয়নপদ্ধতি প্রয়োগ। গ্রামীণ শক্তি গ্রামের জনগণকে কেবল বিদ্যুতের আলোয় আলোকিত করেনি, তাদের দৈনন্দিন জীবনযাত্রাও বদলে দিয়েছে। বইটি সম্পর্কে ন্যান্সির স্বীকারোক্তি হলো, Story of Grameen Shakti uncovering its remarkable growth its pioneering philosophy and its enter preneurial approach to business.মুহাম্মদ ইউনূস বইয়ের ভূমিকায় লিখেছেন, ‘আমি ন্যান্সি উইমারকে অভিনন্দন জানাই, গ্রামীণ শক্তির কার্যক্রম ও গবেষণায় গভীরভাবে মনোনিবেশ করার জন্য। তিনি গ্রামীণ শক্তির উদ্ভাবনী দর্শনকে চমৎকারভাবে তুলে ধরেছেন। পৃথিবী বদলে দেওয়ার জন্য তরুণেরা কীভাবে কাজ করছে এ বই তারই প্রামাণ্য দলিল।’ এ জন্য আমরাও ন্যান্সি উইমারকে অভিনন্দন জানাই। এ বইয়ে গ্রামীণ শক্তির অভূতপূর্ব প্রবৃদ্ধি, এর অগ্রণী দর্শন এবং সামাজিক ব্যবসা হিসেবে এর অপ্রতিদ্বন্দ্বী প্রাতিষ্ঠানিক উদ্যোগের বিষয়টি আটটি অধ্যায়ে বিবৃত হয়েছে। গ্রামীণ শক্তি প্রথাগত কোনো উন্নয়ন প্রতিষ্ঠান নয়, বরং এটি তারুণ্যের উদ্ভাবনী শক্তির অনন্য দৃষ্টান্ত। এই প্রকল্পে কেবল নবায়নকৃত জ্বালানির বিকাশ ঘটেনি, ঘটেছে মানবশক্তির উদ্ভাবনী চিন্তারও বিকাশ। এ বইয়ে ব্যবসায়িক সাফল্যের কথাই কেবল বিবৃত হয়নি, বিশ্লেষিত হয়েছে সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও।