প রি চি তি

চাবিকাঠির খোঁজে: নতুন আলোকে জীবনানন্দের ‘বনলতা সেন’
আকবর আলি খান
প্রকাশক: প্রথমা প্রকাশন প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
২২৪ পৃষ্ঠা দাম: ৩৫০ টাকা
জীবনানন্দ সম্পর্কে একজন সমালোচক মন্তব্য করেছেন: ‘পৌষের চন্দ্রালোকিত মধ্যরাত্রির প্রকৃতির মতো তাঁর কাব্য কুহেলি কুহকে আচ্ছন্ন।’ অন্যদিকে আরেকজন সমালোচক বলেছেন, তাঁর বক্তব্য বুঝতে চাবিকাঠির প্রয়োজন। বাস্তবে তাঁর কবিতার চাবিকাঠির অন্বেষণের চেয়ে অপব্যাখ্যাই অনেক বেশি করা হয়েছে। এ গ্রন্থে জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থের চাবিকাঠিভিত্তিক বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে চাবিকাঠি ছাড়া তাঁর অনেক কবিতার সম্যক উপলব্ধি সম্ভব নয়।

মুক্তবুদ্ধি ধর্মনিরপেক্ষতা ও সমকাল
শামসুজ্জামান খান
প্রকাশক: কথা প্রকাশ প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি ১৪৪ পৃষ্ঠা দাম: ২০০ টাকা
শামসুজ্জামান খানের প্রবন্ধ সংকলন মুক্তবুদ্ধি ধর্মনিরপেক্ষতা ও সমকাল। এ বইয়ের প্রবন্ধগুলো বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে বাঙালির সংস্কৃতিতে মুক্তবুদ্ধি, ধর্মনিরপেক্ষতা এবং সমকালের বৈচিত্র্যময় গুরুত্বপূর্ণ বিষয়ে লেখকের ভাবনার বিকাশ ও বিন্যাস ঘটিয়েছে।
সহজ কথায়, বইটি ইতিহাসের প্রেক্ষাপটে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মাঝখানে গড়ে ওঠা সেতুটিকে সাবলীলভাবে সবার সামনে প্রদর্শন করেছে।

মিমির নোটবই
আন্দালিব রাশদী
প্রকাশক: প্রথমা প্রকাশন প্রচ্ছদ: মাসুক হেলাল
৮০ পৃষ্ঠা দাম: ১৫০ টাকা
উনিশ-কুড়ি বছরের মেয়ে মিমি। প্রতিদিন নিজের ছোট্ট ঘরের দরজা বন্ধ করে সে তার সন-তারিখবিহীন নোটবইটি নিয়ে বসে। তাতে দিন-তারিখ বসিয়ে নিত্যদিনের মজার মজার কথা, বেদনাঝরানো কাহিনি আর আধো গোপন ঘটনাগুলো এলোমেলোভাবে টুকে রেখেছে। রং চড়ায়নি এতটুকুও। নোটবইতে মিমির প্রতিদিনকার লেখাগুলো শেষ পর্যন্ত একটি ভালোবাসার উপন্যাস হয়ে উঠেছে। আন্দালিব রাশদীর লেখা এ উপন্যাসে আছে এক তরুণীর একান্ত গোপন উপাখ্যান।