পটচিত্রে বাঙালির আত্মরোমন্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের স্বভাবই হলো আঁকা। খুব শৈশবেই মানুষ আঁকিবুঁকি করতে থাকে খেয়ালখুশিমতো। মানব-ইতিহাসের শৈশবেও এমন বৈশিষ্ট্য দেখা গেছে। সময় পরিক্রমায় এই বৈশিষ্ট্য পেয়েছে বিভিন্ন কারণ, করণ-কৌশল ও সৃজনশীল বিকাশমান অধ্যায়। ঐতিহাসিক ধারাবাহিকতার উজ্জ্বল অধ্যায়ে ভিন্ন ভিন্ন জাতিগত, রাষ্ট্রগত, সমাজ ও ব্যক্তিগত সফল ভঙ্গি ও রীতির নিজস্ব চরিত্র বিদ্যমান সংগত কারণেই। ইতিহাস ও ঐতিহ্যের নিজস্বতায় বাংলার প্রায় ৪০০ বছরের পুরোনো পটচিত্রচর্চার ইতিহাস। একসময়কার লোকশিল্পের শক্তিশালী এই মাধ্যমটি শিল্পায়ন-নগরায়ণের উত্তুঙ্গে স্মৃতির অতলে বিস্মৃতপ্রায়। প্রায় বিস্মৃত এই চিত্রশৈলীচর্চা নানা প্রতিকূলতার ভেতর দিয়ে কিছু শিল্পী পরম মমতায় নিজ শিল্প-ভাষা হিসেবে আঁকড়ে আছেন, তাঁদেরই একজন রঘুনাথ চক্রবর্তী। ধানমন্ডির দৃক গ্যালারিতে ২৫ শুরু হয়েছে প্রদর্শনীটি, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এটি ‘শ্রদ্ধা’ শিরোনামে পটচিত্রের তৃতীয় একক চিত্র প্রদর্শনী। ‘পট’ কথাটির উৎপত্তি সংস্কৃত ‘পট্ট’ থেকে, যার অর্থ কাপড়। পটচিত্র কাপড়ের ফালির ওপর। প্রথম দিকে ধর্ম প্রচারে পটচিত্র করা হলেও পরে তা বাংলার পুরাণ ও লোকজ জীবনের নানা গল্প-কাহিনিকেও ধারণ করে এগোতে থাকে। শিল্পী রঘুনাথ চক্রবর্তী অবশ্য প্রদর্শনীতে এসব বিষয়কে বেশ ভালোভাবেই উপস্থাপন করেছেন। ‘মাদার দুর্গা উইথ সন্স’, লর্ড কৃষ্ণাস অ্যামোরাস স্পোর্ট, ‘ক্যানভাস অব গাজি-১’ ইত্যাদি শিরোনামে পটচিত্রের আবহমানকালের অঙ্কন বৈশিষ্ট্য রীতিকে ব্যবহার করেছেন। শুদ্ধ রেখার শক্তিশালী প্রয়োগ ও উজ্জ্বল বর্ণের সমতল বা দ্বিমাত্রিক আকৃতি। চৌকো কাপড়ের ওপর কাগজ সেঁটে আঁকা বাঁধাইকৃত ক্যানভাসে ঐতিহ্যগত ফুল-লতাপাতার নকশা লক্ষণীয়। লাল, হলুদ, সবুজ, নীল, সাদা, মেটে রং অর্থাৎ একসময় পটচিত্রে ব্যবহূত হতো প্রাকৃতিক রং। শিল্পী রঘুনাথ চক্রবর্তী অ্যাক্রিলিকে রঙের সঙ্গে হাতে বানানো রংও ব্যবহার করেছেন। ফিগার অঙ্কনে পটচিত্রের প্রাচীন ঐতিহ্য শুদ্ধতায় রাখার সচেতন প্রচেষ্টা করেছেন শিল্পী। ‘বৈশাখ-বেঙ্গলি নিউ ইয়ার’ ছবিতে দেখা যায় তিনজন রমণী ধান ভানছে, ওপরে একটি পাখি। সবুজ পটভূমির চারপাশে নকশা। এই নারীদের কোমলতা, হলুদ বর্ণের শরীর, সাদা ফোঁটার নকশা—সব চিত্রপট অত্যন্ত যত্নের সঙ্গে নতুন প্রজন্মকে বাংলার প্রাচীন এই শিল্পমাধ্যম ও রীতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সৃষ্টি করে ইতিহাস-সচেতনতা। অবস্থান ও পরিবেশ অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠী নিয়ে পটচিত্রের আরেকটি বৈশিষ্ট্য আগে ছিল, যেটিকে সাঁওতাল উপজাতির জন্মকথা ও তাদের ‘চক্ষুদান’ নামে আলাদা করা যায়। শিল্প রঘুনাথ চক্রবর্তীও পিঠে সন্তান নেওয়া পাহাড়ি রমণী এঁকেছেন। শুধু পেঁচা ও ময়ূরকে দেশজ রং নকশায় তুলে ধরেছেন। মূল চরিত্রের তুলনায় ক্ষুদ্রাকৃতি অন্যান্য চরিত্রের উপস্থাপন ঐতিহ্যের ধারাবাহিক পরিপ্রেক্ষিত রীতি। বাংলাদেশের শিকড়ের স্বাদ পেতে ফিরে যেতে হয় কালের গর্ভে বিস্মৃত গুণী পটুয়াদের কাছে। এ ধরনের চিত্র প্রদর্শনী দর্শকের জন্য সুবর্ণ সুযোগ—নিজ দেশের শিল্প-ইতিহাসের উৎসমূলের প্রতি আগ্রহ তৈরি হওয়ার জন্য। পটচিত্রের বিবর্তিত উৎসাহিত রূপ আমরা এ দেশের অনেক প্রথিতযশা শিল্পীর চিত্রচর্চায় পেয়েছি। রিকশার পেছনের পেইন্টিং পটচিত্রের সময় পরিক্রমায় রীতিকে বহন করছে। শিল্পী রঘুনাথ চক্রবর্তী: জন্ম: ১৯৬৯ সালে, গাইবান্ধা জেলা। এ পর্যন্ত তিনটি এককসহ অনেকগুলো দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। বর্তমানে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।