পটের গানে বাংলার বাঘ
সবুজ পাতার একটি গাছ। পাখি বসেছে গাছে। বাম পাশের ডালে একজন তরুণী দোল খাচ্ছে দোলনায়। গাছের শরীরের ভেতর থেকে দুজন ব্যক্তির মাথা দুই রকম অভিব্যক্তিতে দুই দিকে তাকিয়ে। গাছের ডান অংশে দোলনায় মহা আনন্দে দোল খাচ্ছে হলুদ শরীরের ডোরাকাটা এক বাঘ, যার লেজের মাথা রূপান্তর হয়েছে তিনটি উড়ন্ত পাখিতে। আরেকটি দৃশ্যকল্প: নীলপটভূমিতে ভয়ংকর দানবসদৃশ এক লাল রঙের শিংওয়ালা মাথা। রাক্ষুসে দাঁত, মাথার পেছন থেকে বেরিয়ে এসেছে কালো সাপ। এক্ষুনি ছোবল মারতে চায়; কিন্তু হলুদ ডোরাকাটা বাঘ সাহসী যোদ্ধার ভঙ্গিতে বধ করছে এই অসুরকে। বাঘের চারটি হাত। একটিতে শাপলা ফুল, অন্যটিতে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরা, আরেক হাতে বর্শা। বর্শা দিয়ে পরাজিত করছে ভয়ংকর দানবকে, যে কিনা আসলে বাংলাদেশের শত্রু।এ রকম ছোট গল্পসম্ভার নিয়ে রংতুলিতে ক্যানভাসকে লোককলাসংলগ্ন চিত্ররীতিতে বর্ণবহুল ও আলংকারিক করে তুলেছেন শিল্পী নাজির হোসেন। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে ৬২টি শিল্পকর্ম নিয়ে শিল্পী নাজির হোসেনের ‘পটের গান, বাংলার বাঘ’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে।‘বাঘ আমার ছবির দর্শনের অন্যতম একটি বিষয়। শিল্পী সুলতানের পেশিবহুল কৃষক যেমন প্রেরণার, সাহসের, আমার ছবির বাঘও তেমনই সাহসের ও বিজয়ের। আমি সব সময় চেয়েছি আমার সৃষ্টি সহজবোধ্য ও নান্দনিক ভাষায় বাংলাদেশকে বিশ্বের সামনে প্রতিনিধিত্ব করবে। আমার পেইন্টিংয়ের বাঘ কিংবা মানুষ বা অলংকরণ দেখলে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষই যেন আমাদের সংস্কৃতি বুঝতে পারে, বলতে পারে, এটা বাংলাদেশের ছবি।’চিত্রশিল্পচর্চায় নিজের চিন্তার অবস্থান সানন্দে বিনিময় করলেন শিল্পী। শিল্পীর ছবির বাঘ অনেক ক্ষেত্রেই মনে করিয়ে দেয় বাংলার পৌরাণিক প্রবাদপ্রবচন, ‘বাঘে-মোষে এক ঘাটে জল খায়’, ‘মাঘের শীতে বাঘ কাঁপে’, ‘শের-এ বাংলা বা বাংলার বাঘ’ ইত্যাদি। শিল্পী নাজির কখনো কখনো সেই প্রাচীন রূপকথায় পৌঁছাতে চান হয়তো কিন্তু আবার কখনো সম্পর্ক স্থাপন করেন সাম্প্রতিক নাগরিক বা জাতীয় জীবন থেকে উপকরণ নিয়ে, যেখানে শিল্পীর সমাজ-সচেতনতার ভাষ্য পাওয়া যায়। ফ্যান্টাসি বা অদ্ভুত রসের ঘটনা দর্শককেও খানিকটা হাসি দিতে সচেষ্ট। বাঘটি বসে একতারা বাজাচ্ছে আর সেই লেজ দিয়ে কান চুলকাতে চুলকাতে চাষি হুঁকা খাচ্ছে। পাশে চাষি-বউ মাছ কুটছে। নাজিরের ছবিতে গরু বা ঘোড়া নয়, বাঘ কৃষকের সঙ্গে জমিতে হাল দিচ্ছে। কোথাও বাঘ রূপান্তরিত হয়েছে মাছে বা মাছের মুখের অংশে হাতির শুঁড়। নাজিরের ছবি দেখলে বাংলার সরাচিত্রের কথা অনেক দর্শকেরই স্মরণে আসতে পারে। রং ব্যবহার স্বতঃস্ফূর্তভাবে বাংলার লোকজ পছন্দের অনুরূপ। প্রায়ই চিত্রের অলংকরণের অংশ হিসেবে ‘নকসি কাঁথা’ সেলাইয়ের ফর্মের ব্যবহার লক্ষণীয়।শিল্পী নাজির হোসেনের শিল্পচর্চা তাঁর বাস্তব জীবনের রূঢ় প্রতিকূলতাকে সাহসের সঙ্গে মোকাবিলা করে এগিয়েছে ছেলেবেলা থেকেই, এমনকি এখনো। স্বশিক্ষিত এই শিল্পীর কাজে বাংলাদেশের দেশজ শিল্পের সংকেতে সৃষ্টি চিত্রকর্ম মৌলিকতার নতুন মাত্রা পেয়েছে। নাজির পট-পটুয়া বাংলার সরস চিত্রকর। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন স্বশিক্ষিত চিত্রকরের জীবন কঠিনতর হলেও শিল্পীর সাফল্য সবার জন্য উৎসাহব্যঞ্জক। প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত।শিল্পী নাজির হোসেন ১৯৮২ সালে দিনাজপুরের পার্বতীপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ৫০টি স্কুলে স্বশিক্ষিত এই শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। এ পর্যন্ত তাঁর ১৯টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী, বাংলাদেশ, ২০০৮ এবং ১৮ ও ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনীসহ বহু দলবদ্ধ প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছেন।দেশি-বিদেশি অনেক শিল্পরসিকের কাছে তাঁর শিল্পকর্ম সংগৃহীতও হয়েছে।