পড়ো ভাষা শব্দের তরজমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিচিকিৎসা
ছুরিচিকিৎসা

ছুরিচিকিৎসা
সাজ্জাদ শরিফ
প্রচ্ছদ: ঢালী আল মামুন
প্রকাশক: প্রথমা প্রকাশন
ফেব্রুয়ারি ২০১৪
৪৬ পৃষ্ঠা
দাম: ১৩০ টাকা
আশির দশকে লেখালেখির তুঙ্গ মুহূর্তে সাজ্জাদ শরিফ ও তাঁর সমবয়সী কয়েকজন রচনা করেছিলেন কবিতার ইশতেহার। ‘শব্দের অতিব্যক্তিক সংরক্ত চরিত্র’ নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন তাঁরা। এই তথ্য মাথায় না রেখেও সাজ্জাদ শরিফের একমাত্র কাব্যগ্রন্থ ছুরিচিকিৎসা পাঠ করা যায়। তবে জানা থাকলে পাঠক বুঝতে পারবেন, ছুরিচিকিৎসা নিছক কাব্যগ্রন্থই নয়, বরং প্রচলিত কাব্যভাষার বাইরে নতুন এক সৃজনকাঠামো নির্মাণের পূর্বাভাসও।
বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৬ সালে, মাওলা ব্রাদার্স থেকে। প্রথমা প্রকাশন থেকে এ বছর বের হলো বইটির দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণের ভূমিকা অনুযায়ী কাব্যগ্রন্থের বেশির ভাগ কবিতাই লেখা হয়েছে ১৯৮০-র দশকে, অর্থাৎ ইশতেহার রচনার সেই ভাঙচুরের দিনগুলোতে। আরও ভালো করে বললে, শব্দের উপরিতলের অর্থের ভেতরে যখন সমকালের অনেকের কবিতা বন্দী হয়ে পড়েছিল, তখনই লেখা হচ্ছিল এই বইয়ের কবিতাগুলো। আর এই নবতর নির্মাণের ঘোষণা যেন শোনাও যায় কাব্যগ্রন্থের সংকলিত কবিতাগুলোতে। ‘বোবা কথা’ কবিতার কয়েকটি পঙ্ক্তি এমন—‘যোগাযোগ, বোবার অক্ষর/ দেখেছি নিকষ অন্ধকারে/ ফুলকি আর ছাই হয়ে ঝরে/ ডাক-হরকরা, পড়ো ভাষা/ এখনো নদীর তল থেকে/ আর্তি আসে ডুবন্ত শিশুর...’।
শব্দ প্রচলিত অর্থ থেকে দূরে সরে নতুন চেহারা পাক—শিল্পের এই দাবি ১৯৭০ ও ’৮০ দশকের অনেক কবিই উপেক্ষা করেছিলেন। তবে সে দায় স্বীকার করেই শব্দের নতুন তরজমার পথে হেঁটেছেন সাজ্জাদ শরিফ। কবিতাকে অভ্যস্ত অর্থ থেকে মুক্তি দেওয়ার এই চেষ্টা নতুন নয়। শার্ল বোদলেয়ার, পল এলুয়ার, টি এস এলিয়ট থেকে শুরু করে হোর্হে লুই বোরহেসসহ অনেক কবিই এমন আভাঁগার্দ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। মার্কিন কবি আর্চিবল্ড ম্যকলিশ (১৮৯২-১৯৮২) তো এক পা আগ বাড়িয়ে কবিতাকে শব্দহীন হতে বলেন। তাঁর বিখ্যাত ‘আর্স পয়েটিকা’ কবিতার একটি লাইন এমন—‘পাখির উড়ালের মতোই শব্দহীন হতে হবে কবিতাকে’।
ছুরিচিকিৎসার দ্বিতীয় সংস্করণে স্থান পেয়েছে ২৮টি কবিতা। প্রথম সংস্করণে কবিতাসংখ্যা ছিল আরও কম। ৪৬ পৃষ্ঠার এই বইয়ের প্রথম কবিতাটি পড়ে আবিষ্ট হতে হয়। ‘প্রতিবেশী’ শিরোনামের কবিতাটির কয়েকটি লাইন এমন—‘এই ঘুমন্ত নিচু গ্রামে/ হাওয়া এলোমেলো, বিদেশিনী/ তাকে ভাষাহীন সংকেতে/ আমি চিনি না বা ঠিক চিনি’।
ভালো লাগার এই হাওয়া পাঠককে ভাসিয়ে নিয়ে যায় এক কবিতা থেকে অন্য কবিতায়। উপরিতলে অর্থ অতিক্রম করে বহুস্তরে সজ্জিত বোধের জগৎও উন্মোচিত হতে থাকে। নতুন অনুভূতিমালার জন্মক্ষণও টের পাওয়া যায়—‘আমাকে নাওনি পিঠে/ ও শ্যামল/ দীর্ঘ দেবদারু/ তুমি/ শুনলে যমের কান্না/ রাতপ্রহরীর সিগন্যালে/ আর/ চোখে দেখলে অতীতের/ সব লাশ/ জ্যান্ত হয়ে/ উঠে আসছে আগামীর থেকে/ তুমি/ বৃক্ষ হতে চাইছ না আর/ শুধু/ আমি আজ/ তোমার শেকড়/ থেকে/ জন্ম নিতে চাই।’ (চাঁদে পাওয়া গাছ)
প্রচলিত দৃশ্যকল্প ভেঙে খান খান হয়ে গেছে ছুরিচিকিৎসায়। পাঠক বিহ্বল হয়ে আবিষ্কার করেন, যা বলা হয়েছে তার ঠিকঠাক অর্থ অনুধাবন করার আগেই গ্রাস করছে একটা আচ্ছন্নতা। ‘উপাখ্যান’ কবিতায় ক্ষণপরিত্রাণ নামের যে দ্বীপের কথা উল্লেখ করা হয়, পাঠক তার বাস্তবগ্রাহ্য কোনো ছবি পান না; বরং টের পান এক বিপন্নতা এই দ্বীপটিকে ঘিরে আছে জলরাশির মতো—‘যে দ্বীপে বসত করি তার নাম ক্ষণপরিত্রাণ/ সীমানানির্দেশ দেখে ভীত নাবিকেরা/ জাহাজ ফিরিয়ে নেয়। এই দ্বীপ ছয় মাস মোমসমুদ্রের/ মধ্যে ভেসে থাকে আর বাকি ছয় মাস/ অগ্নিপরিখার পেটে।’ (উপাখ্যান)
এমন ইশারা-ভাষা, সংকেত ও রহস্যময়তার দেখা মিলবে ‘ডানা’, ‘মৎস্যপুরাণ’, ‘অরণ্যসংকেত’, ‘ছুরিচিকিৎসা’, ‘গুমঘর’, ‘হানাবাড়ি’, ‘জঠরবন্দী’, ‘জলচর’, ‘ছাড়পত্র’ ও ‘রাত্রি’ শিরোনামে দ্যুতি ছড়ানো কবিতাগুলোতে।
সাজ্জাদ শরিফ শব্দের সংশ্লেষ ঘটান খুব অনায়াসে। একাধিক দূরবর্তী শব্দ জুড়ে দিয়ে তিনি সম্পূর্ণ অচেনা ছবি নির্মাণ করেন। ধর্মবনানী, রাততরবারি, মোমসমুদ্র, ধোঁয়াবাগান বা পাতালছিদ্ররাস্তার মতো শব্দের মধ্যে সে অচেনা ছবিই যেন দেখতে পান পাঠক।
কবিরা শব্দশিকারি। সৃজনের গভীর নির্জন পথে পথে শব্দ কুড়িয়ে পাঠকের চেতনাবিশ্বে ছড়িয়ে দেওয়াই কবির কাজ। সাজ্জাদ শরিফ যথার্থই বলেন, ‘ভাঙা অন্ধের লাঠি হাতে/ আমি শিকারের সন্ধানে/ চলি দিগন্ত পার হয়ে’।