পণ্যের প্রতিপালকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম-সংস্কৃতি সুমনের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী। ঢাকায় ভাস্কর্যের একক প্রদর্শনী হরহামেশা হয় না। কারণ এই মাধ্যমে কর্ম সম্পাদন যেমন কষ্টসাধ্য, তেমনি সংরক্ষণের সুযোগের অভাবে এর কদরও কম। এ রকম সংকট ও সমস্যার কারণে সুমনের প্রদর্শনী কৌতূহলোদ্দীপক মাত্রা যোগ করেছে।সুমনের ভাস্কর্য প্রদর্শনী সীমাবদ্ধতাকে ছাড়িয়ে বাড়তি বিষয় হিসেবে আমাদের নজর কেড়েছে। বর্তমান বাজারকেন্দ্রিক বাস্তবতায় যে আধিক্যের মধ্যে ব্যক্তি বাস করে এবং মর্যাদাবান পণ্যের ক্রেতায় পরিণত হয়েছেন, সেই সাবজেক্ট বা ব্যক্তিত্বই শিল্পী নির্মাণ করেছেন। নাম-পদ যখন পুঁজির আওতায় পণ্যায়নের প্রধান মাধ্যম হয়ে ওঠে, যাকে ইংরেজিতে ‘ব্র্যান্ড’ বলে আখ্যা দেওয়া হয়, তারই সামাজিক ফসল এই ব্যক্তি বা কর্তা, যিনি আপন কর্তৃত্ব ফলাতে পণ্যনির্ভর হয়ে উঠছেন। সুমনের কাজ এই সত্য বা বাস্তবতা দর্শকের সামনে হাজির করে।সমাজের রূপান্তর আর গোষ্ঠীর আকাঙ্ক্ষা—এই দুইয়ের মধ্যে বিস্তর ফারাক অধুনা মানুষকে নানা মানসিক চঞ্চলতার মধ্যে ঠেলে দিচ্ছে। এর (কু) ফল ভোগ করছে মর্যাদা বা মূল্যায়ন-অন্বেষী মানুষ, যারা সামাজিক পরিসরে এমন এক উঁচু স্তরের (?) যাপন উপভোগ করতে উৎসাহী হয়ে উঠছেন, যেখানে পণ্যের সফল ক্রেতা হওয়া ছাড়া আর বিকল্প থাকছে না। অর্থাৎ, প্রতিটি মানুষ আজ পুরোদস্তুর সেক্যুলার, টেম্পোরাল মানুষ। অর্থাৎ, তিনি এই মুহূর্তের বা কালের মানুষ, তাঁর অতীত ও ভবিষ্যৎ সম্পর্কিত কোনো জটিলতা নেই, উন্নয়নে তাঁর বিশ্বাস অ্যাবসল্যুট। এমনতর সোজা মানুষকে দার্শনিক নিৎসে ‘রাইট এঙ্গেলড’ বা ‘সমকোণী’ মানুষ হিসেবে একদা আখ্যা দিয়ে গেছেন। ভাস্কর সুমন এই ‘সোজা’ মানুষের ভাষ্য তৈরি করতেও জটিল কোনো মনোভঙ্গি ও প্রতীকী ভাষার আশ্রয় নেননি—তিনি এরকম ব্যক্তিদের এই নারী ও পুরুষদের—পণ্য হাতে দাঁড় করিয়ে দিয়েছেন পাশাপাশি।যদি ভাষ্যের নিরিখে সুমন একরৈখিক হয়ে থাকেন, তবে দৃষ্টিগ্রাহ্যসহ অন্যবিধ সংবেদনার ক্ষেত্রে তিনি ভিন্নতা সন্ধানী। একাডেমিক দক্ষতার বদলে বাঙ্ময়তা সৃষ্টিতে তিনি কৌশলী হয়ে ওঠার প্রয়াস পেয়েছেন। প্রচলিত রীতিতে ভাস্কর্যের রং থাকা প্রশ্নসাপেক্ষ, এমনকি ব্যবহূত মাধ্যমের চরিত্র ফুটিয়ে তোলা জরুরি—তেমন ফর্মাল গুণাগুণ পেছনে ফেলে এসেছেন এই নবীন ভাস্কর। এই শিল্পীর আপন প্রজেক্টের বিষয়ে কোনো দোমনা ভাব পরিলক্ষিত হয় না। সুমন যে ম্রিয়মাণ বা আত্মশক্তিতে দুর্বল ব্যক্তি চিহ্নিত করতে চেয়েছেন, তাদের মূর্ত করে তোলাই তাঁর প্রধান দায়িত্ব বলে তিনি মেনে নিয়েছেন। ফলে তাঁর ভাস্কর্যের ফর্মে বা রূপে অপর কোনো রূপের খোঁজ মেলে না। এর ইতির দিক হলো, যে প্রকার ভাষ্য তিনি তৈরি করতে চান, তা সহজে দর্শক-সমীপে পৌঁছানো—অর্থাৎ, বারতা উদ্ধারে কাজ বিঘ্নিত হয় না। নেতির দিক হলো—শিল্পীর যেকোনো প্রয়াসে তাঁর মনোজগতে যে আরও বিষয় উপস্থিত আছে—সেই বৃহৎ ইকোলজির বা পরিবেশের খোঁজ শিল্পবস্তুতে অনুপস্থিত থেকে যাওয়া। যেকোনো শিল্পীই এমন ‘চেতন’ ধারণ করেন, যা বহুমাত্রিক তাঁর যেকোনো চিন্তায় সেই বহুমাত্রিকতার ছাপ থাকে। শিল্পের ভাষাকে হয়তো এমন মাত্রায় উপস্থিতি কিঞ্চিৎ জটিল করে তোলে, তা সত্ত্বেও প্রকাশকে সম্ভাবনা নানা সূচিমুখে চালিত করে নিশ্চিত। একটি সুনির্দিষ্ট বার্তার পাশাপাশি তখন মনোজগতের কিছু আলামত সাবটেক্সট হিসেবে যুক্ত হতে পারে।সুমনের প্রথম এককের যে দলিল—অর্থাৎ ক্যাটালগ, তাতে শিল্পী ও শিক্ষক লালারুখ সেলিম সুমনের ‘অনুশীলন’ নিয়ে থাকার প্রত্যয় অটুট থাকবে বলে আশা ব্যক্ত করেছেন। অনুশীলন পদটিরও বহুবিধ অর্থব্যঞ্জনা রয়েছে, তবে আমরা অনুশীলন বলতে সুমনের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয় সংগ্রহের উদ্যোগ বলে ধরে নিচ্ছি। বর্তমান সভ্যতা (যাকে পাশ্চাত্যের ঝানু পণ্ডিতেরা ‘পুঁজি যুগের’ সমাপ্তি পর্ব বলে প্রায়ই আখ্যা দিয়ে থাকেন) যে ব্যক্তির মনোলোক এমনকি অতীত, ভবিষ্যৎ ও বর্তমানের ভেতর ‘অপর’ সন্ধানী আরও আরও বর্তমান এসব লোক ধ্বংস করে শুধু একমুখী একটি কাফেলা নির্মাণ করে টিকে আছে, এই সত্যে সুমন যথার্থ আলো ফেলতে পেরেছেন। তাঁর আপন নন্দনের নমুনা হিসেবে তিনি শরীরকে বাস্তবানুগ হতে না দিয়ে বেঢপ গড়ন দিয়েছেন, আচ্ছন্ন করেছেন রুক্ষ টেক্সচারে। রূপের এই পরিবর্তনের মধ্য দিয়ে তিনি মানবোত্তর যুগের, অর্থাৎ পণ্যায়ন ও যন্ত্রনির্ভরতার যুগের সাময়িক মানুষের প্রতিকৃতির দিকে অগ্রসর হয়েছেন। এই অগ্রসরমাণতা আশা করি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। নাম-সংস্কৃতি ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়।