পথ হাঁটিতেছেন পৃথিবীর পথে
জ্যঁ বলিভিউ এখন বলতেই পারেন, ‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে।’ দীর্ঘশ্বাস মেখে বলতে পারেন, ‘আমি ক্লান্ত প্রাণ এক!’আক্ষরিক অর্থেই কানাডার এই ৫৬ বছর বয়সী ভদ্রলোক পৃথিবীর পথ ‘হাঁটিয়াছেন’। তবে হাজার বছর ধরে নয়। ১১ বছর ধরে। সে-ও বা কম কী! সিংহল সমুদ্র, মালয় সাগর—সবই দেখা হয়ে গেছে তাঁর। ৬৪টি দেশ আর ৭৫ হাজার কিলোমিটার হাঁটার বিশ্বরেকর্ড গড়ে এ মাসেই ফিরে এসেছেন তাঁর দেশ কানাডায়। ১৬ অক্টোবর মন্ট্রিয়লে শেষ হবে তাঁর প্রায় চার হাজার দিনের এই যাত্রা।বলিভিউয়ের গল্পটার সঙ্গে মিল আছে ফরেস্ট গাম্পের। ছবির গল্পটায় দেখা যায়, বলা নেই, কওয়া নেই একদিন হুট করে দৌড় শুরু করে ফরেস্ট। কেউ বুঝতে পারে না, কেন দৌড়াচ্ছে সে। ফরেস্ট নিজেও জানে না। ২০০০ সালের ১৮ আগস্ট, নিজের ৪৫তম জন্মদিনে ফরেস্টেরই মতো কোনো উদ্দেশ্য ছাড়াই হাঁটা শুরু করেন বলিভিউ।আসলে জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না বলিভিউ। নিজের ছোট ব্যবসা ব্যাংকঋণের দায়ে দেউলিয়া হয়ে গেছে। মাঝবয়সে এসে নতুন করে লড়াই করার অনুপ্রেরণাও পাচ্ছিলেন না। সে সময় ঠেলে নিয়ে যাওয়া যায় তিন চাকার ছোট একটা গাড়িতে কিছু পোশাক-আশাক, প্রয়োজনীয় কিছু ওষুধ আর পকেটে মাত্র চার হাজার কানাডিয়ান ডলার নিয়ে বেরিয়ে পড়েন তিনি।এ যাত্রায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর বান্ধবী লুসি আর্চামবল্ট। একপর্যায়ে এই দীর্ঘ অভিযানের উদ্দেশ্য হিসেবে ইউনেসকোর ঘোষণাপত্র প্রচারের উদ্যোগটা বলিভিউকে নিতে বলেছিলেন আর্চামবল্টই। এরপর থেকে যেখানেই গেছেন, শান্তির কথা বলেছেন বলিভিউ। বলেছেন শিশুদের কথাও। বলিভিউয়ের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছেন আর্চামবল্ট: wwwalk.org। অনলাইন টেলিফোনসেবা স্কাইপের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ রক্ষা করেছেন দুজন। কখনো অর্থের সংকটে পড়লে আর্চামবল্ট সেটিও পাঠিয়ে দিয়েছেন কানাডা থেকে।দীর্ঘ এ যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন বলিভিউ। মানুষের দেওয়া আশ্রয়ে রাত কাটিয়েছেন। যেখানে মানুষের আশ্রয় পাননি, সেখানে রাত কাটিয়েছেন সেতু বা এ ধরনের কোনো আশ্রয়ে। কখনো কখনো ঘুমিয়েছেন খোলা প্রান্তরেও। মানুষের দেওয়া খাবার গ্রহণ করেছেন, নিয়েছেন অর্থ সাহায্যও। পাড়ি দিয়েছেন পাহাড়, নদী, সাগর, মরুভূমিও।মেক্সিকোয় কাটানো নয় দিন উপভোগ করেছেন দারুণ। সুদানে গিয়ে মাথায় পাগড়ি চাপিয়েছেন স্থানীয় লোকজনের মতো। আফ্রিকায় গিয়ে পোকামাকড় খেয়েছেন, দক্ষিণ কোরিয়ায় খেয়েছেন কুকুর, চীনে সাপ! পুরো যাত্রায় কেবল একবারই বড় ধরনের অসুখে পড়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় একবার ছিনতাইয়ের শিকারও হয়েছেন। ফিলিপাইনে তাঁকে পাহারা দিয়ে এগিয়ে দিয়েছে সেনাবাহিনী। আবার ইথিওপিয়ায় একবার বিনা কারণে জেলও খেটেছেন।ইথিওপিয়ায় গিয়েই ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। ঠিক করেছিলেন, অনেক হয়েছে, আর নয়। এবার ঘরে ফিরে যাই। কিন্তু সে সময় আর্চামবল্ট তাঁকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছেন। বলেছেন, এই অভিযানের মাঝপথে থেকে ফিরে আসার মানে হয় না। নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করেছেন বলিভিউ।কানাডা থেকে প্রথমে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে মেক্সিকো হয়ে দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকার অনেক দেশই দেখা হয়েছে—পেরু, বলিভিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল ও চিলি। সেখান থেকে গেছেন আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, তানজানিয়া, কেনিয়া, ইথিওপিয়া ঘুরে গেছেন ইউরোপে। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ঘুরে গ্রিস, তুরস্ক, আজারবাইজান শেষে পৌঁছেছেন ইরানে। এশিয়াতেও ছিল তাঁর লম্বা সফর। এসেছিলেন ভারত, নেপাল, চীনেও। ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হয়ে ফিরে গেছেন কানাডায়। এই হলো তাঁর যাত্রার সংক্ষিপ্ত বিবরণ। পুরোটা পাওয়া যাবে তাঁর ওয়েবসাইটে।দীর্ঘ এ ভ্রমণে ভিন্ন ভিন্ন মানুষ, ভাষা আর সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়েছে বলিভিউর। একটা উপলব্ধি হয়েছে, ভাষা কিংবা দেশের মানচিত্রের মাধ্যমে আলাদা হয়ে গেলেও সব মানুষের চাওয়া একটাই—শান্তি। জীবনের নতুন মানেও খুঁজে পেয়েছেন তিনি। এখন তাঁর এই অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষে মানুষে সম্প্রীতি-সৌহার্দ্য গড়ে তোলার ওপর ভাষণ দেওয়ারও ইচ্ছা আছে তাঁর। আবার সবকিছু একঘেয়ে লাগলে বেরিয়ে পড়বেন বলিভিউ। দুয়ার তো খোলাই আছে! রাজীব হাসানসূত্র: টাইম