পথটাই তাঁর ক্যানভাস
কারও কারও জন্য বিশ্বজোড়া পাঠশালা। কারও কারও জন্য ধূলিধূসর পথটাই বিশাল ক্যানভাস। ভাসিল মুরেসানের জন্য যেমন। রোমানিয়ান এই শিল্পী পথটাই আপন করে নিয়েছেন। পথই তাঁর ক্যানভাস। পথেই তিনি এঁকে চলেন মনের বিমূর্ত ভাবনাগুলো। পথেই বন্ধু হিসেবে পাওয়া সারমেয়রা তাঁর শিল্পের দর্শক, মডেল, অনেক সময় অনুপ্রেরণাও।বকসাদা একমুখ দাড়িগোঁফের ৫৬ বছর বয়সী এই শিল্পী উঠে এসেছেন বিসত্রিতা থেকে। ট্রান্সসিলভানিয়ান এই শহরেই কাউন্ট ড্রাকুলার কিংবদন্তির জন্ম। তবে মুরেসান মানুষকে ভয় নয়, উদ্বেলিত করতে চান শিল্পিত রস দিয়ে। সেই তারুণ্যের শুরু থেকেই পথে ছবি এঁকে চলেছেন তিনি।তাঁর খুব কাছের বন্ধু পাঁচ-পাঁচটি কুকুর। এরাই যেন তাঁর সৃষ্টকর্মের সবচেয়ে বড় সমঝদার। এই ছবিতেও যেমন দেখা যাচ্ছে চারটি কুকুর—দুটো কুকুর অঙ্কিত, দুটো জ্যান্ত। শিল্পের কল্পনা আর বাস্তবের ভিন্ন চারটি প্রাণীর এই মেলবন্ধনকে মুরেসান ব্যাখ্যা করেন এভাবে—জীবন আর শিল্প দুটোই এক, অভিন্ন।শুধু যে পথেই ছবি আঁকেন, তা কিন্তু নয়। অনেক সময় ভাঙা দরজা কিংবা পলেস্তারা খসে পড়া জীর্ণ বাড়ির দেয়ালটাকেও বানিয়ে নেন ক্যানভাস। ছবি আঁকার জন্য সুন্দর একটা মন থাকাই তো যথেষ্ট! রাজীব হাসান, এপি অবলম্বনে