পনজির ‘স্মরণে’ পনজি স্কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯০৩ সালের ১৫ নভেম্বর। বোস্টনের বন্দরে এসে ভিড়ল একটি জাহাজ। নাম এসএস ভ্যাঙ্কুভার। তখনো জানার উপায় ছিল না, জলগামী এই জাহাজ শুধু শত শত যাত্রীই নিয়ে আসেনি, সেই যাত্রীদের মধ্যে এমন একজনকে নিয়ে এসেছে, পৃথিবীর আর্থিক অভিধানে একটি শব্দবন্ধের সঙ্গে জুড়ে যাবে তাঁর নাম। একধরনের বিশেষ আর্থিক প্রতারণাকে বলা হয় ‘পনজি স্কিম’। এভাবেই ‘স্মরণ’ হন চার্লস পনজি! বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জোচ্চুরির নায়ক (নাকি খলনায়ক?)।পুরো নাম কয়েক বিঘত। কার্লো পিয়েত্রো জিওভান্নি গুগিয়েলমো তেবালদো পনজি। নামের মধ্যেই একটা ইতালিয়ান গন্ধ আছে। পনজির জন্ম ইতালিতেই, ১৮৮২ সালের মার্চে। ভাগ্যের সন্ধানে মাত্র ২১ বছর বয়সে চলে আসেন আমেরিকায়। এ সময় তাঁর পকেটে ছিল মাত্র আড়াই ডলার! ‘আমি পকেটে ২.৫১ আর মনে ১ মিলিয়ন ডলারের স্বপ্ন নিয়ে এই দেশে এসেছিলাম। যে স্বপ্নগুলো এখনো আমাকে ছেড়ে যায়নি’—নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন পনজি। নানা ঘাটে জল খেয়ে খেয়ে মাথা খুলে যাওয়া পনজি যুক্তরাষ্ট্রে আসার ১৭ বছর পর মাত্র কয়েক দিনের মধ্যে হয়ে গিয়েছিলেন কোটিপতি। আলাদিনের আশ্চর্য এক চেরাগ বানিয়েছিলেন তিনি! যেটি পরে পনজি স্কিম নামে বিখ্যাত হয়েছে।সাত ঘাটের পানি খেয়ে বেড়ে ওঠা পনজি জীবনের প্রথম প্রতারণার ‘দীক্ষা’ নেন লুইজি জারোচ্চি নামের এক ইতালিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান ব্যাংক মালিকের কাছে। জোচ্চোর জারোচ্চি যেন ছিলেন দ্রোণাচার্য, পনজি তাঁর একলব্য।১৯০৭ সালে ভাগ্যের সন্ধানেই মন্ট্রিয়লে গিয়েছিলেন। সেখানে গিয়ে চাকরি নেন জারোচ্চির ব্যাংক—বানকো জারোচ্চিতে। এই ব্যাংক তাঁর আমানতকারীদের ৬ শতাংশ সুদ দিত। সেই সময় যেটি ছিল অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক অনেক বেশি। ফলে রাতারাতি এই ব্যাংকে আমানতকারীর সংখ্যা বেড়ে যায়। ফুলে-ফেঁপে ওঠে রিজার্ভ। বুদ্ধিমান পনজি দ্রুতই কারসাজিটা ধরে ফেলেন। নতুন যে আমানতকারীরা ব্যাংকে টাকা রাখছেন বেশি মুনাফার আশায়, তাঁদের টাকা থেকেই লাভ দেওয়া হচ্ছে পুরোনো গ্রাহকদের। আসলে ব্যাংক তাঁর বিনিয়োগের লাভ থেকে এই কাজ করছে না। মাছের তেলেই ভাজা হচ্ছে মাছ। এভাবে বেশি দিন চলতে পারে না। নতুন গ্রাহকের সংখ্যা কমে আসতে বাধ্য। ব্যাংকে নেমে এল ধস। গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেলেন জারোচ্চি। তবে মাথার মধ্যে এই বুদ্ধিটা থেকে গেল পনজির। এই বুদ্ধিই তিনি পরে কাজে লাগিয়েছেন পনজি স্কিমে। তবে তারও আগে নেমেছিলেন অন্য ব্যবসায়।সেই ব্যবসার কাজেই আসল বুদ্ধিটা খুলে গিয়েছিল তাঁর। স্পেনের একটি কোম্পানি পনজির সেই ব্যবসার কাছে একটি ইন্টারন্যাশনাল রিপ্লাই কুপন (আইআরসি) পাঠিয়েছিল। আইআরসি এমন একটা চিঠি পাঠানোর ব্যবস্থা, যেটির মাধ্যমে চিঠির গ্রাহক ফিরতি উত্তরের ডাকমাশুল শোধ করতে পারেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ভেঙে যাওয়া অর্থনৈতিক ব্যবস্থার কারণে ইতালির মুদ্রার মান কমে গিয়েছিল। ফলে ইতালি থেকে আইআরসি কিনে যুক্তরাষ্ট্রে পাঠালে তত্ত্বগতভাবে বেশি দাম পাওয়া যেত। বোস্টনে কাছের বন্ধুদের পনজি জানান, এই আইআরসিতে বিনিয়োগ করলে ৯০ দিনের মধ্যে তিনি বিনিয়োগের দ্বিগুণ টাকা এনে দেবেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান চালু করেন। শুরুর দিকে জারোচ্চির মতো গ্রাহকদের লাভও শোধ করছিলেন। দ্বিগুণ লাভ, ফলে দ্রুতই লোকমুখে এই স্কিমের কথা ছড়িয়ে যায়। ১৯২০ সালের ফেব্রুয়ারিতেই পনজি সে সময়ের পাঁচ হাজার ডলারের তহবিল গড়ে তুলেছিলেন। মে মাসের মধ্যেই যেটা হয়ে দাঁড়ায় চার লাখ ২০ হাজার ডলার। এ সময়ের হিসাবে যেটি ৪৬ লাখ ডলারের কাছাকাছি! কপর্দকশূন্য থেকে রাতারাতি কোটিপতি হয়ে যান পনজি। এটাই মানুষের মনে সন্দেহ জাগিয়ে তোলে। একের পর মামলা আর ঝামেলার মুখোমুখি হন। জোড়াতালি দিয়ে একের পর এক সমস্যা উতরে গেলেও শেষ পর্যন্ত শেষরক্ষা হয়নি। আগস্টে পোস্ট নামের একটি পত্রিকা চার পাতাজুড়ে বিশেষ প্রতিবেদন ছাপে। জেলে যেতে হয় পনজিকে। লোভে পড়ে বিষয়-আশয় বিক্রি করে পনজির কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন অনেকেই। সবাই দেউলিয়া হয়ে যান। এ সময়ের হিসাবে সাড়ে ২২ কোটি ডলারের বিনিয়োগ হারিয়েছিলেন বিনিয়োগকারীরা! শেষ জীবনে নিদারুণ অর্থকষ্টে পড়া পনজি একসময় দোভাষী হিসেবেও কাজ করেছেন পেটের দায়ে। শেষ পর্যন্ত ব্রাজিলে তাঁর মৃত্যু। তবে এখনো এ ধরনের ভুয়া কোনো আর্থিক প্রতারণা ধরা পড়লে সেটিকে পনজি স্কিমই লেখা হয়। এভাবে নিশ্চয়ই স্মরণীয় হতে চাননি তিনি!