পরদেশি প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক কোম্পানিতে চাকরির সুবাদে আমি তখন রাশিয়ায়। বেশি দিন হয়নি বলে খাপ খাইয়ে নিতে বেশ সমস্যা হচ্ছিল, বিশেষ করে কনকনে শীত আর রুশ ভাষা নিয়ে। বরফ গলতে শুরু করা শীতের শেষ সময়ের কোনো এক ছুটির দিনে এক বাঙালি বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য চড়েছি ট্রেনে। যে সিটে বসেছি তার সামনের সিটে আমার মুখোমুখি বসেছে অপূর্ব সুন্দর এক রাশিয়ান তরুণী। ধবধবে তুষারে লাল রক্ত যেমন সৌন্দর্য সৃষ্টি করে, লাল টকটকে ওভারকোটে তেমন লাগছিল তাকে। অদ্ভুতভাবে তাকিয়ে সেই সৌন্দর্য গিলছিলাম। খানিক বাদে সে একখানা ডায়েরি বের করে কী যেন লিখতে লাগল। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগল। ভেবেছিলাম, দেশে যা হয়নি, পরদেশে বুঝি তা হয়ে গেল। রুশ রমণী বুঝি আমার প্রেমে পড়ে গেল।
খানিক বাদে এক স্টেশনে নেমে যাওয়ার জন্য সে উঠে গেল দরজার দিকে। তার ডায়েরির ফাঁক থেকে বেরিয়ে গেল একটা চিরকুট। সেদিকে খেয়াল না করেই সে হেঁটে চলেছে দরজার দিকে। আমিই তুলে নিলাম চিরকুটটা। এগিয়ে গেলাম দেওয়ার জন্য। ইতিমধ্যে সে নেমে হাঁটা ধরেছে। নাম জানি না আর রুশ ভাষায় অতীব জঘন্য জ্ঞানের জন্য পেছন থেকে ডাকও দিতে পারলাম না। ততক্ষণে ট্রেন আবার চলা শুরু করে দিয়েছে। দরজার কাচের ভেতর দিয়ে দেখছি লাল ওভারকোটওয়ালা রুশ রমণীর হেঁটে যাওয়া, হাতে আমার তার ফেলে যাওয়া চিরকুট। পরক্ষণেই ভাবলাম, এ চিরকুট বুঝি আমায় তার প্রেম নিবেদন। চিরকুটে বুঝি তার সঙ্গে যোগাযোগ মাধ্যম আর যোগাযোগের আহ্বান লেখা। এ তো রাশিয়ান তরুণী, বাঙালি নয়, যে বুক ফাটবে তবু মুখ ফুটবে না। কিন্তু দুঃখের বিষয় এই যে চিরকুটটা রুশ ভাষায় লেখা। বন্ধুর বাসা থেকে ফেরত আসার পর, চিরকুটের অর্থ উদ্ধারে অভিযানে নামলাম। পরিচিত লোকদের কাছে গেলাম না, যদি রোমান্টিক কিছু লেখা থাকে। এক দোভাষীকে দিয়ে চিরকুটের ইংরেজি অনুবাদ করালাম। অনুবাদ পড়ে আমার জল্পনাকল্পনার ফুলে-ফেঁপে ওঠা বেলুন চুপসে গেল। ওটাতে নাকি একটা রাশিয়ান খাবারের প্রস্তুত প্রণালি লেখা। হতাশ হলেও চিরকুটটা রেখে দিলাম। এরপর যতবার বাইরে যেতাম চিরকুটটা সঙ্গে নিতাম।
যদি কখনো সেই লাল ওভারকোটওয়ালা রাশিয়ান রমণীর দেখা পাই তাহলে টিরকুটটা ফিরিয়ে দিয়ে বলব, চিরকুটটার মতো হূদয়টাও ফেলে যেয়ো কোনো এক দিন, সযত্নে কুড়িয়ে নেব।
এ এফ এম আরিফুল ইসলাম
ঠিকানা পাওয়া যায়নি