আবদুল মতিনের নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড রূপপুর ইস্যুজ অ্যান্ড কনসার্নস বইটি বাংলাদেশের বর্তমান জ্বালানি-স্বল্পতার প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ। ইংরেজিতে লেখা এই বই দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আছে পরমাণু শক্তি এবং দ্বিতীয় ভাগে রয়েছে রূপপুর পরমাণু শক্তি প্রকল্প সমন্ধে নানা আলোচনা।
প্রথম ভাগের ১২টি পরিচ্ছেদে পরমাণু শক্তির বিভাজন কী এবং কীভাবে এর সূত্রপাত—এসবের সাবলীল ব্যাখ্যা দিয়ে শুরু হয়েছে আলোচনা। আর লেখকের ভাষাভঙ্গিও এত সহজ যে বইটি পড়তে বিশেষ কোনো প্রস্তুতির দরকার পড়ে না। পরমাণু শক্তিসংক্রান্ত কোনো জটিল সমীকরণ তো দূরের কথা, বইয়ে একটিও গাণিতিক সূত্রের অবতারণা করা হয়নি। সে স্থলে পরমাণু চুল্লির নানা প্রসঙ্গ—এ চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন, বিভিন্ন ধরনের পরমাণু চুল্লি, উন্নত চুল্লি, পরমাণু বিকিরণের ভৌত ও জৈব ক্ষতিকর ব্যাপারগুলো, চুল্লির নিরাপত্তা ও পরিবেশের ওপর এর প্রভাব, পরমাণু জ্বালানি চক্র, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, পরমাণু বোমা তৈরির বিস্তার রোধ—এ বিষয়গুলোই স্থান পেয়েছে প্রথম ভাগের আলোচ্যসূচিতে।
দ্বিতীয় ভাগের ২১টি পরিচ্ছেদে আছে রূপপুর পরমাণু শক্তি প্রকল্পের বিষয়-আশয়—বাংলাদেশে এই বিশেষ ধরনের শক্তির প্রয়োজনীয়তা, এই প্রকল্পের ইতিহাস, বর্তমান অবস্থা, নিরাপত্তা, প্রশিক্ষিত মানবশক্তি ও প্রকল্পের সম্ভাব্য মূল্য প্রভৃতি। লেখকের কৃতিত্ব এখানে যে জটিল প্রসঙ্গগুলোও তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, উপস্থাপনগুণে সেটি হয়ে উঠেছে চিত্তাকর্ষক। বিশেষ করে প্রতিটি বিষয় সম্পর্কে বিশদ বর্ণনা, উদাহরণ ও ব্যাখ্যা থাকার কারণে সৃষ্টি হয়েছে অনন্য ব্যঞ্জনা।

নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড রূপপুর ইস্যুজ অ্যান্ড কনসার্নস
আবদুল মতিন
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: মধ্যমা মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেড
পৃষ্ঠা: ১৩১,
দাম: ৫৯৫ টাকা।
আকৃতিতে বইটি তেমন বড় নয়। তবে আলোচ্য বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক। প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন দিকের সবিস্তার আলোচনা রয়েছে এখানে। বিশেষ করে রাশিয়া ও প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক সহযোগিতা চুক্তির রূপটি কেমন হওয়া উচিত, সে সম্পর্কে আছে দু-চার কথা। রয়েছে সম্প্রতি জাপানের ফুকুশিমায় ঘটে যাওয়া পরমাণু দুর্ঘটনার আলোকে সার্বিক নিরাপত্তার ব্যাপারে আমাদের করণীয় সম্বন্ধে মূল্যবান বক্তব্য। প্রকল্প ব্যবস্থাপনায় গুণগত মানের উন্নতির জন্য মূল্যবান পরামর্শগুলোও বিশেষভাবে প্রণিধানযোগ্য। রূপপুর প্রকল্পের জন্য কী ধরনের চুল্লি বাছাই করা প্রয়োজন, সে সম্বন্ধে আলোচনা আছে বইয়ের একটি পর্বে। পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ভূমিকা ও ভবিষ্যৎ-কার্যক্রমের জন্য কিছু বৈপ্লবিক পরিবর্তনের সুপারিশ করেছেন লেখক, যা যথেষ্ট চিন্তা-জাগানিয়া।
বাংলাদেশসহ বিভিন্ন দেশে পরমাণু প্রকৌশলী হিসেবে ৫০ বছরের বেশি সময় ধরে কাজ করছি আমি। আমার বিবেচনায়, বাংলাদেশে পরমাণু শক্তিসংক্রান্ত বই হিসেবে এটিই প্রথম। সেই সূত্রে এর লেখক আবদুল মতিনকে পরমাণু শক্তিসংক্রান্ত পুস্তক রচনার পথিকৃৎ বলা যেতে পারে। বইটি অনেকের কাজে লাগবে। বিশেষ করে যাঁরা পরমাণু শক্তি, রূপপুর প্রকল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আগ্রহী, তাঁদের জন্য নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড রূপপুর ইস্যুজ অ্যান্ড কনসার্নস শিরোনামের এই বইটি তো খুবই দরকারি।