পরিখায় ঢেকে আছে পথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে হাত ধরেছি, তার আঙুলে মরণসাপ, এতটা পিছল
আমি ভেবেছি আমারই রক্তের প্রপাত, ত্বকের ভেতর দিয়ে
বয়ে যাচ্ছে, দূরাদূরে অনবদ্য পরশনপত্রাবলি ওড়ে
ধুলোমাখা গায়ে, কোনো ত্রস্তলহমায় ঝড় পিঠে করে আনে
এই সব হতশ্রীর শাসনচাবুক, ঠারে ঠারে উদ্গারিছে
বাক্যফেনারাশি, তারও ভেতরে ঘূর্ণির মতো চক্ষুতারা এক
দীপ্র ক্ষিপ্র, হাতে নোনা ঘাম, চেপে রাখা বিপন্ন বিশ্বাস, সেই
সাপ, চুমু খেয়ে চলে হাতের তালায়, মাটি অপস্রিয়মাণ
যে হাত ধরেছি তবু উচ্চারণপীড়িত দিনে, অনঙ্গ একা
মুন্ডুর ভেতরে প্রেম, উচ্ছিন্ন গরল, খ্যাপা শ্বাস, ঘন ওম
ভাঙে পথ, চৌদিকে বাহাসে মাতে সংশয় ও সম্ভাবনা, নামে
সন্ধ্যার আবির, পায়ে পায়ে মেখে যাচ্ছে ভরে যাচ্ছে, চলি
এত রেখা জালে জালে বিস্তারিছে ছলনাপ্রান্তর, মুখ নাই
অথবা সে হাতও নাই, পিছলায়, জন্ম-মৃত্যু, প্রেম প্রেতাঙ্গীন।