পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘আমি যদি প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত হতাম, তা হলে হাল ছেড়ে দিতাম।’ সেফটি রেজরের উদ্ভাবক কিং ক্যাম্প জিলেটের বক্তব্য এটি। বলা হয়, সস্তা কিন্তু দাড়ি কামানোর জন্য উপযোগী এই ব্লেডের প্রচলন করতে গিয়ে ব্যবসায় প্রথম দিকে মোটেও সাফল্য পাননি জিলেট। নানা হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে, কিন্তু তিনি হতোদ্যম হননি। শুরুতে গাড়ির ইঞ্জিন চালু করতে এক ধরনের হাতলের প্রয়োজন হতো, ইংরেজিতে যাকে বলা হতো হ্যান্ড ক্র্যাংক। এই হাতল নড়ানোর জন্য যথেষ্ট পেশিশক্তির প্রয়োজন হতো। এতে মেয়েদের জন্য গাড়ি চালানো খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এ ছাড়া কেউ গাড়ি থামানোর পর হাতল নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলে গেলেও ইঞ্জিনে আগুন ধরা কিংবা ঢালু জায়গায় গাড়ি রাখা হলে ঢাল বেয়ে নেমে যাওয়ার আশঙ্কা থাকত। এসব সমস্যা দূর করতে ১৯১১ সালে চার্লস এফ কেটারিং সেলফ স্টার্টার আবিষ্কার করেন। এর ফলে গাড়িতে হাতলের ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যায় এবং মেয়েদের গাড়ি চালানোয় আর বাধা থাকে না। সিগারেট ধরানোর লাইটারের আবিষ্কার হয় দেশলাই আবিষ্কার হওয়ার আগেই। ১৮১৬ সালে একজন জার্মান রসায়নবিদ জে ডব্লিউ ডোবাররাইনার একটি পাত্রে দস্তার গুঁড়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করেন। এ সময় পাত্রের একটি ছিপি খুলে দিলে সশব্দে হাইড্রোজেন নির্গত হয়ে অগ্নিশিখায় রূপ নেয়। ডোবাররাইনারের এই আবিষ্কারের নাম হয় ‘ডোবাররাইনারের বাতি’। চিঠি লেখার খামের আবিষ্কার হয় ১৮৩৯ সালের পর। এর আগ পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রে লোকজন কাগজে চিঠি লিখে দুদিকে ভাঁজ করত, তারপর মোম দিয়ে বন্ধ করে পেছনে ঠিকানা লিখত। যদিও ১৭১৪ সালে ইংল্যান্ডে একটি রাইটিং মেশিনের জন্য পেটেন্ট নিবন্ধিত হয়, কিন্তু প্রথম ব্যবহারিক টাইপরাইটার নির্মাণ করেন একজন আমেরিকান। নাম উইলিয়াম অস্টিন বার্ট, ১৮২৯ সালে। তবে প্রথম দিকের মেশিনগুলোর প্রধান ব্যবহারকারী ছিল অন্ধ ব্যক্তিরা। শিকাগোর জুডসন হুইটকম্ব তাঁর ১৬ বছরের পেশাগত জীবনে ১৬টি পেটেন্ট নিবন্ধন করান। এর মধ্যে তাঁর সেরা আবিষ্কার ছিল জিপার। তবে জিপার আবিষ্কারের কৃতিত্ব তাঁকে দেওয়া হলেও শুরুতে তিনি যে জিপার উদ্ভাবন করেন, এর উদ্দেশ্য ছিল, প্রতিদিন জুতার ফিতে খুলতে যে সময় লাগে তা কমিয়ে আনা। ১৮৯০ সালে এ উদ্দেশ্যে ফিতার পরিবর্তে তিনি চেইন লাগানো ধাতব জিপার উদ্ভাবন করেন এবং তাঁর এই আবিষ্কারের নাম দেন ‘জুতা বন্ধ এবং জুতা খোলার হুক’। ১৮৯১ সালে হুইটকম্ব তাঁর এই আবিষ্কার নিবন্ধন করান। তবে মৃত্যুর অনেক পরে জিপারের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি মেলে জুডসনের। ১৬২০-২৪ সালে ইংল্যান্ডে কর্মরত ডাচ্ উদ্ভাবক কর্নেলিয়াস ফান ড্রেবেল কাঠের কাঠামো চামড়ায় মুড়িয়ে একটি সাবমেরিন তৈরি করেন। টেমস নদীর ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত গভীরতায় চামড়ার তৈরি এই সাবমেরিন বেশ কয়েকবারের প্রচেষ্টায় চলতে সক্ষম হয়। এটা চালানোর জন্য প্রয়োজন হতো ১২ জন লোকের। ক্রমাগত পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর ড্রেবেলের সর্বশেষ সাবমেরিন সংস্করণে রাজা প্রথম জেমস যাত্রী হয়েছিলেন। কিন্তু তার পরও ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এটা বহরে অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানায়। ভাষান্তর: হাসান খুরশীদ