পরিবর্তনের পক্ষে জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাজরিননামা
তাজরিননামা

শিল্পী দিলারা বেগম জলি রং-তুলির আঁচড়ে যেভাবে সমালোচনা করেন, তা সমাজের স্তরে স্তরে প্রবেশ করে। আন্তর্জাতিক রাজনীতির সর্বগ্রাসী পরিমণ্ডল থেকে সংকীর্ণ হয়ে এসে জাতীয় পর্যায়, নারী জীবনের বিড়ম্বনা, যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং মানবতা ও সভ্যতার ওপর তার প্রভাব, ধর্ম ও অতিকথা, হয়ে উঠেছে জলির বিষয়। এ স্তরগুলো একত্র হয়ে প্রতীকের আঙ্গিকে প্রকাশ পায় এ শিল্পীর স্বনির্মিত ভাষা।
জলির কাজের প্রাথমিক পর্যায় থেকেই রাজনীতি নিয়ে তাঁর উদ্বেগ লক্ষণীয়। ১৯৮৩ সালের নয়জন শিল্পীর দলীয় প্রদর্শনীতে তাঁর কাজে উঠে আসে স্বৈরশাসনের ছায়ায় বাংলাদেশ কীভাবে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়, সেই চিত্র। তাঁর চিত্রিত সামাজিক-রাজনৈতিক বাস্তবতার বৈশিষ্ট্য হিসাবে দেখা যায় প্রায় প্রকাশবাদীতুল্য আবেগের প্রচণ্ডতা।
১৯৮৩ সালের প্রদর্শনীর পর জলির সামাজিক দায়বদ্ধতার লক্ষ্যবস্তু হয়ে ওঠে নারীদের দুরবস্থা। জলির মা ছিলেন তাঁর অনুপ্রেরণার উৎস। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নারীর অর্থনৈতিক মুক্তিই তাদের স্বাধীনতার প্রাথমিক উপায়। এ সময়েই জলি অনুধাবন করেন ধর্মীয় মৌলবাদের সঙ্গে পিতৃতন্ত্র এবং সমাজে নারীর স্থানের সম্পর্ক। আর এভাবে শুরু হয় সমাজে নারীর অবদমন এবং নারীর জটিল ভূমিকার পেছনের রাজনীতি নিয়ে এ শিল্পীর গবেষণা।
আন্তর্জাতিক অঙ্গনে নারীদের নিজেদের শরীরের সঙ্গে নিজেদের সম্পর্কের নারীবাদী বোধের ভিত্তিতে শিল্পে যে সনাতন ‘পিতৃতান্ত্রিক’ নন্দনতত্ত্বের বিপরীতে ‘মাতৃতান্ত্রিক’ নন্দনতত্ত্বের একটা বিশেষ প্রশ্নে আলোচনা চলচিল, সে বিষয়ে প্রথম দিকে জলি তেমন অবগত ছিলেন না। কিন্তু অচিরেই তিনি বুঝতে পারেন যে তাঁকে নিজের চোখ দিয়ে দেখতে-শিখতে হবে এবং নিজের ভাষা খুঁজে নিতে হবে, যদি না তিনি নারীদের বাস্তবতাকে নারীর পক্ষে উপস্থাপন করতে চান। প্রাতিষ্ঠানিক ভাষা তাঁকে পরিত্যাগ করতে হবে। কারণ, সে-ভাষা পিতৃতান্ত্রিক ব্যবস্থার অধীন প্রতিষ্ঠানের মাধ্যমে শেখানো হয় এবং নিরপেক্ষ বলে গণ্য করা হয়।
জলি তথ্য এবং ঘটনাবলি সংগ্রহ করে এবং সেগুলোকে তাঁর বোধ এবং আবেগের দ্বারা আত্মীভূত করে এমন একটা অবস্থায় পৌঁছান যেখানে তিনি তাঁর বিষয়বস্তুর সঙ্গে একাকার হয়ে যান। ঘটনাগুলো প্রায় গণমাধ্যমে প্রচারিত নারীর ওপর নির্যাতনের প্রতিবেদন থেকে সংগৃহীত। এসব ঘটনা জলি আত্মস্থ করে নিজের ভাষায় ব্যাখ্যা করেন। ভাষাটা বাস্তব ও কল্পনার মিশ্রণ। এর মধ্যে জলি সংযুক্ত করেন তাঁর নিজের নির্মিত এবং বারবার ব্যবহূত প্রতীকসমূহ। ১৯৮৫ সালে লালসালু দিয়ে শুরু করে ১৯৯৬ সালে তিনি উপস্থাপন করেন নূরজাহানের বিয়োগান্ত ঘটনা। নূরজাহান ফতোয়ার বলি। জলি ভাবেন রুমানা মঞ্জুরকে নিয়ে। তাজরীন ফ্যাশনের অল্প বয়স্ক নারীশ্রমিকদের সঙ্গেও তিনি একাত্ম হয়ে যান, যাঁরা

ড্রইং ৮। শিল্পী: দিলারা বেগম জলি
ড্রইং ৮। শিল্পী: দিলারা বেগম জলি

২০১২ সালে কারখানায় অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হন।
জলি তাঁর বিকল্প ভাষা অন্বেষণের জন্য এবং নিজস্ব শব্দভাণ্ডার ও প্রতীক সৃষ্টির জন্য নকশি কাঁথাকে বেছে নেন। নকশি কাঁথায় বিধৃত ভাষা, প্রতীক ও আঙ্গিক নারীদের দ্বারা উদ্ভাবিত। নকশি কাঁথা জলির কাছে ‘পিতৃতান্ত্রিক’ নন্দনতত্ত্বের বিকল্প ভাষা হিসেবে প্রতীয়মান হয়।
প্রজননের রাজনীতি, প্রজননে নারীদের ভূমিকা পালনে বাধ্য করার জন্য মাতৃত্বকে মহিমান্বিত করার প্রক্রিয়া জলিকে ভ্রূণের বিষয়ে মনোনিবেশ করতে আগ্রহী করে তোলে। ৯/১১ পরবর্তী বিশ্বরাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপট, অন্যায্য ইরাক যুদ্ধের হিংস্রতা এবং যুদ্ধের প্রধান শিকার যে জননীরা, সেটা জলির কাছে প্রতীয়মান হওয়ায় তিনি নারীর প্রজননতন্ত্র নিয়ে বিশেষভাবে আচ্ছন্ন হয়ে পড়েন। জলির উপস্থাপন মনে করিয়ে দেয় পুষ্পের প্রজননতন্ত্রের জৈব বৃদ্ধির প্রবহমান নকশা এবং প্রতিধ্বনিত করে নকশি কাঁথার আঙ্গিককে। নকশি কাঁথার নারী-প্রজনন অঙ্গ প্রায়শই উন্মীলিত পদ্মের দ্বারা প্রতীকায়িত এবং উর্বরতার প্রতীক ব্যাপকভাবে উদ্ভিদ ও প্রাণিজগৎ থেকে সংগৃহীত। বস্তুত এ উপস্থাপনকে দেখা যেতে পারে নারী-দেহের পণ্যকরণ কিংবা বস্তুকরণের ঠিক বিপরীত প্রক্রিয়া হিসেবে। শিল্পের ইতিহাসে অধিকাংশজুড়েই দেখা যায় নারীদের বস্তুকরণ। পক্ষান্তরে জলির কাজে নারীর নিজ দেহের মধ্যকার ক্রিয়াকলাপের অন্তঃসম্পর্ক, বহির্বিশ্বের সঙ্গে নারীর সম্পর্ককে তুলে ধরা হয়েছে। নারীর বাহ্যিক আকার বা রূপ নয়।
শুধু নারী নয়, জলির কাজ বিভিন্ন দিকে বেড়ে ওঠে এবং উন্মীলিত হয়, কারণ ও ফলাফলের দিক নির্দেশ করে। হাইডে গোয়েটনার-এবেন্ড্রথের কথা ধার করে বলতে হয়, তাঁর কাজ ‘...জাদুতে পরিণত হয়। জাদুবাস্তবতায় জোরপূর্বক প্রবেশ করে প্রতীকের মাধ্যমে এবং বাস্তবের পরিবর্তনকে প্রভাবিত করে। প্রাচীন মাতৃতান্ত্রিক শিল্প...জাদু ব্যবহার করে প্রকৃতিকে প্রভাবিত করার চেষ্টা করত; আধুনিক মাতৃতান্ত্রিক শিল্প মনস্তাত্ত্বিক এবং সামাজিক বাস্তবতাকে পরিবর্তন করতে সচেষ্ট হয় জাদু (আধুনিক জাদু) ব্যবহার করে।’