পরিবেশের মৃত্যুযন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পচর্চার শুরুর গল্প যেমন মানুষের ‘জীবন’ তথা বেঁচে থাকার প্রশ্নের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত, তেমনি নানা সময়ে সভ্যতা বিকাশের বিভিন্ন পর্বে শিল্পচর্চাও বিবিধ উত্থান-পতনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত মানুষের বেঁচে থাকার লড়াইকেই মূর্ত করে তুলেছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিল্পীসমাজও আজ এক। ভারতের শিল্পী দীপালী সাহা একক চিত্রকর্ম প্রদর্শনী ‘পরিবেশের মৃত্যুযন্ত্রণা: রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে সচেতনভাবে নিজের অবস্থান ঘোষণা করলেন মানবতার প্রতি। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৩১। ছাপচিত্র মাধ্যমের এচিং, লিথোগ্রাফ, উডকাটসহ ড্রয়িং ও তেলরঙের কিছু পেইন্টিং রয়েছে প্রদর্শনীতে।ছাপচিত্র ও পেইন্টিং মাধ্যমের ছবিগুলো অধিকাংশই নিজস্ব অভিব্যক্তির স্বরূপ। নারী প্রতিকৃতি, নারীশরীর এসেছে বারবার। বিড়াল, গরু কিংবা ঘোড়া কিংবা প্রকৃতি এসেছে গল্প আকারে বিষয়ের ভাব প্রকাশে। কখনো বিষয়বস্তু প্রতীকীভাবে এসেছে কিছুটা ‘স্যুররিয়াল’ আবহে। লাল, সবুজ, নীল রঙের বিভিন্ন গ্রেডের পরিশীলিত ব্যবহার রয়েছে তাঁর ছবিতে। হলুদ কিংবা মেটে রং আরও বেশি প্রাকৃতিক করে তোলে বিষয়বস্তুকে গভীরতা ও গূঢ়তা প্রদানের মধ্য দিয়ে। দীপালী সাহার ছাপচিত্রে টেক্সচার রেখার বিভিন্নতা খুব স্বাভাবিক নান্দনিক রস সৃষ্টি করেছে। কোনো নির্দিষ্ট রীতি তাঁর কাজে পাওয়া না গেলেও মানুষের জীবনযন্ত্রণা, জটিলতা ও স্বপ্নের সম্মিলন ঘটানোর প্রয়াস লক্ষণীয়। চিত্রের কম্পোজিশন চর্চা সমসাময়িক চর্চার বাইরে নয়। ড্রইংগুলো অনেক বেশি অভিব্যক্তিময়। কিছু ক্ষেত্রে তৈলচিত্রগুলো শিল্পীর নিজস্ব সমালোচনার দাবিদার। পুরো প্রদর্শনীর মূল আকর্ষণ বলা যেতে পারে একটি ‘ভিডিও ইনস্টলেশন’। মূলত এটিই প্রদর্শনীর শিরোনামের সঙ্গে বেশি মাত্রায় সংগতিপূর্ণ। শান্তিনিকেতনের পরিবেশ, রবীন্দ্রনাথের দর্শন, শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা এবং শিল্পচর্চার ক্ষেত্রে শিল্পীর নিজের উৎসাহ এখানে স্পষ্ট হয়েছে কিছুটা আত্মপরিচয় বিনিময়ের উপায়ে। শিরোনামের সঙ্গে আরও বেশি সংগতিপূর্ণ এবং ভিডিও ইনস্টলেশনটি ভাষায় ও নির্মাণে আরও সৃজনশীল মনোযোগের দাবি রাখে।শিল্পী দীপালী সাহা ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত যুক্তরাজ্য, জার্মানি, ভুটান ও ভারতের বিভিন্ন শহরে ১৯টি একক প্রদর্শনীসহ বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন।বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরু হওয়া একক চিত্র প্রদর্শনীটি চলে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।