পরিশীলিত দৃশ্যরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াকিলুর রহমানের ইন বিটুইন নামের প্রদর্শনীটি ব্যক্তিগত শিল্পভান্ডারের একটি সামগ্রিক চিহ্নের দাবিদার হয়ে উঠেছে। বেঙ্গল আর্ট লাউঞ্জের ছবি ঝোলানোর পরিসরগুলো রূপান্তরিত হয়েছে শিল্পীর গোলাঘরে। পেইন্টিং, ড্রয়িং, স্কেচ ও ভাস্কর্যের সম্মিলিত উপস্থাপন কেবল ওয়াকিলের চর্চার বহুত্বকেই ইঙ্গিত করে না, শিল্পীর ব্যক্তিমালিকানাধীন জাদুঘরের ধারণাকেও হাজির করে। চিত্রকর্মগুলো ফ্রেমে বাঁধাই করে দেয়ালে টাঙানোর প্রথা অনুসরণের পাশাপাশি তিনি ছবিকে বিনা ফ্রেমে দেয়ালের গতরে সেঁটেছেন, মেঝে থেকে দেয়ালে ঠেস দিয়ে রেখেছেন, আয়তাকার একটি টেবিলে আঁকা কিংবা ছাপ নেওয়া নানান ছবির স্তূপের সঙ্গে সঙ্গে চিত্রডায়েরির ধারণার খোপেও উপস্থিত করেছেন নিজের কাজ। শিল্পীর এই বিশেষ বাসনা থেকেই শিল্পকরণের প্রক্রিয়াটি বাস্তব রূপ নিতে তৎপর হয়। ছবি প্রদর্শনের স্পেস বা পরিসরের প্রতি সংবেদনশীল আচরণ করার একটি স্পষ্ট মনোভঙ্গি যে ওয়াকিলের রয়েছে, তা এই চলতি প্রদর্শনীর দোহাই দিয়ে হলফ করে বলতে পারা যায়। তার পরিসরসংক্রান্ত সংবেদনার একটি তদন্তের দিকে আলাদা নজর ফিরিয়ে ন্যূনতম দুটি অনুসিদ্ধান্ত এখানে তুলে ধরা যায়। প্রথমত, ইন বিটুইন শিরোনামের প্রদর্শনীতে পাঁচটি ভাস্কর্য ও অন্যান্য চিত্রকর্ম যে উপায়ে শিল্পী হাজির করেছেন, এতে গ্যালারির পরিসরের বস্তুগত চরিত্রকে সম্যক উপলব্ধি করার এক তাগিদ খুঁজে পাওয়া যায়। সে জন্য গ্যালারির কোনা-কানচিতেও শিল্পকর্ম স্থাপন করে শিল্পী সার্থক হয়েছেন। কারণ, গ্যালারির লম্বমান দেয়ালে ঝুলতে থাকা ছবি দেখে অভ্যস্ত দর্শকের চোখকে শিল্পী বিনা আয়েশে আপাত-লুকানো আনুভূমিক তলে রাখা শিল্পের দিকেও ক্ষণে ক্ষণে ফিরিয়ে আনতে পেরেছেন। গ্যালারির বস্তুগত শর্তের সঙ্গে এ এক মোক্ষম বোঝাপড়া।প্রসঙ্গত, আশির দশকে ‘সময়’ গোষ্ঠীর আবির্ভাবে এ দেশের চিত্রশিল্পে যে উত্থানপর্ব লক্ষ করা যায়, সেখান থেকেই ওয়াকিল নিজের প্রথম বিকাশের ভাষা তৈরি করেন। সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রেরণা থেকে সামরিকতন্ত্রবিরোধী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র-বাসনা চরিতার্থ করতে সেই সময়ের শিল্পীরা নিজেদের শিল্পভাষায় আহরণ করেছিলেন নানান রাজনৈতিক প্রতীক। আশির দশকের উত্থানপর্ব থেকে অধুনা স্বাভাবিকভাবেই ওয়াকিলের ভাবনা, ভাষা ও বিষয়ের বদল ঘটেছে। জার্মানির বার্লিনে ওয়াকিলের বসবাসের অভিজ্ঞতা তাঁর বর্তমান প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পের ধরন-ধারণে সঞ্জীবনী ভূমিকা রেখেছে। বিংশ শতকের দ্বিতীয় দশকে শুরু হওয়া পশ্চিমা ডাডাবাদী শিল্পান্দোলন থেকে পরবর্তী বিমূর্ততা ও বিমূর্ত অভিব্যক্তিবাদ ওয়াকিলুর রহমানকে নিজস্ব চর্চার ক্ষেত্রে বারবার উদ্বুদ্ধ করেছে। ইংরেজি, ক্ষেত্রবিশেষে বাংলা, অক্ষর ও শব্দকে চিত্রের উপাদানে পরিণত করে বক্তব্য গঠনের প্রতি শিল্পীর আচ্ছন্নতা দেখা যায়। এই প্রদর্শনীতেও কমপক্ষে চারটি বড় আয়তনের ছবির উদাহরণ টেনে বলা যায়, ওয়াকিল শব্দকে পাঠের নিমিত্তে ব্যাবহার করেন না। খুব অনুজ্জ্বল একটিমাত্র রং দিয়ে নির্মিত আয়তনে শব্দকে তিনি দেখার টেক্সচারে মাত্র রূপান্তর করেন। ওয়াকিলের ছবিতে শব্দের ধ্বনিতাত্ত্বিক তাৎপর্যের খোঁজ করতে যাওয়া নিরর্থক। রঙের বৈচিত্র্য ও উজ্জ্বলতার মানদণ্ডে একটি সংকোচনবাদী ভঙ্গির প্রয়োগ সত্ত্বেও ওয়াকিলের ছবি শেষ পর্যন্ত দর্শকের বিচারে দৃশ্য হিসেবেই বিরাজ করে। এই দৃশ্যাবলি অনানুষ্ঠানিক নয়, আনুষ্ঠানিক। কারণ রূপকল্পনা, বিন্যাস ও বুননের শাস্ত্রগত শিল্পাদর্শকে নিপুণভাবে ওয়াকিল অনুসরণ করেন। আধুনিকতাবাদী পরিশীলনের বোধ তাঁর কাজকে নির্জন নিভৃতির বৈশিষ্ট্য সরবরাহ করে।আবার এই প্রদর্শনীতে এমন কিছু কাজ আছে যেগুলো দেখে মনে হয়, আমেরিকান বিমূর্ত অভিব্যক্তিবাদী শিল্পী জ্যাকসন পোলক কিংবা ফ্রানজ ক্লিনের অ্যাকশন পেইন্টিংয়ের প্রতি ওয়াকিলের মুগ্ধতা আছে। তবে, ওয়াকিল অ্যাকশন পেইন্টিংয়ের সীমা-না-মানা সহজাত স্বতঃস্ফূর্ততার প্রকাশসূত্র উপেক্ষা করে একটি সতর্ক দক্ষতার উদ্ঘাটনে নিবিষ্ট থাকেন।অবয়বধর্মী চিত্রগুলোর একটি যেমন তুলে ধরছে একাকী ব্যক্তির কঙ্কাল ও নৌকার ফসিল আর পটভূমিতে আছে মায়াবী চাঁদ। অস্তিত্ববাদী চিন্তা এই ছবির নির্যাস। প্রতীকী উপস্থাপন এর প্রকাশভঙ্গিকে নিশ্চিত করেছে। ব্যক্তির অস্তিত্বের সংকট তুলে ধরতে সৈয়দ ওয়ালীউল্লাহও বাংলার জনজীবনের জনপ্রিয় নানা অনুষঙ্গ ব্যবহার করেছেন। ওয়াকিলও একই পন্থা অনুসরণ করেছেন। ওয়াকিলের নৌকা এখানে ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী জীবনতরি, যা জীবনের বিরুদ্ধনিয়মে ধ্বস্ত, বিপন্ন। মাঝিরূপী ব্যক্তি এই ছবিতে ব্যক্তির বিপর্যাস ও ফসিল হিসেবে হাজির হয়েছে। অস্তিত্ববাদী ওয়াকিল যেন বলেন, জীবনের বহমানতা অবরুদ্ধ আর জীবনকে বহন করে যে একাকিত্ববাদী ব্যক্তি তার জীবন নিঃশেষিত। এই রকম পীড়া ও অবসাদ আছে ওয়াকিলুর রহমানের কাজে।প্রদর্শনীটি ১৫ থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হয়।