পর্দাজুড়ে নেমে এল শূন্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষবার হলে গিয়ে খুব সম্ভবত তারেক মাসুদের মাটির ময়না চলচ্চিত্রটি দেখেছিলাম। সেও বেশ কয়েক বছর আগের কথা। তবে মনে পড়ে, প্রথম ছবি দেখেছিলাম ফরিদপুরের ছায়াবাণী সিনেমা হলে, আব্বার কোলে বসে—অশোক কুমার অভিনীত চন্দ্রশেখর। আমার বয়স ছিল বড়জোর আট, স্কুলেও যাই না। সেদিন জীবনের প্রথম ছবি দেখতে দেখতে আমার শিশুমনে রাজ্যের বিস্ময়—বড় পর্দায় দেখতে পাচ্ছি বিরাট বিরাট মানুষ, জঙ্গল, ঘোড়া; কিন্তু তারা আমার কাছে আসছে না!আমি পড়ালেখা করেছি ঢাকার নবাবপুর হাইস্কুলে। থাকতাম কাপ্তানবাজার এলাকায়। আমাদের চোখের সামনে গুলিস্তান ও নাজ সিনেমা হল দুটি তৈরি হয়েছে। ১৯৫৬ সাল, যে বছর আমি এসএসসি পরীক্ষা দিলাম, সে সময় থেকে ওই হলগুলোয় সিনেমাও দেখেছি হরদম।আমার তরুণ বয়সে তত দিনে শুরু হয়ে গেছে উত্তম-সুচিত্রার যুগ। অগ্নিপরীক্ষা, শাপমোচন, হারানো সুর, হাসপাতাল—কী অনুপম সেই ছবিগুলো! তখন এসব ছবি দেখেছি রূপমহল, মুকুল ও নিশাত সিনেমা হলে। এ হলগুলোয় প্রধানত বাংলা ছবি চলত। আর গুলিস্তান ও নাজ ছিল ভালো ভালো ইংরেজি ছবির জন্য বিখ্যাত। এখানে আমার প্রিয় একটি ইংরেজি ছবির নাম বলি: মাই ফেয়ার লেডি। ছবিটির উদ্বোধনী প্রদর্শনী দেখেছিলাম কানাডায় বসে। ছবিটি পরে আরও কয়েকবার দেখেছি।পছন্দের চলচ্চিত্রের কথা বলতে গেলে আলাদা করে বলা যাবে সত্যজিৎ রায়ের অপুর সংসার-এর কথা। যত দূর স্মরণে আসে, ছবিটি প্রথম দেখেছিলাম কোনো চলচ্চিত্র উৎসবে। গল্পের সঙ্গে আমার নিজের জীবনেরও মিল আছে। আর পুরো ছবিতে সত্যজিৎ রায় এত শৈল্পিক ভাষায় গল্পটি বলেছেন—এককথায় অপূর্ব! সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুরের অভিনয় আজও চোখে লেগে আছে।অপুর সংসার-এর একটি দৃশ্য আছে, একটি ট্রেন চলে গেল। তারপর পর্দাজুড়ে নেমে এল শূন্যতা। ওই শূন্যতা অনেকবারই আমাকে ভয়ংকরভাবে স্পর্শ করেছে। আমি দর্শক, কিন্তু মনে হয়েছে, এ শূন্যতার অংশ আমিও!আসলে ভালো ছবির গুণই এই, হূদয়কে যেকোনোভাবে স্পর্শ করে।অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ