
রূপবন্ধ একটি দলগত প্রদর্শনী। এখানে অংশ নিয়েছিলেন পাঁচজন শিল্পী। নিয়মিতই তাঁরা কাজ করেন, তবে তাঁদের অনেকেরই প্রদর্শনী নিয়মিত হয় না। তাই এ প্রদর্শনীর মধ্য দিয়ে এমন কয়েকজন শিল্পীর সঙ্গে আমাদের অন্তরঙ্গ পরিচয় ঘটল, যাঁদের কাজ আমরা আগে বহুবার দেখেছি; কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করিনি।
প্রথমেই আসি সুলেখা চৌধুরীর কাজ প্রসঙ্গে। বর্ণনাধর্মী কাজের দিকে তাঁর ঝোঁক। ছবি, ভাস্কর্য বা স্থাপনা—সব ক্ষেত্রেই তাঁর থাকে নির্দিষ্ট একটি গল্প। আর প্রায়ই এ গল্পের বিষয় হয় নারী। প্রদর্শনীতে সুলেখার ছিল আটটি কাজ, যাঁর মধ্যে বারবার পাওয়া যায় শৈশব ও কৈশোরের একটি মেয়েকে। এ মেয়ের ভেতরে আবার দেখি লুকিয়ে আছে ভয় ও ভয়ের সংকেত। শিল্পীর ‘পলকের স্বপ্ন’ শিরোনামে কাজটিতে আমরা এমনই একটি ভয়ের সংকেত পাই। ছবিগুলোতে সুলেখার কৃতিত্ব অনেক। তবে উপস্থাপনার কারিগরি বিষয়টির প্রতি তাঁর যথেষ্ট উদাসীনতা লক্ষণীয়। ফলে শিল্পীর যা কিছু দক্ষতার স্বাক্ষর চোখে পড়ে, শেষাবধি সেটা চিত্ররচনা ও ছবির টানটান ভাবকে ধরে রাখতে পারে না।
আফরোজা জামিল ছবি আঁকেন, আবার শিল্প-সংগঠকও। প্রদর্শনীতে তাঁর কাজ আছে সাতটি। আফরোজার অঙ্কনপদ্ধতি এমন, জমিতে অমসৃণ বুনট তৈরি করে বর্ণলেপনের মাধ্যমে সৃষ্টি করেন গল্প। তাঁর ছবিতে পাওয়া যায় একধরনের প্রাচীনত্বের ছাপ, যা তৈরি হয় অমসৃণ ওয়াশ ও মাধ্যম হিসেবে অ্যাক্রিলিককে বেছে নেওয়ার কারণে। তবে এই মাধ্যমে চ্যালেঞ্জ আছে। সেটি হলো, মধ্যবর্তী বর্ণকে আয়ত্ত করা। আফরোজা দীর্ঘদিন ধরে সেটাকে রপ্ত করার চেষ্টা করছেন। এবারের প্রদর্শনীর ছবি দেখে মনে হলো, সেই জায়গায় তিনি বেশ সফলতা অর্জন করেছেন।
ফারজানা রিপা দীর্ঘদিন ধরে প্রবাসী। সেখানেই শিল্পচর্চা করছেন। তাঁর দক্ষতা আছে ড্রয়িং ও বর্ণলেপনে। প্রদর্শনীতে এ শিল্পীর কাজগুলোতে চোখ রাখলে আমরা দেখতে পাই, ভাষা ও প্রকাশভঙ্গির ব্যাপারে তাঁর রচনা এখনো দ্বিধাগ্রস্ত, আছেন এখনো নিরীক্ষার মধ্যেই। উপরন্তু নির্বস্তুক জমির সঙ্গে এমন কিছু বস্তুর কোলাজ করেছেন; চূড়ান্ত বিবেচনায় যা কিছুটা বেমানানই ঠেকেছে। তবে এ শিল্পীর সাফল্যও আছে—কিছু কিছু শুদ্ধ বিমূর্ততা সাবলীলভাবে প্রকাশিত। তাঁর ‘জীবনের বিবর্তন’ শীর্ষক ছবিতে দেখতে পাই গ্রামীণ জীবন। তবে সে গ্রামীণ জীবন অনেক দূর থেকে দেখা। এখানে গ্রাম উপস্থাপিত হয়েছে শহুরে শোকেসে। ‘কিছু ব্যথা স্থায়ী হয়’ কাজটির মধ্যে পপ আর্টের উপাদান বেশ প্রবল। একই উপাদানের প্রাবল্য লক্ষণীয় পূর্বে উল্লিখিত ‘জীবনের বিবর্তনে’ও। এই ছবি দুটি শিল্পীর নতুন ভাষা তৈরির প্রধান উপাদানে পরিণত হতে পারে।
প্রদর্শনীতে সালমা জাকিয়ার শিল্পকর্ম আছে আটটি। সব কটিই ক্যানভাসে অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা। তিনি শহরের জীবন দেখছেন কখনো পাখির চোখে, কখনো-বা সমতলে নেমে অনুভূমিক জমিতে দাঁড়িয়ে। তাঁর ছবি দেখলে কখনো মনে হয় ওপর থেকে তোলা স্যাটেলাইট ম্যাপ; কখনো নেহাতই কোনো বিমূর্ত ছবি। সব মিলিয়ে সালমার চিত্ররচনায় একধরনের পরিপক্বতা এবং ভাষার গড়ন তৈরি হয়েছে—এটা বলা যায়।
অন্যদিকে, নাজমুল আহসানের কিছু ছবি দেখলে মানতে হয়, তিনি যেন প্রবহমান রাখতে চাইছেন হেমেন মজুমদারের ধারা। তবে নাজমুলের দক্ষতা ওই ধারা থেকে বেশ পিছিয়ে। ব্রিটিশ ধ্রুপদি ধারার যে বাঙালি উত্তরাধিকার হেমেন প্রতিষ্ঠা করেছিলেন, তাঁকে অনুসরণ করতে তেলরংই বোধ করি উৎকৃষ্ট মাধ্যম। এ ক্ষেত্রে অ্যাক্রিলিক বেছে নিয়ে একসময় নাজমুল সম্ভবত সমস্যায় পড়েছিলেন। তবে এবারের প্রদর্শনীতে মনে হলো, নিজেকে বদলাতে চাইছেন তিনি। তাঁর এবারের কিছু কাজে হেমেন অপসৃত হয়ে স্থান করে নিয়েছেন মোহাম্মদ কিবরিয়া, মাহমুদুল হক; কোনো কোনো ক্ষেত্রে রফিকুন নবীও। সব মিলিয়ে প্রদর্শনীটি নানা কারণেই দৃষ্টিনন্দন। একইভাবে এর ব্যঞ্জনাও বিচিত্র।
গ্যালারি কসমস-২-এ গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি চলেছে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।