পাওনা

সকালবেলা মাইকে ‘ভাইসব’ শুনে লোকজন কান খাড়া করে। তেলিপাড়ার সিরাজের গলা, ‘একটি শোক সংবাদ’; মাইকের কিং শব্দের নিচে ঘোষকের ভরাট গলা চাপা পড়ে যায়। কিছুক্ষণের জন্য সব চুপচাপ, লোকজন উসখুস করে। মাইকে সিরাজের গলায় ‘ভাইসব’ শোনার সঙ্গে সঙ্গে লোকজন ভাবে, আবার যাত্রা পার্টি এল নাকি। কিন্তু পরমুহূর্তে ‘একটি শোক সংবাদ’ শোনার পর সবার মধ্যে একটা দমে যাওয়া ভাব এলেও শোক সংবাদের ঘোষণায় তাদের হতাশা ঔৎসুক্যে পরিণত হয়। মকবুলের দোকানের বেঞ্চিতে অলস বসে চায়ের কাপে আয়েশি চুমুক দিতে দিতে কয়েক তরুণ কান খাড়া করে রাখে মাইকের সরব হওয়ার অপেক্ষায়। একজন বলেন, কিডা মরল আবার? এই প্রশ্নের জবাবের মতোই যেন প্রায় সঙ্গে সঙ্গে সরব হয় মাইক। সিরাজের ভরাট গলা আবেগে ভর করে ভেসে আসে বাতাসে, ভাইসব, একটি শোক সংবাদ...ভাইসব, একটি শোক সংবাদ...গতকাল রাত ১০ ঘটিকায় শীতলপুর নিবাসী আলহাজ ইদ্রিস আলী শিকদার ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আজ বাদ আসর শীতলপুর জামে মসজিদে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হইবে। আপনারা দলে দলে যোগদান করে মরহুমের রুহের মাগফেরাত...।
ইদ্রিস শিকদারের মৃত্যুসংবাদ উপস্থিত লোকজনের মধ্যে তেমন কোনো সাড়া জাগাতে ব্যর্থ হয়, কে একজন রগড় করে বলে, সিরাজের গলা শুইনে মোনে করলাম যাত্রা পাট্টি আইসে গেল নাকি। আচ্ছা, খিয়াল করিছিস, সিরাজের গলাত্থে যাত্রাপালার অ্যানাউন্স যি রহম কায়দা কইরে বারোয়, ইদ্রিস শিকদারের মরার খবরও সেরাম লাগতিসে। মোনে হসসে যাত্রার ডায়লগ মারতিসে। আরেকজন খ্যা খ্যা করে হাসে, আচ্ছা, যি মানুষ যাত্রা নাটকের অ্যানাউন্স কইরে বিড়ায়, সে মউতের অ্যানাউন্স কইরে কচ্ছে ‘ইন্না লিল্লাহে’, কি যে দিনকাল পড়িসে? ও মকবুল, এ কী চা বানালি, শিকদারের মরার খবর পায়ে শোক দিবস পালন কত্তিসিশ নিহি?
তারপর আগের কথার খেই ধরে বলে, সিরাজের ডায়লগ মারার কথা কচ্ছিলি না? যাত্রা, সিনেমা আর সার্কাসের অ্যানাউন্স করতি করতি ওর গলাও সেরাম অয়ে গেছে। আরে সেবার কী অলো শোন। রাজলক্ষ্মী যাত্রা পাট্টি আইল যিবার, বেবিটেক্সির ছাদে মাইক ফিট কইরে যাচ্ছিল শহরের দিকে, আমারে কলো, চল, ঘুইরে আসবি। আমারও কিছু করার নেই, কলাম ঠিক আছে, যাই, মাগনা ঘুইরে আসি। সারা রাস্তা সে তো চালাল, প্রেমতলা আলোকোজ্জ্বল যাত্রা রঙ্গমঞ্চে...প্রিন্সেস জরি-ই-ই-না। পথে ক্রিসেন্ট জুট মিলির গেটে দাঁড়ায়ে আবার আধা ঘণ্টা চালাল। মাগরিবের আজান অয়ে গেসে, জোশের ঠেলায় খেয়াল নেই। একটা মসজিদ আছে না ওহানে, দূর থেইকে দেখি ওডার সামনে চার-পাঁচজন দাঁড়ায়ে আছে, হাতে চেলা কাঠ। বুঝলাম আইজ মাইর একডাও মাটিতি পড়বে নানে। আমি কলাম, যা করে আল্লায়৷ এই ড্রাইবার, টান দে, যত জোরে পারিস, থামালি সোগ্গলের খবর আছে। টেক্সি টান দিল হাওয়ার মতোন, ও রহম ছুইটে আসতি দেইখে লাফ দে সইরে গেল তারা।
জায়গাটা পারায়ে আসার পর কলাম, সিরাজ ভাই, শুরু করেন আবার, বিপদ কাইটে গেসে। কী কব, সিরাজের যাত্রা রঙ্গমঞ্চ তহন ভঙ্গমঞ্চ। কলো, জব্বর বাঁচান বাঁচাইছিস রে ভাই। যা, তোর জন্যি সামনের সিট ফ্রি করায়ে দেবানে ম্যানেজাররে কয়ে।
আচ্ছা ইদ্রিস শিকদারের ছাওয়ালগুলার টাহার গরম দেহিসিশ? কেউ মরলি পর পাড়া-প্রতিবেশীরা অ্যানাউন্স করে, এরা এক্কেবারে সিরাজের মতোন দামি অ্যানাউন্সার ভাড়া কইরে আনিসে, ওগের কি পাড়া-প্রতিবেশী নেই? একজন ফুট কাটে, পাড়া-প্রতিবেশী নেই, টাকা আছে।
জব্বর বলিসিশ তো। প্রতিবেশী থাকবে কোয়ানে? মানষির জায়গা-জমি দখল কইরে প্রতিবেশী সব ভাগায়ে দিয়েসে না?
আহা, দখল কচ্ছিস ক্যান, কিনে নিয়েছে বল। তা জিজ্ঞেস করতি পারিস কীভাবে কিনে নিল? মানুষজন শিকদারের নুরানি চেহারা দেইখে সুড়সুড় কইরে জোতজমি বেইচে দিয়েছে? কুমার বাড়ির অত বড় পুহুরসহ বাড়িটা খায়ে নিল, কেউ টেরও পালাম না। সুকুমার ম্যালা দিন কাঁইদে কাঁইদে বলিছে, আমাগের জন্যি কেউ নেই দাদা, ভগমানও নেই।
সুকুমারের কথা কচ্ছিস শুধু? নাম বইলে ফুরোতে পারবি নানে। বুড়ো না মরলি আরও কত মানষির জায়গা-জমি যে খায়ে নিত। পুরো দাম না মিটোয়ে বায়না কইরে রেজিস্ট্রি নিয়েছে বহু জমির। যারা বিপদে পইড়ে বায়না করিসে, রেজিস্ট্রির পর বাকি টাহা চাইলে কত, আরে দেবানে, অত তাড়া কিসির। শিকদারের ট্যারা চোখের ওপর চোখ তুইলে কথা কতি পারিসে কেউ?
দোকানের ভেতর পেছন দিকে বসে ভাঙাচোরা চেহারার একজন ফুড়ুত ফুড়ুত করে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। এদের কথাবার্তা শুনে বলে, বাবারা, মানুষ মইরে গেলি পর অত গীবত গাওয়া ঠিক না।
ছোকরাদের একজন বলে, ঠিক বলিসেন চাচা, শিকদারের দুই চারডা ভালো কথা কনদি, আমরা শুনতি চাই।
লোকটা কি বলবে বুঝতে পারে না, তবুও বলে মুসলমান মারা গেলি পর কতি অয়, লোকটা খুব ভালো মানুষ ছিল। খারাপ কিছু থাকলিও কতি অয় না।
তাহলি চাচা কচ্ছেন হিন্দু মারা গেলি তার গীবত গাওয়া যাবে?
এদিক থেকে আক্রমণ আশা করেনি সে, তাই আঁকুপাঁকু করে বলে, তা কচ্ছিনে বাবারা, মারা গেলি পর কাউরে খারাপ কতি অয় না।
আপনি ইট্টু আগে কলেন মুসলমান মারা গেলি খারাপ কতি অয় না। আমাগের মারা যাওয়া নেতাগের হরদম বদনামি করা হসসে, তহন কেউ কিছু কচ্ছে না। আমরা ইদ্রিস শিকদারের কথা কলাম, আপনে ফতোয়া দিলেন, খারাপ কিছু কওয়া যাবে নানে। আপনার জোতজমি শিকদারের ভোগে গেলি পর ইকথা কতি পারতেন?
শিকদার বাড়ির সামনে গেলে মনে হয় মৃত্যুও বুঝি একধরনের উৎসব। সাদা পাঞ্জাবি-টুপি পরা লোকজন আসছে দল বেঁধে। বাড়ির সামনে গাড়ির ভিড় লেগে গেছে। মনে হচ্ছে, বড়সড় কোনো ধর্মীয় উৎসব চলছে। উঠোনে প্যান্ডেল টানিয়ে ডেকোরেটরের চেয়ার পেতে দেওয়া আছে, লোকজন মুর্দার মুখ দেখে এসে সেখানে বসছে। আত্মীয়স্বজন পরিচিতদের একটা পুনর্মিলনী অনুষ্ঠানের রূপ পেয়েছে পরিবেশটা। প্রথমদিকে নিচু গলায় শিকদারের নেকি, তাঁর ভালোমানুষির স্মৃতিচারণা করে তারপর অন্য আলাপ শুরু করলে মওতা বাড়ির ভাবগম্ভীর পরিবেশ বিস্মৃত হয়ে তাদের গলা চড়ে যায়। ফাল্গুনের শুরুতে এ রকম অলস আড্ডায় আরামে গা ভাসিয়ে দিয়ে বসে থাকতে পারার জন্য তাদের চেহারায় শোকের বদলে প্রশান্তির ছায়া ফোটে।
অথচ গরিবগুর্বোদের মওতা বাড়ির দূর থেকেই শোনা যায় মহিলাদের বুক চাপড়ানো বিলাপের শব্দ, গলার রগ ফুলিয়ে, আলজিব পর্যন্ত দেখা যায়, এমন চিৎকার করে কাঁদতে থাকে মেয়েরা। তখন বুড়োরা বলে, আহা মুর্দার সামনে অমন কইরে কাঁদতি অয় না, মুর্দারের কষ্ট অয়। সেই কষ্টের কথা শুনে বিলাপরত মহিলাদের কেউ কেউ সচেতনভাবে কান্না গিলে ফেলে, তারপর কোনো আত্মীয়া এসে সদ্য বিধবা কিংবা মেয়েকে জড়িয়ে ধরে বিলাপ শুরু করলে মুর্দার কষ্টের কথা বিস্মৃত মহিলাদের কান্না আবার নতুন উদ্যম লাভ করে। কিন্তু বড়লোকদের মৃত্যুর আবহ হয় ভিন্নতর, তাদের মওতা বাড়িতে উচ্চ স্বরে কান্নার রোল নেই, মহিলাদের বুক চাপড়ানো বিলাপ নেই। তারা কেবল পাথরের মতো চুপচাপ বসে থাকে, আর চোখ থেকে নিঃশব্দে গড়াতে থাকে পানি। কিছুক্ষণ পর পর শাড়ির আঁচল বা ওড়না দিয়ে সাবধানে অশ্রু মুছতে মুছতে ফুলে ওঠে চোখের কোল, চোখের ভেতর লালাভ রক্তের ছোপ ফুটে ওঠে বিনিদ্র রজনী কাটানোর মতো। আত্মীয় মহিলারা দেখতে এলে কেবল আলগোছে জড়িয়ে ধরে চোখে আঁচল চাপা দেয়, শরীরের নিঃশব্দ কাঁপুনি দেখে আঁচ করা যায়, রুদ্ধ কান্নার দমকে এই আলোড়ন।
ইদ্রিস শিকদারের মরদেহটা কার্পেটের ওপর শোয়ানো, তার এদিক-ওদিক আত্মীয়স্বজন চুপচাপ বসে, লোকজন কথা বলছে গলা খাটো করে। ঘরে কর্পূর আর আগরবাতির তীব্র ঘ্রাণ ভারী হয়ে ঝুলে আছে অদৃশ্য চাদরের মতো। হাফেজিয়া মাদ্রাসার কিছু কিশোর শিক্ষার্থী শায়িত শিকদারের কাছাকাছি বসে বেদম দুলে দুলে সিপারা থেকে কোরআন খতম দিচ্ছে নিচু স্বরে। শিকদারের ছেলেরা কানে মোবাইল ফোন চেপে ব্যস্ত পায়ে এদিক-সেদিক আসা-যাওয়া করছে, পিতার শায়িত মরদেহের পাশে দু-দণ্ড বসার ফুরসত পাচ্ছে না। তাদের কড়া ইস্তিরি করা পাঞ্জাবির ঘাড়ের কাছে টেলকম পাউডারের নিচে সুখী চেকনাই থিরথির করে কাঁপে, সেখানে রুল টানা খাতার মতো জেগে আছে কয়েকটা খাঁজ।
এতসব অচেনা অভ্যাগতর মাঝে গ্রামের লোকজন বিরস মুখে ঘুরে বেড়ায়, তাদের সফেদ চাদরের ওপর ময়লার ছোপের মতো দেখায়। মুর্দা গোসল, দাফন-কাফনের ব্যবস্থা সব শিকদারের ছেলেরা ফোনে নির্দেশ দিয়ে সেরে ফেলেছে বলে তাদের আর তেমন কিছু করার নেই। গ্রামের মসজিদের কাঠের যে খাটিয়াটা এনে রাখা হয়েছে উঠোনের এক কোণে, সেটি করুণভাবে পড়ে আছে শিকদারের শেষযাত্রার জন্য। শিকদারের মেজ ছেলে ওটার দিকে একবার তাকিয়ে বলে, এডা ভাইঙে পড়বে না তো, দেহিস ক্যানে। নাকি বড় মসজিদ থেইকে স্টেইনলেস স্টিলির খাটিয়া আনায়ে নেব?
সরদারগোছের একজন সুযোগ পেয়ে বলে ওঠে, কী কচ্ছেন ভাইজান, এ খাটিয়া চইড়ে গ্রামের এত মানুষ গেল, আপনার আব্বার মতোন নেকবক্ত মানুষ এ খাটিয়া চড়লি আমাগের মসজিদির সুনাম। বড় মসজিদির খাটিয়া আনতি অবে ক্যান? অরেকজন এই সুযোগে তোষামোদি ভঙ্গিতে বলে, বাদ জোহর দাফনডা হয়ে গেলি ভালো অত না? শিকদারের ছেলে একটু বিরক্তি চেপে বলে, আমার আব্বা মানুষজন খুব পছন্দ করতেন। জলদি দাফন কইরে ফেললি এত দূর থেইকে মানুষজন আইসে জানাজা ধরতে পারত না।

কেউ একজন লোকটিকে ধমক দেয়, একি যার-তার জানাজা মোনে করিছিস, এতসব রইস মানুষজন আসতিসে, তাঁগের বাদ দে জানাজা অবে? আহা! ফুলের বাগান কইরে রাইখে গেলেন, ফুল ফোটার সোমায় দেইখে যাতি পারলেন না।
দামড়া দামড়া চার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করছে, তিন মেয়ের সবাইকে বিয়ে দিয়ে পরিপূর্ণ বয়সে মারা যাওয়ার পরও আশপাশের লোকজন এই ফুলের বাগান-তত্ত্বের মারফতিতে কিছুটা ধন্দে পড়ে যায়। শিকদারের ছেলেটা কথাটা শোনে কী শোনে না, এ সময় ওর মোবাইলে বাজনা বেজে ওঠে। ও ফোন কানে তুলে কথা বলতে শুরু করলে ফুল-বাগানের মতো জুতসই উপমাটা মাঠে মারা গেল বুঝতে পেরে লোকটা ব্যস্ত পায়ে মুর্দা গোসলের জন্য যেখানে বড় পর্দা দিয়ে ঘেরার কাজ চলছিল, সেদিকে ছুটে যায়।
মলিন মুখে ঘুরে বেড়ানো লোকজনের মধ্যে কয়েকজন বুঝতে পারে না, এই সুযোগে শিকদারের বেটার কাছে তাদের জমির বকেয়া টাকার কথা তোলা উচিত হবে কি না। মুখের কথায় আগাম টাকা নিয়ে রেজিস্ট্রি করে দিয়েছিল। শিকদারের কাছে বাকি টাকা চাইলে ‘দেব-দিচ্ছি’ করে এত দিন পার করে দিয়ে এখন বুড়ো নিজেই মরল। ছেলেদের যা হাবভাব, বাপের দেনা শোধ করবে কি না কে জানে। হয়তো এক কথায় হটিয়ে দিয়ে বলবে, আমাগের আব্বা মুখের কথায় কাজ করার মানুষ না, কাগজপত্র আছে কিছু?
এসব আগাম চিন্তায় কাতর লোকজনকে দেখে মনে হয়, শিকদারের মৃত্যুশোকে তারা বেজায় কাতর।
গোসলের পর কাফন পরিয়ে খাটিয়াসহ লাশ উঠোনের একপাশে ছায়ায় রেখে দিলে উপস্থিত মানুষজনের মধ্যে নতুন ব্যস্ততা দেখা যায়। কাফনের মাথার দিক খুলে লাশের মুখ দেখানোর ব্যবস্থা করা হলে সবাই শেষবারের মতো একবার দেখার জন্য খাটিয়ার পাশে ভিড় জমায়। যারা প্যান্ডেলের নিচে আয়েশি ভঙ্গিতে বসে ছিল, তাদেরও অনিচ্ছা সত্ত্বেও উঠে এসে লাইনে দাঁড়াতে হয়, কারণ এ পর্বে উঠে না এলে বুঝি মৃতের প্রতি সম্মান দেখানো হয় না। তাদের দৃষ্টিগ্রাহ্য উপস্থিতির কারণে মানুষের চোখ এড়ানোও সম্ভব নয়। সবার দেখা শেষ হলে একজন গলা উঁচু করে বলে, এহন মহিলাগের দেহার সুযোগ কইরে দেন সবাই। আসরের আজান পড়ার আগে মুর্দা মসজিদি পৌঁছানো লাগবি।
মহিলাদের দেখার পর্ব শেষ হলে শবযাত্রার প্রস্তুতি শুরু হয়। শিকদারের চার ছেলের সঙ্গে অন্যরা খাটিয়া কাঁধে উঠিয়ে নিলে মেয়েদের মধ্যে আরেক প্রস্থ কান্নার রোল ওঠে, তবে সেটি গুনগুন থেকে বিলাপে পরিণত হয় না। তাদের কান্নার রোল ছাপিয়ে কে একজন বলে ওঠে, কলেমা শাহাদাত পড়েন সবাই আওয়াজ কইরে। শববাহকদের সমবেত কণ্ঠ নিসৃত ‘আশহাদুআল্লা ইলাহা...’ গুঞ্জন থেকে জিকিরের মতো ছাড়িয়ে পড়ে। তাদের ওপর বৃষ্টির ফোঁটার মতো ছিটিয়ে দেওয়া হয় গোলাপজল।
আজ জানাজার কারণে মুসল্লির সংখ্যা অনেক বেশি। লোকজন মসজিদের সামনের পুকুরে ঝুপঝাপ করে অজু সেরে নিয়ে মসজিদে ঢোকে। তাদের গলা খাঁকারি আর পুকুরঘাটের তোলপাড় করা জলের শব্দে হঠাৎ করেই মসজিদবাড়ি যেন জেগে ওঠে।
জামাতের পর মুসল্লিরা বাইরে এসে খাটিয়ার সামনে দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব শিকদারের বড় ছেলেকে তাঁর পাশে ডেকে নিয়ে যান। তারপর গলা খাঁকারি দিয়ে শুরু করেন, হাজেরানে মজলিশ, মুসলমান মুর্দার দাফন যত জলদি করা যায়, তত ভালো। আমি মুর্দা ফেলে রাইখে আর লম্বা বয়ানে যাব না। আজকে মরহুম ইদ্রিস শিকদার সাহেবের ছেলেরা এখানে আছেন, তাঁর বড় ছাওয়াল আপনাদের উদ্দেশে কিছু কথা বলবেন।
শিকদারের বড় ছেলে মাইকে বড় একটা ফুঁ দিলে তার বেমক্কা শিস সবাইকে চমকে দেয়। তারপর বলে, আমার আব্বাজানরে আপনারা সবাই চেনেন, জানেন। উনি কেমন মানুষ ছিলেন, সেটা আর আপনাদের সামনে নতুন করে বলার কিছু নেই। তার মতো নেকবক্ত মানুষের অযোগ্য ছাওয়াল হয়ে আপনাদের কাছে বলি, উনি যদি কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকেন, আপনারা মাফ কইরে দেবেন। আর আমার আব্বার কাছে কারও যদি কোনো টাকাপয়সা পাওনা থাকে, আমাদের কাছে বললে আমরা শোধ কইরে দেবানে।
এবার ইমাম সাহেব মাইক্রোফোন নিয়ে বলেন, আমরা এখন সালাতে জানাজা শুরু করব, আপনারা যারা আরবি নিয়ত জানেন না...। এ সময় পেছনের সারি থেকে মৃদু শোরগোল শোনা যায়, তার মধ্য থেকে একজন হাত তুলে বলে, ইমাম সায়েব, আমার কিছু কথা আছে। শিকদার সায়েবের বিটা বলিসেন তারা বাবার দেনা শোধ কইরে দেবেন। কিন্তু মজলিশির সামনে আমি আমার দাবি জানায়ে রাখলাম, আমার জমির পুরা দাম পাইনি আমি; বিপদে পইড়ে আগাম টাহা নিয়ি লেইখে দিলাম, পরে বাকি টাহা চাইলে বলতেন, আরে দেবানে, অত তাড়া কিসির?
পুরো জমায়েত আকস্মিক ধাক্কায় যেন স্তব্ধ হয়ে যায়। সেই স্তব্ধতার ভেতর থেকে পেছনের সারির গুঞ্জন আরও বাড়তে থাকে, আরও কয়েকজন হাত তুলে বলে, আমারও কলাম টাহা বাকি আছে ওনার কাছে।
ইমাম সাহেব এত দিনের ইমামতি জীবনে এ রকম ঘটনা আগে কখনো দেখেননি, তাই কী করবেন বুঝতে না পেরে বলেন, দাফনটা হয়ে যাক, তারপর আমরা দেখবানে। পেছনের সারির আরেকজন বলে, দাফনের আগে আমার হিসাবটা বুঝোয়ে দিতি অবে, ম্যালা দিন ঘুরিসি আমি।
শিকদারের বড় ছেলে এ সময় বলে, সামনে আইসে বললি আমাগের সুবিধা হয়, আমরা বুঝতি পারতাম কিডা কিডা টাকা পাবে।
তখন পেছনের বিভিন্ন সারি থেকে মলিন কাপড়ের কয়েকজন এক এক করে বেরিয়ে সামনে চলে যায়, ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে, কেউ কেউ এমনভাবে খাটিয়ার ধার ঘিরে দাঁড়ায় যেন পাহারা দিচ্ছে লাশ। আরও কয়েকজন দ্বিধান্বিত পায়ে বেরিয়ে এসে দাবিদারদের দলে যোগ দেয়। তখন বৈকালিক হাওয়ার একটা স্রোত সেখান দিয়ে বয়ে গেলে শিকদারের কাফনের ওপর দিকটা মৃদু ঢেউয়ের মতো আন্দোলিত হয়, যেন প্রাণহীন হিমঠান্ডা শরীরটা শিউরে উঠছে বারবার।