পাকিস্তানি জেনারেলদের চোখে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যাঁরা নিরলস গবেষণা ও লেখালেখি করছেন, মুনতাসীর মামুন তাঁদের মধ্যে অগ্রগণ্য। তিনি ইতিহাসের শিক্ষক। স্বাভাবিকভাবেই একাত্তরের ঘটনাবলি সম্পর্কে তাঁর আগ্রহ ও কৌতূহল থাকবে। কিন্তু যাঁরা তাঁর লেখালেখির সঙ্গে পরিচিত তাঁরা জানেন, তিনি মুক্তিযুদ্ধকে নিছক গবেষণার বিষয় হিসেবে দেখেন না, দেখেন গভীর ভালোবাসা দিয়ে। তাঁর লেখায় যুক্তি আছে, তথ্য আছে; তার চেয়ে বেশি আছে হূদয়াবেগ। পাকিস্তানি জেনারেলদের মন: বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মুনতাসীর মামুনের সাম্প্রতিকতম বই। এ বইতে তিনি পাকিস্তানি জেনারেল তথা সেনা কর্মকর্তা ও সেনা শাসকদের মনোভঙ্গি তুলে ধরেছেন। দু-একজন বাদে অধিকাংশ পাকিস্তানি সেনা কর্মকর্তা বাংলাদেশ ও বাঙালিদের সম্পর্কে যে হীন ধারণা পোষণ করেন, তথ্য, যুক্তি ও উদ্ধৃতি দিয়ে সেটাই লেখক তুলে ধরেছেন। এতে মুনতাসীর মামুন ১৮ জন পাকিস্তানি সেনা কর্মকর্তার ২১টি বইয়ের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ ছাড়াও কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছেন। বুঝতে চেষ্টা করেছেন সেখানকার বুদ্ধিজীবী-লেখকদের মনোভাবও।অস্বীকার করার উপায় নেই, বিজয়ী বাংলাদেশের সেনা কর্মকর্তাদের চেয়ে পরাজিত পাকিস্তানি সেনা কর্মকর্তারা একাত্তর নিয়ে বেশি বই লিখেছেন। তাঁরা নিজেদের অপরাধ আড়াল করার পাশাপাশি সে দেশের মানুষকে বোঝাতে চেয়েছেন, পাকিস্তানের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনা বাহিনী প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু বাঙালি নেতাদের একগুঁয়েমি এবং কতিপয় পাকিস্তানি নেতার নির্বুদ্ধিতার কারণে সেটি সম্ভব হয়নি। তাঁদের দাবি, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানের অনমনীয়তার কারণেই পাকিস্তান ভেঙেছে। সাধারণভাবে পাকিস্তানিরা বাংলাদেশ ও বাঙালিবিরোধী। কিন্তু জেনারেলদের মতো এতটা বিদ্বিষ্ট ও প্রতিশোধপরায়ণ কেউ নন। যেসব সামরিক কর্মকর্তার বই নিয়ে মুনতাসীর আলোচনা করেছেন, তাঁরা হলেন ফজল মুকিম খান (পাকিস্তান ক্রাইসিস ইন লিডারশিপ), সিদ্দিকুল্লাহ খান (ইস্ট পাকিস্তান বাংলাদেশ), সিদ্দিক সালিক (উইটনেস টু সারেন্ডার, ওন্ডেড প্রাইড), মোহাম্মদ আসগর খান (জেনারেল ইন পলিটিকস, উই হ্যাভ লার্লণ্ট নাথিং ফ্রম হিস্টরি: পাকিস্তান, পলিটিকস অ্যান্ড মিলিটারি পাওয়ার), জেনারেল মোহাম্মদ মুসা (জওয়ান টু জেনারেল), তোজাম্মেল হোসেন মালিক (দি স্টোরি অব মাই স্ট্রাগল), রাও ফরমান আলী (হাউ পাকিস্তান গট ডিভাইডেড) লে জে গুল হাসান (মোমোয়ার্স), লে. জে. কামাল মতিন উদ্দিন (ট্র্যাজেডি অব ইরোরস, ইস্ট পাকিস্তান ক্রাইসিস), এ আর সিদ্দিক (পাকিস্তান দ্য এন্ড গেম, দি মিলিটারি ইন পাকিস্তান: ইমেজ অ্যান্ড রিয়ালিটি), জেনারেল কে এম আরিফ (ওয়ার্কিং, উইথ জিয়া: পাকিস্তান ও পাওয়ার পলিটিক্স, খাকি শ্যাডোজ), ব্রি. জে. জি এ খান (দি ওয়ে ইট ওয়াজ), লে. জে. এ কে নিয়াজি (বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান), মে. জে. হাকিম আরশাদ কোরেশী (দি ১৯৭১ ইন্দো-পাক ওয়ার: এ সোলজারস ন্যারেটিভ), মে. জে. এ ও মিট্টা (আন লাইকিং বিগেনিং: এ সোলজারস লাইফ), ক্যাপ্টেন গওহর আইউব খান (গ্লিমপস ইন টু দ্য করিডোর অব পাওয়ার), মোহাম্মদ আইউব খান (ডায়েরিজ অব ফিল্ড মার্শাল মোহাম্মদ আইউব খান ১৯৬৯-৭২, সম্পাদনা: ক্রেইগ বক্সটার)।এর বাইরে আলোচনায় এসেছে বহু আলোচিত হামদুর রহমান কমিশন রিপোর্ট। একাত্তরে পাকিস্তানের পরাজয়ের কারণ অনুসন্ধানে খণ্ডিত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এ কমিশন গঠন করেছিলেন। যদিও এ রিপোর্টের পুরো বিবরণ কখনো প্রকাশিত হয়নি। এ কমিশনের সামনে সেনা কর্মকর্তারা যে জবানবন্দি দিয়েছেন, তাতেও একে অপরের প্রতি দোষারোপ করেছেন। অর্থাৎ তাঁরা সবাই অপরাধী। মুনতাসীর মামুন ১৯৯৮ সালে পাকিস্তান গিয়েছিলেন উল্লিখিত রাজনীতিক ও সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে। কয়েকজনের কথোপকথনও সন্নিবেশিত হয়েছে এ বইয়ে। সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ। এসব পাকিস্তানি জেনারেল (দুই-একজন ব্যতিক্রম ছাড়া) যে কী পরিমাণ বাঙালি-বিদ্বেষী ছিলেন, তার তথ্য-প্রমাণ রয়েছে আলোচ্য বইয়ের প্রতি পাতায়, পঙিক্ততে। তাঁদের কেউ কেউ পাকিস্তান ভেঙে যাওয়ায় দুঃখও প্রকাশ করেছেন, কিন্তুসেটি বাঙালিদের প্রতি দরদের কারণে নয়, আরও বেশি দিন এ ভূখণ্ডে তাঁদের শাসন ও শোষণ বহাল রাখতে না পারার মনোবেদনায়। একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাংশের কমান্ডের দায়িত্বে ছিলেন নিয়াজি, গভর্নর টিক্কা খান এবং বেসামরিক পরামর্শদাতা ছিলেন রাও ফরমান আলী। তিনজনই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু প্রত্যেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে অন্যের ওপর দোষ চাপিয়েছেন। কেউ গণহত্যার কথা স্বীকার করেননি। বলেছেন, সামরিক অভিযানে কিছু উগ্রপন্থী বাঙালি হিন্দু ও আওয়ামী লীগার মারা গেছে। হামদুর রহমান কমিশন বলেছে, মৃতের সংখ্যা কোনোভাবেই ৩০ লাখ হবে না, বড়জোর ৫০ হাজার হতে পারে। ২৫ মার্চ রাতের অভিযানে নাকি মাত্র কয়েক শ লোক মারা গেছে। তাঁদের এ দাবি যে সর্বৈব মিথ্যে তার সাক্ষ্য বিশ্ব গণমাধ্যম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় গণহত্যা আর কোনো সেনাবাহিনী চালায়নি। পাকিস্তানি জেনারেলরা নিজেদের খাঁটি পাকিস্তানি ও সাচ্চা মুসলমান বলে দাবি করেন। কিন্তু মদ ও পরনারী-আসক্তি ত্যাগ করতে পারেন না। ৩৯ বছর ধরে পাকিস্তানি ও তাদের এ দেশীয় সহযোগীরা যে গোয়েবলসীয় কায়দায় মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, মুনতাসীর মামুনের বই তাদের জন্য এক মোক্ষম জবাব। পাকিস্তানি জেনারেলরা বাঙালিদের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা যেমন শালীনতাবর্জিত তেমনি ভয়ংকর মিথ্যাচারও। জেনারেল মুকিম খান সদর্পে বলেছেন, দেশকে একত্র রাখতে কয়েক হাজার মানুষকে হত্যা করা খুব বেশি মূল্য নয়। শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর হবে আত্মঘাতী এবং সেটি হলে ইতিহাস কখনো ইয়াহিয়া খানকে ক্ষমা করবে না। জেনারেল ফরমান আলী সবুজ মাটি লাল করে দিতে বলেছিলেন। অর্থাৎ তাঁরা মানুষ চাননি, মাটি চেয়েছেন। ইতিহাসের নির্মম পরিহাস, এখন পাকিস্তানের মাটি রক্ষাই কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানি জেনারেলদের জবানবন্দিতে স্ববিরোধিতা আছে, রাজনীতিকদের প্রতি অবিশ্বাস ও অনাস্থা আছে। কিন্তু তার চেয়ে বেশি আছে বাঙালিদের প্রতি ঘৃণা। ভাবতে অবাক লাগে, আমাদের পূর্বসূরিরা কীভাবে এই ঘৃণা ও অপমান মুখ বুজে সহ্য করেছেন। মুনতাসীর মামুন এ বইয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের লেখা ও কথা দিয়েই উর্দির নিচে তাঁদের চরিত্রেরনোংরা, ক্লিশে ও বীভৎস দিকগুলো উন্মোচন করেছেন সরল ও শাণিত ভাষায়। লেখকেরকোনো কোনো মন্তব্যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে বটে; তবে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বাঙালি বিদ্বেষের তুলনায় তা কিছুই না। বইয়ে জেনারেলদেরযেসব বক্তব্য, বিবৃতি ও মন্তব্য রয়েছে তা বিশ্লেষণ করলে একটি বিষয়ই বেরিয়ে আসে, সভ্যতা থেকে পাকিস্তানিরা তখনো বহু দূরে ছিল, এখনো? একাত্তরে পাকিস্তানিসেনাবাহিনী বাংলাদেশে যে কী মাত্রায় অত্যাচার-নির্যাতন চালিয়েছিল, তা আড়াল করতেই মূলত জেনারেলরা বই লিখে নানা কল্পকাহিনি সাজিয়েছেন। কিন্তু তাঁরা কিছু সময়ের জন্য কিছু মানুষকে বিভ্রান্ত করলেও সবাইকে পারেননি। যেমন আহমেদ সেলিম, আই এ রহমান, তাহেরা মাজহার আলী, মাজহার আলী, ফয়েজ আহমেদ ফয়েজ। আহমেদ সেলিম একাত্তরে বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছিলেন। উর্দু ভাষার অন্যতম প্রধান কবি ফয়েজ আহমদ ফয়েজ একাত্তরেই বাংলাদেশ নিয়ে কবিতা লিখে পাকিস্তানি শাসকদের বিরাগভাজন হয়েছিলেন। আই এ রহমান একাত্তরে সংঘটিত অপরাধের জন্য পাকিস্তানিদের ক্ষমা চাইতে বলেছেন। বইয়ের পরিশিষ্টে মাসুদ মুফতি, হোসাইন হাক্কানি, এম এইচ আসকারি এবং আই এ রহমানের চারটি নিবন্ধ সংযোজন করা হয়েছে, যাতে পাকিস্তানের নাগরিক সমাজের পুনর্ভাবনা প্রতিফলিত হয়েছে। মুনতাসীর মামুন লিখেছেন, একাত্তরে তিনটি পক্ষ ছিল—বাংলাদেশ, পাকিস্তান ও ভারত (প্রকৃতপক্ষে দুটি পক্ষ, বাংলাদেশই পক্ষ ছিল, ভারত তার সহযোগী)। পাকিস্তানপক্ষের স্বরূপ জানতে মুনতাসীর মামুনের পাকিস্তানি জেনারেলদের মন অবশ্য পাঠ্য। এ ধরনের একটি অনুসন্ধানী ও পরিশ্রমলব্ধ বই উপহার দেওয়ার জন্য লেখককে অভিনন্দন।