পাকিস্তানের চোখে একাত্তর

এ বছরের ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের ‘লাহোর সাহিত্য উৎসব’-এ আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের ইংরেজি ভাষার কবি সাদাফ সায্ সিদ্দিকী। উৎসবের একটি অধিবেশনে আলোচনা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। আলোচনায় উঠে আসে এই সময়ে দাঁড়িয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কী ভাবছে পাকিস্তান
২১ ফেব্রুয়ারি এখন পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এটা জানা কথা, ১৯৫২ সালের এই দিন উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। এ বছরের ২১ ফেব্রুয়ারিটি ছিল আমার জীবনে খুবই আবেগঘন একটি দিন। কারণ, সেদিন লাহোরের মর্যাদাপূর্ণ আল-আহরাম আর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘লাহোর সাহিত্য উৎসব’-এ মিলনায়তনভর্তি দর্শকের সামনে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ নিয়ে যে আলোচনা হয়, আলোচক হিসেবে সেখানে আমি উপস্থিত ছিলাম একমাত্র বাঙালি হিসেবে।
সাহিত্য উৎসবে অধিবেশনের শুরুতে ভারতীয় সাংবাদিক ও লেখক সলিল ত্রিপাঠির কর্নেল হু উড নট রিপেন্ট: দ্য বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইটস আনকোয়ায়েট লিগাসি শিরোনামের বইটির মোড়ক উন্মোচিত হয়। আর সেই সূত্রেই শুরু হয় আলোচনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বইয়ে স্থান পেয়েছে বিশদভাবে। তো, অধিবেশনে সেদিন আমাদের সঙ্গে আলোচনায় প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন হিনা জিলানি। এই সাহসী নারী ১৯৭১ সালে বাংলাদেশে নৃশংসতা বন্ধে প্রচারণা চালিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ বিপ্লবী সংগীতজ্ঞ তৈমুর রহমান।
প্রথমে সলিলের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আলোচনা শুরু করলেন তৈমুর। সলিলের বইটিকে তিনি আখ্যা দিলেন ‘পাঠযোগ্য অপাঠ্য বই’ হিসেবে। বইয়ে যে গল্প রয়েছে, পাকিস্তানিদের জন্য তা অস্বস্তিকর। সোজাসাপটা প্রশ্নোত্তর দিয়ে অধিবেশন শুরু হওয়ায় আমাদের সবার মধ্যে বিরাজ করছিল চাপা উত্তেজনা। এরপর সলিলকে আরও কঠিন প্রশ্ন করে ফেললেন তৈমুর, জিজ্ঞেস করলেন, পাকিস্তানিদের তাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে তাঁর কেমন লাগছে?
সলিল একজন অমুসলিম এবং ভারতীয়। কথাটি বললাম এ কারণে যে অধিকাংশ পাকিস্তানি মনে করে, ভারত তাদের দেশ ভেঙেছে। সলিল জানেন, যুদ্ধের সময় এখানে উপস্থিত দর্শকদের অর্ধেকেরই জন্ম হয়নি। ফলে তখনকার সামরিক জান্তা যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি, তার দায় এই মানুষদের ওপর বর্তায় না। আলোচনার একপর্যায়ে হিনা জিলানি সলিলের ব্যাখ্যার চ্যালেঞ্জ করে বলেন, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে সহিংসতা বন্ধের লক্ষ্যে তিনি যখন লাহোরের মল সড়কে প্রচারপত্র বিলি করছিলেন, মানুষ তখন তাঁকে নিয়ে উপহাস করেছিল। কারো কারো গায়ে থুতুও মারা হয়েছে। তিনি পাকিস্তানিদের মনে করিয়ে দেন, ‘আমরা তখন নীরব ছিলাম, আমরা দায়ী।’ হিনার কথা শোনার পরে তাঁকে অভিনন্দন জানালেন অনেকেই।

আমি যখন কথা বলা শুরু করি, আবেগে কেঁপে উঠছিল আমার শরীর। বীরাঙ্গনাদের নিয়ে আমি কথা বলা শুরু করলে মিলনায়তনে নেমে এল পিনপতন নীরবতা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কীভাবে রাজাকারদের সহায়তায় আনুমানিক চার লাখ নারীকে ধর্ষণ করেছে, কথায় কথায় আমি সে কথা জানালাম সবাইকে। বললাম, মুক্তিযুদ্ধের সময় বহু নারীকে যৌনদাসী হিসেবে বন্দী করে রাখা হয়েছিল। তখন আরও অনেক নারী সক্রিয় ছিলেন বার্তা আদান-প্রদান, মুক্তিযোদ্ধাদের জন্য রান্নাবান্না করা, অস্ত্র লুকানো—এসব কাজে। একইভাবে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধও করেছেন অনেক নারী। তবে স্বাধীনতাপ্রাপ্তির মাত্র ছয় দিনের মাথায় পাকিস্তান সেনাবাহিনীর হাতে লাঞ্ছিত নারীদেরই কেবল তাঁদের বীরত্বের স্বীকৃতি দিয়ে নজিরবিহীনভাবে দেওয়া হলো ‘বীরাঙ্গনা’ আখ্যা। তারপর ধর্ষণের কলঙ্ক মাথায় নিয়ে সমাজে অচ্ছুত হয়ে পড়লেন তাঁরা। আর যে ২৫ হাজার যুদ্ধশিশুকে তাদের মায়ের অনুমতি ছাড়াই বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, আমার কথায় বাদ গেল না সে প্রসঙ্গও। বিয়োগান্ত ব্যাপার হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ হিসেবে যে দলিল-দস্তাবেজ ছিল, নারীদের পরিচিতি রক্ষায় পুড়িয়ে দেওয়া হয় সেগুলো। আর ১৯৭৫ সালের পর তো বন্ধ করে দেওয়া হয় পুনর্বাসন শিবিরগুলোই। তারপর সেই নারীদের নিজেদের উপার্জন নিজেদেরই করে বাঁচতে হয়েছে। আমি বললাম, পাকিস্তানিরা শুধু যুদ্ধের কৌশল হিসেবে দুরভিসন্ধিমূলকভাবে এসব করেছে তা নয়, স্বাধীনতার পর সেই নারীদের সঙ্গে আমরা কী আচরণ করেছি, সেটার দায়ভার আমাদের নিতে হবে। বেশ কয়েকজন বীরাঙ্গনা নারীর সঙ্গে আমাদের যোগাযোগ আছে, আজ এত বছর পরেও তাঁরা সমাজচ্যুত। অনেকের পরিবার প্রত্যাখ্যান করেছে তাঁদের। মৃত্যুর পর অনেককে যথাযথ মর্যাদায় দাফনও করা হয়নি। এমনকি তাঁদের নাতি-নাতনিদের সঙ্গে এখেনা বৈষম্যমূলক আচরণ করা হয়।
বিশ্বের ভুলে যাওয়া গণধর্ষণের আখ্যান আমি যখন বয়ান করছিলাম, তখন দর্শকসারি থেকে একজন উঠে দাঁড়িয়ে বললেন, ‘এসব মিথ্যা কথা, ভারতীয় প্রচারণা। পাকিস্তানি সেনাবাহিনী জিন্দাবাদ।’
এরপর মিলনায়তনে শুরু হলো হইচই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছিলাম না। মিলনায়তনে উপস্থিত অনেকেই ওই দর্শককে, যিনি আমাকে বললেন, ‘এসব মিথ্যা...’ তাঁকে দুয়োধ্বনি দিতে লাগল, ‘আপনার লজ্জিত হওয়া উচিত’ বলে। অনেকেই বললেন, বাংলাদেশের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত।
আবার শুরু করলাম আমি, এই নারীরা চান, তাঁদের কথা মানুষ জানুক। তাঁদের মৃত্যুর মধ্য দিয়ে এসব শেষ হয়ে যাক, তাঁরা সেটা চান না। তাঁরা জানেন, সেই ধর্ষকদের কোনো দিন বিচারও হবে না। তার পরও তাঁরা চান, তাঁদের সঙ্গে যা করা হয়েছে দুনিয়া তা জানুক।
এ সময় একজন উঠে দাঁড়িয়ে আবেগকম্পিত কণ্ঠে আমার ও আমার বাংলাদেশি বোনদের কাছে ক্ষমা চাইলেন। হাততালির মাধ্যমে তাঁকে অভিনন্দিত করলেন অনেকেই। তার পরও মিলনায়তনে বিরাজ করছিল উত্তেজনা, ভেতরে ভেতরে কেউ কেউ যেন ঠিক মানতে পারছিল না আমার কথা—বুঝতে পারছিলাম আমি।
মনে পড়ছে গত বছর লাহোরে এমন এক অনুষ্ঠানেই মিলনায়তনভর্তি দর্শকদের সামনে আমার ‘বীরাঙ্গনা’ কবিতাটি পড়েছিলাম। তখন বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, এখানকার তরুণ প্রজন্ম, বাংলাদেশ সম্পর্কে জানতে তাঁরা যারপরনাই আগ্রহী। কিন্তু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষিত পাকিস্তানিদের বর্ণবাদী আচরণ আমি দেখেছি। তবে গত বছর যাঁদের মধ্যে আগ্রহ দেখছি, তাঁরা সমাজের খুবই ক্ষুদ্র একটি অংশ। আর এবারের সাহিত্য উৎসবের এই অধিবেশনে দর্শক বেশি হলেও তারা তো পাকিস্তানি সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্ব করে না। এখানে বলার বিষয় হলো, ওই যে বীরাঙ্গনা নারীদের নিয়ে কথা বলার সময় এক পাকিস্তানি আমার সঙ্গে গোল বাধালেন, সেই ব্যক্তির গোলযোগের পর আমাকে চ্যালেঞ্জ জানাতে শুরু করলেন অনেকেই।
তাঁরা বলতে শুরু করলেন, বিহারিদের যে কচুকাটা করা হয়েছে তার কী হবে? মুক্তিবাহিনী যে ধর্ষণ করেছে, তার কী হবে? (একজন নারীর ভাষ্যে সেটা পাকিস্তানি বাহিনীর চেয়েও ভয়ংকর) আসলে তারা পাকিস্তানের মানুষ যা জানে বা তাদের যা বলা হয়েছে তারই প্রতিধ্বনি করছিলেন। পাকিস্তানিদের বলা হয়েছে এবং তঁাদের অনেকেই বিশ্বাস করেন, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছে। আর ভারতের প্ররোচনায় ভেঙেছে পাকিস্তান।
সেদিন আমার বাংলাদেশি লেখক-কবিবন্ধু আহসান আকবর ছিলেন দর্শকসারিতে। পরে তিনি আমায় বললেন, সলিল ও আমি যা বলেছি, পাকিস্তানিদের অনেকে এখনো সেটা ঠিক মেনে নিতে প্রস্তুত নয়।
এই উৎসবে প্রখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপার আগের দিন তাঁর বক্তব্যে বলেছেন, ইতিহাস আসলে বর্তমান ও অনুমিত অতীতের মধ্যকার কথোপকথন। সে কারণে আমাদের উচিত ইতিহাসকে প্রশ্ন করা। তাঁর এ কথাটি উল্লেখ করে ওই আলোচনায় আমি আরও বললাম, সময় এসেছে প্রকৃত ইতিহাস খুঁজে বের করার। কায়েমি গোষ্ঠীর লিখিত ইতিহাসে বিশ্বাস রাখার দিন শেষ হয়ে এসেছে। তবে এত বছর পর পাকিস্তানের মাটিতে আমার সামনে পাকিস্তানিদের ভুল ধারণা প্রচারিত হচ্ছে, আর তাদের ভূমিকা সম্পর্কে আলোচনাও হচ্ছে। এটাকে আমি ইতিবাচকই মনে করি, যদিও পাকিস্তানে সেনাবাহিনীই এখনো ক্ষমতার কেন্দ্র।
তৈমুর জিজ্ঞাসা করলেন, সামনে এগোনোর কোনো পথ আছে কি? এ সময় সলিল তাঁকে বললেন মেঘনা গুহঠাকুরতার কথা। তাঁর বাবাকে হত্যা করা হয়েছিল ১৯৭১–এ। মেঘনা বার্লিনের আদলে ইসলামাবাদে জেনোসাইড মেমোরিয়াল স্থাপনের কথা বলেছেন। কিন্তু দিল্লি তো বহুদূর। আমি তাই পরামর্শ দিলাম, পাকিস্তানিদের প্রথমত সত্য স্বীকার করতে হবে।
অনুষ্ঠানের পর অনেকেই দেখা করেছেন আমাদের সঙ্গে। ১৯৭১-এর জন্য ব্যক্তিগতভাবে অনেকে চেয়েছেন ক্ষমা। সত্য বলার জন্য আমাকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে। এঁদের মধ্যে একজন বললেন, পাকিস্তানের বর্তমান এত সমস্যাসংকুল যে অতীত নিয়ে চিন্তা করার ফুরসতই আসলে নেই। কিন্তু তার পরও বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হচ্ছে, সেটাই আশার কথা। সে কারণেই লাহোরে বোমা বিস্ফোরণের দিন কয়েক পরও এত মানুষকে দেখা গেল এই অনুষ্ঠানে।
ইংরেজি থেকে অনূদিত