পাখিদের কথা
বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক আইজাক আজিমভ কল্পকাহিনির পাশাপাশি বিচিত্র ধরনের বই লিখেছেন, তারই একটি বুক অব ফ্যাক্টস। অদ্ভুত, বিস্ময়কর তথ্যে ঠাসা। এই পাখির নাম দাড়িওয়ালা শকুন কিংবা ল্যামেরগিয়ার। বড় বড় হাড় বয়ে নিয়ে ২০০ ফুট ওপর থেকে পাথরের ওপর ফেলে দিয়ে হাড়ের ভেতরের মজ্জা খুটে খাওয়া এই পাখির প্রিয় স্বভাব। এই অদ্ভুত কাজ শুধু এই ল্যামারগিয়ারই করে। বহু গায়ক পাখি একই প্রজাতির পূর্ণবয়স্ক পাখির গান শুনে শুনে গান শেখে। যদি কখনো পূর্ণবয়স্ক পাখিদের আলাদা করে ফেলা হয়, তাহলে এরা সাধারণ গানের পরিবর্তে ভিন্ন দুর্বোধ্য সুর তৈরি করে। কিন্তু যদি কোনো কারণে অন্য একটি প্রজাতির গান শেখে, তবে পাখিটির বংশধরদের মধ্যেও ওই দুর্বোধ্য সুরটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এক পরীক্ষায় দেখা গেছে, একটি ক্যানারি পাখির কাছ থেকে একটি পুরুষ বালফিঞ্চ পাখি নিখুঁতভাবে ক্যানারি পাখির গান শিখতে পারে। পরে এই স্ত্রী বালফিঞ্চ পাখি পুরুষ বালফিঞ্চ পাখির সঙ্গে মিলিত হলে তাদের যে বাচ্চা হয় তারাও ক্যানারি পাখির গানই গাইতে শেখে। বিশ্বের সবচেয়ে বড় পাখিদের কলোনি হলো পেরুর উপকূলবর্তী দ্বীপগুলোতে। সেখানে শত শত করমোরেন্ট পাখির বাস। এই পাখির বিষ্ঠা একসময় ইনকারা সার হিসেবে ব্যবহার করত। উত্তর আমেরিকা এবং সুমেরুতে পাওয়া সুমেরু শঙ্খচিল প্রতিবছর দক্ষিণ অ্যান্টার্কটিকা পর্যন্ত দেশান্তরিত হয় এবং ফিরে আসে এক হাজার ৮০০ মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে। সম্ভবত এটাই পৃথিবীর পরিযায়ী পাখির সবচেয়ে দীর্ঘ সফর। কানাডা, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং উত্তর ইউরোপের পাথুরে সাগর এলাকায় একসময় গ্রেট আউক কিংবা গোয়ারফাউল ছিল সাধারণ পাখি। পেঙ্গুইনের মতো হওয়ায় এর ডিম ও চামড়া সংগ্রহের ব্যাপক চাহিদা ছিল। ১৮৪৪ সালের জুন মাসে আইসল্যান্ড উপকূলে শেষ কটি আউক শিকারিরা ধরে হত্যা করে। আউক হলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীগুলোর একটি, যাদের বিলুপ্তির দিনক্ষণ এত সুনির্দিষ্টভাবে বলে দেওয়া যায়। আউকই প্রথম স্থানীয় উত্তর আমেরিকান প্রজাতি, যারা মানুষের কারণে বিলুপ্ত হয়ে যায়। লাল গলা হামিংবার্ড সেকেন্ডে ৫০ থেকে ৭০ বার অবিশ্বাস্য গতিতে পাখা নাড়ে। যদি ১৭০ পাউন্ড ওজনের একজন মানুষ এই হামিংবার্ডের সমান শক্তি ব্যয় করে, তবে তার ওজন ধরে রাখার জন্য দৈনিক ২৮৫টি হ্যামবার্গার কিংবা সমপরিমাণের আলু খেতে হবে। আর শরীরের তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রার নিচে রাখার জন্য তাকে প্রতি ঘণ্টায় ১০০ পাউন্ড করে ঘাম ঝরাতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আকাশযুদ্ধে পাখিদের একটা ভূমিকা ছিল। তীব্র শ্রবণশক্তির কারণে আইফেল টাওয়ারে তোতা পাখি রাখা হতো, যাতে তারা ধেয়ে আসা প্লেনের খবর আগাম জানাতে পারে। এক শতাব্দীর কিছু আগে দীর্ঘ এক প্রতিবেদনে এক দল যাত্রী পায়রার উড়ে যাওয়ার বর্ণনা পাওয়া যায়। পায়রার পর্যবেক্ষকদের মাথার ওপর দিয়ে পায়রাদলের উড়ে যেতে সময় লেগেছিল তিন ঘণ্টা। ধারণা করা হয় সব মিলিয়ে এই দলে প্রায় এক বিলিয়ন কবুতর ছিল। বর্তমানে যাত্রী কবুতর বিলুপ্ত হয়ে গেছে। একা থাকলে স্ত্রী কবুতর ডিম পাড়তে পারে না। তার ডিম্বাশয় কাজ করার জন্য তাকে অবশ্যই আরেকটি কবুতর দেখতে হবে। যদি অন্য কোনো কবুতর না পাওয়া যায় একটা আয়নায় তার প্রতিচ্ছবি থাকলেও চলবে। মাদাগাস্কারের বিলুপ্ত ইপায়েরনিসের ডিম সবচেয়ে বড়। ডিমটি ছিল ৯ দশমিক ৫ ইঞ্চি প্রশস্ত এবং ১৩ ইঞ্চি লম্বা। ম্যালি পাখির বাচ্চা কখনো তার মা-বাবার কথা জানতে পারে না। মা যেখানে বাসা তৈরি করে, সেখান থেকে বেরিয়ে আসামাত্র বাচ্চা উড়তে পারে এবং চিরতরে উড়ে চলে যায়। এডিসনের পাঁচ হাজার পাখির একটি সংগ্রহশালা ছিল।অনুবাদ: হাসান খুরশিদ