পাখির মুখে শোনা

সে অনেক অনেক দিন আগের কথা। তখনো মানুষ পুরোপুরি সভ্য হয়ে ওঠেনি। তাই বলে কি মানুষ তখন অসভ্য ছিল? মোটেই না। যে সময়ের কথা বলছি, সে সময় মানুষসহ অন্যান্য পশুপাখি, যেমন হাতি, ঘোড়া, সিংহ, পাখপাখালি—সবাই মিলেমিশে থাকত। সবাই সবাইকে মেনে চলত। সবার ভাষা ছিল এক। সবার সঙ্গে সবাই কথা বলতে পারত। অর্থাৎ এমন একটা সমাজ, যেখানে অংশীদারত্ব ছিল সবার। যেমন সিংহ যখন রাজা, মানুষ তখন মন্ত্রী, ঘোড়া রাজ্যের সেনাপতি।

তখনকার সমাজে (বা বনে) শুধু যে শান্তিই ছিল, তা নয়। নানা ধরনের চুরি, ডাকাতি আর লুটপাটও হতো। তাই আইন-আদালতও ছিল। আর ছিল নানা ধরনের অপরাধের নানা ধরনের শাস্তি। উদাহরণ দিলেই বোঝা যাবে। যেমন কেউ ছিনতাই করলে তার শাস্তি হলো দোষীর লেজ কেটে নেওয়া, ডাকাতি করলে তার শরীর থেকে সাত ফোঁটা রক্ত ঝরানো, কোনো ছোট প্রাণীকে পা দিয়ে মাড়িয়ে দিলে (ইচ্ছাকৃতভাবে) শাস্তি হিসেবে ছয়টি দাঁত তুলে নেওয়া...এমন কত কী!
তো সে সময় বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিল এক কুমির। একদিন কুমিরের কাছে এক শিয়াল এসে বলল, ‘হুজুর, অমুক পাখি আমার একটা সোনার আংটি চুরি করেছে।’ কুমির বলল, ‘ঠিক আছে, আগামীকালই বিচার বসবে।’
পরদিন শিয়াল তার আইনজীবী আর অভিযুক্ত পাখিটি তার আইনজীবীকে নিয়ে হাজির হলো। পাখিটির আইনজীবী ছিল একজন মানুষ।
বিচার শুরু হলো। শিয়ালের আইনজীবী বলল, ‘হুজুর, আমার মক্কেলের সোনার আংটি হারিয়েছে এবং সেটা ওই পাখিটাই নিয়েছে।’

পাখির আইনজীবী, অর্থাৎ মানুষটি বলল, ‘কিন্তু হুজুর, এর কোনো প্রমাণ নেই।’
‘আছে হুজুর। দেখুন, এই পালকটি শিয়ালের ঘরে পাওয়া গেছে। এটা ওই পাখিরই পালক। অর্থাৎ পাখিটি শিয়ালের ঘরে ঢুকেছিল। চুরিও করেছিল।’
এদিকে মানুষটি জানত, পাখিটি নির্দোষ। আদালত পাখিটিকে দোষী সাব্যস্ত করল। চুরির শাস্তি—পাখিটির হাত, অর্থাৎ ডানা কেটে ফেলা হবে। কিন্তু ডানা ছাড়া একটা পাখি উড়বে কী করে? স্বাধীনভাবে সে আর আকাশে উড়তে পারবে না। মুক্ত থাকলেও তাকে খাঁচায় বন্দী পাখির মতো জীবন যাপন করতে হবে।
তা কি মেনে নেওয়া যায়?

যায় না। মানুষ আইনজীবীটি মেনে নিতে পারেনি। তাই তো সে আদালতকে অনুরোধ করল, ‘হুজুর, দয়া করে আমার হাত কেটে ফেলুন। তবু পাখির ডানা কেটে ফেলবেন না।’
কী? শুনে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। তখন কিন্তু এ রকমই হতো। কেউ ইচ্ছা করলে অন্য কারও শাস্তি ভোগ করতে পারত। তবে এ রকম খুব কমই হতো। যা-ও হতো, তা-ও অর্থের বিনিময়ে। স্বেচ্ছায় নয়।
তো বনের সবাই খবরটা জেনে ফেলল। এদিকে কোনো জল্লাদই হাত কাটতে রাজি হলো না। এমনকি কোনো সাধারণ মানুষ কিংবা পশুপাখিও রাজি হলো না।
কেন? কারণ, কে-ই বা এমন একটা মানুষের হাত কাটতে চায়, যে কিনা একটা পাখির জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? সবশেষে বিশেষ বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হলো।
আমি এই গল্পটা শুনেছি আমার দাদার কাছে, দাদা শুনেছে তার দাদার মুখে, তার দাদা শুনেছে তার দাদার মুখে...তার দাদা শুনেছিল সেই পাখিটার মুখে। বুঝতেই পারছ, আমি সেই পাখিটিরই বংশধর!
সপ্তম শ্রেণি, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
