পাঠ প্রতিক্রিয়া
শৈবাল, শিশির এবং বাংলা কবিতার দীঘিগত ১৮ নভেম্বর ২০১১ তারিখে প্রকাশিত কবি, প্রাবন্ধিক ও অনুবাদক সাজ্জাদ শরিফের ‘কবিতার অর্থ, কবিতার অনর্থ’ লেখাটিতে তিন দশক আগে বাংলাদেশের কবিতার বাঁকবদলের পেছনে কী প্রণোদনা কাজ করেছিল তার একটা অন্তরঙ্গ ভাষ্য দেখতে পাই। লেখাটি পড়লে বুঝতে অসুবিধা হয় না যে সাজ্জাদের আলোচনার লক্ষ্য আট দশক এবং পরবর্তী সময়ের কবিতার প্রবণতার পরিবর্তনটিকে চিহ্নিত করা, যে পরিবর্তন শুরু হয়েছিল শামসুর রাহমানের কাব্যভাষাকে প্রত্যাখ্যান করার মাধ্যমে। সত্য বটে ওই সময় গাণ্ডীবগোষ্ঠী ইশতেহার প্রকাশ করে এ প্রত্যাখ্যানের কথা জানিয়েছিল। সাজ্জাদ শরিফ তাঁর লেখাটিতে এই গোষ্ঠীর ইঙ্গিত দিয়েছেন, যদিও স্পষ্ট করে এই গোষ্ঠীর নাম তিনি উল্লেখ করেননি। উল্লেখ না করে সাজ্জাদ শরিফ খুবই সুবিবেচনার কাজ করেছেন। সুবিবেচনা এই অর্থে যে সে সময় গাণ্ডীব ইশতেহার ছুড়ে ভাষিক বিরোধিতার কথা জানালেও, গাণ্ডীব-এর বাইরেও তো আরও কিছু তরুণ কবিগোষ্ঠী ছিল যারা শামসুর রাহমানের ভাষায় লিখতেন না; তাঁদের কথাও তাহলে উল্লেখ করতে হয়। অতএব সাজ্জাদ শরিফ যেহেতু অন্যদের নাম সেখানে উল্লেখ করেননি, তাই শুধু গাণ্ডীব-এর উল্লেখ করে গোষ্ঠীর কোটরে নিজের অবস্থানকে সীমিত করে ফেলেননি। বাংলাদেশের কবিতার পরবর্তী অর্জনটা যে কেবল গোষ্ঠীগত নয়, বরং সমবায়ী একটি অর্জন—এই বোধটা স্পষ্ট হয়ে ওঠে যখন তিনি বলেন, ‘সকল তরুণ কবি যে যার জায়গাতে দাঁড়িয়েই এর বিরুদ্ধে বিদ্রোহ করুক।’ গাণ্ডীব গোষ্ঠীর বাইরে থেকেও কেউ কেউ এই বিদ্রোহে শামিল হয়েছিলেন, যেমন কবি, একবিংশ, পেঁচা, প্রসূন, ছাট কাগজের মলাট, কারুজ, বিকল্প কবিতা, ফৃ স্কুল ষ্টৃট, নদী প্রভৃতি।কিন্তু কবি ও অনুবাদক শান্তনু চৌধুরী ৯ ডিসেম্বর ২০১১ তারিখে প্রকাশিত ‘কবিতার ইশতেহার, কবিতার হিসেব-নিকেশ’ লেখাটিতে এই গোটা অর্জনটিকেই একমাত্র গাণ্ডীব-এর বলে এমন এক সংকীর্ণ জায়গায় নিয়ে গেলেন, যে তাতে পুরো বিষয়টা ঐতিহাসিক বিকৃতির শামিল হয়ে উঠল। আওয়ামী লীগ ও বিএনপি যেমন বাংলাদেশ স্বাধীন করার কৃতিত্বের একক ভাগীদার হতে চায়, শান্তনুও অনেকটা সেই ভাষায়, সেই ধরনে কবিতার এই বাঁকবদলের একক কৃতিত্বের দাবি করেছেন গাণ্ডীব-এর পক্ষে। অস্বীকার করার উপায় নেই যে গাণ্ডীব ইশতেহার দিয়ে তীব্র ভাষায় এই পরিবর্তনের প্রয়োজনীয়তাটি উত্থাপন করেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওই ইশতেহার প্রকাশেরই কাছাকাছি সময়ে আরও কিছু কবি ও গোষ্ঠী ছিলেন যাঁরা ঘোষণা ছাড়াই পরিবর্তনের দিকে পা বাড়িয়ে দিয়েছিলেন। কাজল শাহনেওয়াজ, মাসুদ খান, কামরুল হাসান, রিফাত চৌধুরী, শামসেত তাবরেজী, সরকার মাসুদ, বুলান্দ জাভীর, পুলক হাসান, সুব্রত অগাস্টিন গোমেজ, জুয়েল মাজহার, খায়রুল হাবিব প্রমুখ। এঁরা কেউ শামসুর রাহমানের ভাষায় লেখেননি। এঁদের নিজস্ব কাব্যভাষা ও কাব্যকৃতীকে খাটো করে দেখাটা বা এঁদের অনুক্ত রাখাটা অন্যায় বা সাদা রঙের অপরাধ। এদের কৃতীর কথা স্বীকার করলে কি আমরা কেউ ছোট হয়ে যাব? এটা আমাদের অদ্ভুত মানসিকতা: অন্যদের আড়ালে রেখে নির্লজ্জের মতো নিজেকে কিংবা কেবল নিজের দলকে বিশদ দাবিদার হিসেবে উপস্থাপন করা।লক্ষ করেছি, আলোচনা সূত্রে শান্তনু স্প্যানিশভাষী কয়েকজন লেখকের উল্লেখ করেছেন। বলেছেন তাদের উলত্রাইসমো আন্দোলনের কথা। যৌবনের শুরুতে বোর্হেস এই আন্দোলনের সঙ্গে ছিলেন। পরিণত বয়সে তিনি এই আন্দোলনকে স্রেফ ছেলেখেলা বলেই মনে করতেন। কারণ তিনি জানতেন শুধু ইশহেতার দিয়ে কবিতা হয় না। যেমনটি সাজ্জাদ শরিফও বলেছেন। জীবনানন্দ দাশের কি ইশতেহার ছিল? সত্যিকারের কবি ইশতেহারের তোয়াক্কা করেন না, কিংবা শুধু ইশতেহারেই বন্দী থাকেন না। যদি ওতেই বন্দী থাকেন তাহলে বুঝতে হতো, তিনি আর বাড়ছেন না। সাজ্জাদ কর্তৃক মিরোস্লাভ হোলুবের কবিতার উদ্ধৃতি দেখেও কি সেটা বোঝা যায় না? কবি ও কবিতা সম্পর্কে বিশদ ধারণা থাকলেই কেবল বলা সম্ভব যে ‘ইশতেহার লিখে কবিতা হয় না।’ এতে শান্তনুর মতো ইশতেহার-অন্তঃপ্রাণ কেউ ক্ষুণ্ন হতে পারেন, কিন্তু সত্য তো এটাই। সাহিত্যের ইতিহাসে এমন কোনো নজির কি আছে যে কবি ইশতেহার ধরেই কবিতা লিখেছেন? যদি লিখে থাকেন তাহলে তিনি কবি হননি।‘ইশতেহার দিয়ে কবিতা হয় না’—সাজ্জাদের এই বক্তব্য শান্তনু মেনে নিতে পারেননি। এ কারণে তিনি বলেছেন, ‘অথচ এর পর পরই তিনি (সাজ্জাদ শরিফ) লিখেছেন, ওই তরুণ কবিদের “কবিসুলভ সংবেদনশীলতা যে তাঁদের সঠিক সংকেত দিয়েছিল, গত দুই-আড়াই দশক ধরে বাংলা কবিতার ক্রমাগত পাল্টে যাওয়া ভাষা দেখে আজ তা-ই মনে হয়।”’ সাজ্জাদের এই বক্তব্যের মধ্যে শান্তনু স্ববিরোধিতা আবিষ্কারের ইঙ্গিত রেখেছেন। এই স্ববিরোধিতায় আরাম না পেয়ে তিনি ইশতেহারকে মাদুলি বানাতে চেষ্টা করে গেছেন গোটা লেখায়। এ কারণে লেখার শেষে তিনি বলেছেন, ‘সাজ্জাদের সংশয়ভরা বক্তব্যের জের টেনে তর্কের খাতিরে যদি দাবি করা হয়, গত দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের কবিতার এই ইশতেহারটি একটি মাপকাঠি হিসেবে কাজ করেছে বা কবিতার গতিপথ বাতলে দিয়েছে, তাহলে এই দাবি কি খুব অসংগত মনে হবে?’ অবশ্যই অসংগত হবে। কারণ শান্তনু নিজেই তাঁর লেখাটির এক জায়গায় বলেছেন, ‘আসলে কবিতার ইশতেহার কেবল একটি ইশতেহারই, ইশতেহার ছাড়া অন্য কিছু নয়। গাণিতিক সূত্র বা সমাজ বদলের রূপরেখার মতো এর দাবিগুলোর স্বতঃসিদ্ধতাও নেই।’ তাঁর নিজেরই আগের বক্তব্যের সঙ্গে এই বক্তব্য স্ববিরোধী নয় কি? এ হলো শান্তনুর অসংগতি।এবার আমার কাছে অন্য যে কারণটি ‘অসংগত’ বলে মনে হয়, সেটা বলি। গাণ্ডীব ছাড়াও আটের দশকের আরও অনেক কবি ও গোষ্ঠী ছিলেন যাঁরা কবিতা বদলের কৃতিত্বের ভাগীদার। তাঁদের অস্বীকার করলে গাণ্ডীব বড় হবে না। শান্তনু লিখেছেন, সাজ্জাদ ‘কোনো এক অদ্ভুত কারণে সরে গিয়েছিলেন।’ সম্ভবত গাণ্ডীব-এর কবিরা ওই ছোট জায়গাটুকুতে আটকে পড়েছিলেন বলেই।আমরা অদ্ভুত এক ভয়ের মধ্যে বাস করি। কারও প্রশংসা করতে ভয় পাই, কাউকে বড় বলতে ভয় পাই। এই ভয়ের মধ্যেই গড়ে তুলি আমিত্বের আইফেল টাওয়ার। অথচ আমাদের চোখের সামনেই ষাটের দশকের লাতিন আমেরিকার ভিন্ন ভিন্ন দেশের বুম লেখকেরা পরস্পরের কৃতিত্বকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তুলে ধরেছেন। আমরা আমাদের মন প্রসারিত করতে পারলে বাংলা সাহিত্যের পরিবেশ আরও একটু সহনীয় ও পরিচ্ছন্ন হতে পারত।রাজু আলাউদ্দিনবসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকাএকজন কৃতীর মুখগত ২৮ অক্টোবর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে উপরিউক্ত শিরোনামে ড. গোলাম মুরশিদের একটি লেখা মুদ্রিত হয়েছে। এতে লেখক মূলত ব্যক্তি, গবেষক এবং এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে আমার সহকর্মী প্রফেসর সিরাজুল ইসলামের কৃতিত্ব আলোচনা করেছেন। ড. মুরশিদের মূল্যায়ন সম্পর্কে আমার কোনো দ্বিমত নেই। তাঁর নেতৃত্বে সোসাইটির কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে, সোসাইটিতে প্রচুর অর্থেরও সমাগম হয়েছে এবং এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অনেকেই (আমি নিজেসহ) আর্থিক দিক থেকে কম-বেশি লাভবান হয়েছেন। কিন্তু লেখাটির দুটো দিক সম্পর্কে আমার আপত্তি আছে। প্রথমত, ড. মুরশিদ উল্লেখ করেছেন প্রফেসর ইসলাম নেতৃত্ব নেওয়ার আগে সোসাইটি এতই ‘তুচ্ছ’, ‘অবহেলিত এবং নাম-মাত্র টিকে থাকা’ প্রতিষ্ঠান ছিল যে জাদুঘরে ১২ টাকায় ভাড়া করা একটি কক্ষে এর অফিস ছিল। এ বক্তব্য মোটেই ঠিক নয়। আমি ১৯৭৪ সাল থেকে সোসাইটিতে যাতায়াত করে আসছি এবং কখনো কখনো সোসাইটির কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি নিশ্চয় করে বলতে পারি, তখন সোসাইটির অফিস ছিল একটি পুরোনো দালানের (যা এখন সংস্কার করা হচ্ছে) তিনতলায়। পরবর্তীকালে নতুন দালানের একতলায় অফিস স্থানান্তরিত হয়। তা ছাড়া, এটি মোটেই একটি নাম-মাত্র প্রতিষ্ঠান ছিল না। প্রকৃতপক্ষে, এই বক্তব্যে সঠিক তথ্য উপস্থাপিত হয়নি। তখন বিভিন্ন গবেষকের গবেষণাকর্ম যা অন্য কোনো প্রতিষ্ঠান প্রকাশ করতে চাইত না, সেগুলো সোসাইটি প্রকাশের দায়িত্ব নিয়েছে, রীতিমতো সাময়িকী প্রকাশিত হতো এবং মাসিক সাধারণ সভায় গবেষকেরা তাঁদের গবেষণাকর্ম বা এর অংশবিশেষ উপস্থাপন করতেন। পরিতাপের বিষয়, ড. মুরশিদ এসব বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না এবং অবস্থাদৃষ্টে মনে হয় অবহিত হওয়ার চেষ্টাও করেননি। দ্বিতীয়ত, ড. মুরশিদের মতে, ১৯৮২-এর পূর্ববর্তী কালে এশিয়াটিক সোসাইটি ছিল ‘স্বল্প কিছু বৃদ্ধ অধ্যাপকদের সভা এবং আড্ডা’ দেওয়ার স্থান। আমার মনে আছে, এসব অধ্যাপকের মধ্যে ছিলেন এ বি এম হাবিবুল্লাহ, মমতাজুর রহমান তরফদার, আহমদ শরীফ এবং অজয় রায়। আরও ছিলেন কামরুদ্দীন আহমেদ ও আ ক ম জাকারিয়া। আমি নিজে দেখেছি তাঁরা কী আন্তরিকতার সঙ্গে সোসাইটির কর্মকাণ্ড পরিচালনা করতেন। বলার অপেক্ষা রাখে না, তখন সোসাইটির কর্মকাণ্ড অনেক সীমিত ছিল, কিন্তু তাঁদের আন্তরিকতার অভাব ছিল না। অধিক অর্থ সংগ্রহ করে বৃহত্তর কর্মকাণ্ডে হাত দিলে তাতে সোসাইটির চরিত্র পরিবর্তিত হয়ে যেতে পারে, এটি ছিল তাঁদের আশঙ্কা। আমি ড. গোলাম মুরশিদকে দীর্ঘদিন যাবৎ সজ্জন ও বিদগ্ধ গবেষক হিসেবে জেনে আসছি। কিন্তু ১৯৮২-এর পূর্ববর্তীকালের এশিয়াটিক সোসাইটির অবস্থা এবং একে সচল রাখার লক্ষ্যে কর্মকর্তাদের আন্তরিক অবদানকে তিনি খাটো করে দেখার প্রয়াস পেয়েছেন তা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। প্রফেসর ইসলামের পূর্ণাঙ্গ মূল্যায়ন করার জন্য ড. মুরশিদ আরও অনেক বিষয়ের অবতারণা করতে পারতেন। কিন্তু তিনি ১৯৮২-পূর্ববর্তী সময়কে অন্ধকারের যুগ বলে বর্ণনা করেছেন। মো. মোফাখখারুল ইসলামইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।