পাঠকচরণে আমার অশ্রু মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্রু মোবারক
অশ্রু মোবারক

অশ্রু মোবারক
শামসেত তাবরেজী
প্রচ্ছদ: শিবু কুমার শীল
প্রকাশক: আগামী প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৫
১১২ পৃষ্ঠা
দাম: ২৫০ টাকা।

মানুষের সমাজ সামান্যের সমাজ। রহিম-করিম কোনো একটা নামের খাঁচায় বেঁধে তাকে বিশেষ করে তোলা হয়, কিন্তু সে নিজেকে সম্বোধন করে ‘আমি’ বলে। সামান্যের সমাজে এই ‘আমি’র লড়াইয়ের নামই জীবন। এ জীবন যুগপৎ দেহ ও মনের জীবন বৈকি। কত রকমেরই না সেই লড়াই। ভাষা তার লড়াইয়ের সাধারণ হাতিয়ার। শুনেছি, ভাষার কারণেই সামান্য প্রাণী হয়ে ওঠে বিশেষ প্রাণী, যার নাম মানুষ। আবার প্রতিটি মুহূর্তই মানুষ পার করে কী এক অস্থিরতার মধ্য দিয়ে। সেই অস্থিরতার তত্ত্বতালাশ করতে সে যেন মরিয়া হয়ে ওঠে। একদিকে তার সমাজ বাঁধার আকুতি, অন্যদিকে ‘আমি’র সঙ্গে ক্রমাগত বোঝাপড়া করতে গিয়ে কেউ কেউ ভাষাকে ব্যবহার করে বিশেষ প্রকারে। সংসার তার নাম রেখেছে ‘শিল্প-সাহিত্য’। এই নামপদের ভেতরেও আরও মেলা নামপদ, তার একটা হলো কবিতা। আরও শুনেছি, অস্থিরতা প্রকাশ করার সময় সে ‘আমি’-কে খানিকটা ভেদ করে, আর কাকে যেন খুঁজে বেড়ায় অথবা এমনই কি, যে ওই অস্থিরতাটুকুই হলো মানুষের অস্তিত্ব? কিন্তু সমাজ-সংসারে যে ‘আমি’র দৌড়ঝাঁপ, তার সঙ্গে ‘খেনেক দেখা’ মিলের চেয়ে অমিলও তো কম না। ভাবি, তবে কি মানুষ আসলে এক দেহের ভেতর দুই বসতির নাম? বাংলাদেশের সাঁইজি লালন কিংবা দূর ফরাসি দেশের জাঁক লাকাঁ যেমন বলেন? এই আছি এই নাই—দুই বসতির কাণ্ডকারখানা শুধু? একবার আমি আবার না-আমি? আপাতত পণ্ডিতদের কাছে যাওয়ার দরকার নেই। সরল অঙ্কে ইমান রেখে শুধু বলা যেতে পারে, মানুষ আসলে হয়তো না+আমি বা নামি অথবা আমি+না বা আমিনা। মানুষের মধ্যে এই বিভক্তির রক্তপাত বিনা কাব্যের তথা শিল্পের অস্তিত্ব অসম্ভব। এই তো সেদিন কবি সাজ্জাদ শরিফ কথায় কথায় আমাকে বললেন, কবিকে তার নিজের ভেতরে আসতে হয়, তাঁর কথা তো মানুষের সেই নিয়তিরই প্রতিধ্বনি!

শামসেত তাবরেজী
শামসেত তাবরেজী


পদ রচনার শুরু আমার আম্মার হাতে। টেবল ঠুকে শব্দান্ত মিলের এক রহস্যময়তা আম্মা রুইয়ে দিয়েছিলেন যখন আমি সম্ভবত চতুর্থ শ্রেণির ছাত্র। দুপুরের পর ঘুম ঘুম ঘোরের মধ্যে নানা মাত্রার চালে আমার নামির অস্থিরতা প্রকাশের অদম্যতা থেকে আমার আর মুক্তিলাভ সম্ভব হয়নি। সে চেষ্টাও যে করিনি, তা না। সেই গোপন অসুস্থতা লুকিয়ে রাখার ফলাফল আমার পদ্য লেখালেখি। তাই কবিতা বা পদ্য আমার কাছে কোনো দিনই ‘সাহিত্যবাদী’ ধারণা নিয়ে আসেনি। এ আমার প্রতিদিনের অভিজ্ঞতা—এক রাজসিক অভিযান, যা কখনোই শেষ হয় না, তার সফলতা-বিফলতা নিয়েও আমার কোনো টেনশন ছিল না বা নেই। এই অস্থিরতাই আমার অস্তিত্ব। তাই বিশেষ অবিভাজ্য ‘ব্যক্তি’ আমার কাছে কোনো সৎ অর্থ নিয়ে আসে না, বরং তাকে করুণা করে বলতে ইচ্ছা হয়, ‘অভাগা’। ইংরেজিতে তর্জমা করলে যা দাঁড়ায় Individual। আমার যদি সামান্য অহংকার করার থাকে, তা হলো, আমি সামান্য জগতের একটা অংশ—এই ভাবতে পেরে। যখন আমি নামপদেও আমি, তখন বাকি আর-সকল আমার অপর। এক অর্থে অপরের কারণেই আমার আছেত্ব সম্ভব হয়েছে। পদ্য লিখতে গিয়ে এই কথা ভুলে যাওয়ার দুঃসাহস আমার কখনো হয়নি। আল্লাহ যেন সে দুর্মতি আমাকে কখনো না দেন।

এ বছর বেরোনো আমার পদ্যের বই অশ্রু মোবারক তিন বছর আগে বেরোনো মুহূর্তমা ও দুজনেষু-এর ধারাবাহিকতা। নিজের চোখে দেখা, নিজের কানে শোনা ছবি আর ধ্বনি একাকার করে কয়েক ফোঁটা অশ্রুমাত্র। বাংলাদেশে বর্তমান কালে যে দুঃখ-বেদনা-ক্ষোভ-আশাহীনতা আর নৈরাজ্য চলছে, এই কয়েক ফোঁটা অশ্রু দিয়ে তা ধুয়ে ফেলা যে সম্ভব না, তা আমি ভালো করেই জানি।