
‘গঙ্গাজলীর বেজী’ নামে একটা গল্পের কথা কি মনে পড়ে? সত্তরের শেষ দিকে লেখা হলেও গল্পটি সংকলনভুক্ত হয়েছে মধ্য-আশিতে। লেখক বিপ্লব দাশ। আজকের পাঠক-প্রজন্মের কাছে সম্ভবত অপরিচিত একটা নাম। পাঠক-প্রজন্মের বদলে যদি লেখক-প্রজন্ম বলি, কোনো হেরফের কি হবে?
প্রজন্ম-টজন্ম বাদ দিই; এই ছোট দেশের ততোধিক ছোট সাহিত্য মহলেও বিপ্লব দাশের নাম কদাচিৎ উচ্চারিত হয় না। কেন হয় না, এ অভিযোগ শুধু একজন বিপ্লব দাশকে নিয়ে নয়, দেশে দেশে অজস্র লেখকের ক্ষেত্রে ঘটে থাকে। সে যা-ই হোক, সত্যটা এই—বিপ্লব দাশ হেলাফেলার লেখক ছিলেন না, স্রোতের টানে আঘাটায় এসে ভেড়েননি। লিখেছেন খুব কম, জানামতে একটামাত্র গল্পসংকলন ও একটাই উপন্যাস। কিন্তু এই ক্ষুদ্র আয়োজনের অসামান্য দ্যুতি তাঁর সৃজনপ্রতিভাকে এতটাই দীপ্যমান করেছিল, ষাট ও সত্তরের দশকের কয়েকজন লেখক স্পষ্টতই তাঁর লিখনভঙ্গিতে প্রভাবিত হয়েছিলেন।
বিশেষ কি কোনো ধারা বা ঘরানার লেখক ছিলেন বিপ্লব দাশ? তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত প্রতিভাধারী। সাহিত্য করতে এসে তথাকথিত নিয়মকানুনের ধার ধারেননি, যে কারণে কে কবে কী লিখেছেন, কী কায়দা-কৌশলে লিখেছেন—এসবে তাঁর নজর ছিল বলে মনে হয়নি। সেদিক থেকে দেখলে আমাদের কথাসাহিত্যে তাঁর পূর্বসূরি নেই। দুটোমাত্র বই দিয়ে এমন অর্জন খালি পায়ে হিমালয় ডিঙানোর চেয়ে কম নয়। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন। স্বতঃস্ফূর্ততার একটা সমস্যা হলো, লেখার অদম্য টানে লেখকের নিজেকে উজাড় করে সঁপে দেওয়ার ফল কখনো কখনো মাত্রাজ্ঞানহীনতায় রূপ নেয়। বিপ্লব দাশের ক্ষেত্রে এমন অভিযোগ ওঠেনি তা নয়, তবে টনটনে মাত্রাজ্ঞান নিয়ে অতিসাবধানী তথাকথিত সংযত লেখকেরা যে বেশি দূর যেতে পারেন না, এ-ও তো অজানা নয়। মূল কথা, মাত্রাজ্ঞান মাপার যন্ত্র-মন্ত্র আজও আবিষ্কৃত হয়নি, ফলে শ্রেণিকক্ষ-শাসিত সাহিত্যভাবনা অনেক ক্ষেত্রেই ছড়ি ঘোরাতে তৎপর থাকে। মনে হয় না বিপ্লব দাশকে তাঁর অনন্য স্বতঃর্স্ফূততা কখনো বিপথগামী করেছে। তবে কিছু কিছু পাঠক বিভ্রান্ত হয়েছেন। এ সমস্যা সেই সব পাঠকের, লেখকের নয়।
যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম সেই ‘গঙ্গাজলীর বেজী’ বিপ্লব দাশের গল্প সংকলন পঞ্চুহরির শেষ বিবাহতে অন্তর্ভুক্ত। গণিকাপল্লিতে জোর করে একটা মেয়েকে ঢোকানোর পর অবস্থার পরিপ্রেক্ষিতে অল্প দিনেই মেয়েটা কী করে সেই পল্লির একজন হয়ে যাচ্ছে, এমনকি নিজেকে মানিয়েও নিচ্ছে—আপাতদৃষ্টিতে দুঃখহীন, খেদহীন—এ নিয়ে লিখতে গিয়ে বিপ্লব দাশ যে কাজটি করেছেন এবং যেভাবে করেছেন, তা আমার জানামতে বাংলা ভাষায় অন্য কেউ করার সাহস দেখাননি। গল্পটিতে লেখক বিপ্লব দাশকে কোথাও খুঁজে পাওয়া তো যাবেই না, বরং আশ্চর্য যা, গল্পের বয়ানকারী হিসেবে যাকে পাওয়া যায়, তাকে মনে হয় একজন যোগসাজশকারী। মায়া নেই, মমতা নেই, সহমর্মিতা নেই, এমনকি করুণাও না—যেন পরিহাসচ্ছলে মর্মন্তুদ একটা বিষয় নিয়ে পাঠকের সঙ্গে মজা ভাগাভাগি করা হচ্ছে। গল্পটি প্রকাশের পর বেশ বিতর্কের জন্ম দিয়েছিল; কিন্তু পাঠক যদি যথেষ্ট অভিনিবেশ নিয়ে এটি পড়েন, তাঁর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় গল্পটি লেখক কোন জায়গা থেকে লিখেছেন।
তথাকথিত সাবধানী লেখক না হলেও সচেতন বা অবচেতনে (সম্ভবত তাঁর সৃষ্টিশীলতার এটি একটি অনন্য দিক) বিপ্লব দাশ একটা বিষয়ে কঠোর সাবধানী ছিলেন। পাঠককে তাঁর লেখার ভেতরে টানতে কখনো গায়ে পড়ে অনাহূত সাহায্য করতে যাননি। পাঠককে উঁচু আসনে বসিয়ে, অন্যভাবে বললে, পাঠকের পরিপাকযন্ত্রের শক্তি-সামর্থ্যে সামান্যতম সন্দেহ পোষণ না করে নিজের লেখা নিজের মতো করে লিখে গেছেন। তোয়াক্কাহীন।
বিপ্লব দাশের লেখার একটা অন্যতম অনুষঙ্গ যৌনতা। যৌনতা, কোথাও কোথাও তথাকথিত বিকৃত যৌনতার যে চিত্র তাঁর লেখায় পাওয়া যায়, তা মূলত লেখার বিষয়কে (কনটেন্টকে) জোরেশোরে ধাক্কা দিতেই। যেমন, ‘হাতবদল বা ঘড়িরহস্য’, ‘পঞ্চুহরির শেষ বিবাহ’ গল্প দুটি। বলা ভালো, সরলমতি পাঠককে গল্প দুটি বিভ্রান্ত করতে পারে।
সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পের মধ্যে রয়েছে ‘পদ্ম সন্ধান’ ও ‘শ্রীনাথের পদাবলী’। ‘পদ্ম সন্ধান’ যত দূর জানি, একটা ফরমায়েশি লেখা। তবে সাধারণত ফরমায়েশি বলতে যা বোঝায়, তা নয়। ব্যাপারটা কৌতূহলকর এ জন্য যে এ গল্পের বিষয়টাও ছিল ফরমায়েশি। মননশীল লেখালেখির বেলায় বিষয় নির্দিষ্ট করে দেওয়া ক্ষেত্রবিশেষে স্বাভাবিক হলেও সৃজনশীল লেখায় (বিশেষত গল্পে) বিষয় আগাম বলে-কয়ে ফরমাশ দেওয়া ও বিপ্লব দাশের সেই ফরমাশ পালন—দুটো ঘটনাই বিরল। এ নিয়ে অন্যত্র বলা যাবে। ‘শ্রীনাথের পদাবলী’ একটি স্মরণীয় গল্প। পুত্রহারা নিঃসহায় এক বৃদ্ধ নিজের আঞ্চলিক বুলিতে বলে যাচ্ছেন গোটা গল্প; কিন্তু দুঃখ কি উতলে উঠেছে কোথাও, হাহাকার? মৃত্যুর ঘটনাটাও কি বিস্তার পেয়েছে? এক চাপা শূন্যতায় বৃদ্ধ স্মৃতি উগরে স্বগতোক্তির কায়দায় নিচু, ঠান্ডা গলায় রচনা করে চলেছেন পুত্রবিয়োগের বিষাদগাথা, যা মূলত তার একার ব্যক্তিগত হলেও গোটা দেশ, সমাজের টুঁটি চেপে ধরে।
স্বতঃস্ফূর্ততার কথা আগেই বলেছি। তবে শুধু স্বতঃস্ফূর্ততা দিয়ে বিপ্লব দাশের শৈলীকে চিহ্নিত করা সরলীকরণের দিকে নিয়ে যাবে। বরং এভাবে বলা সংগত যে তাঁর শৈলীতে মিশে আছে এমন এক অন্তঃস্রোত, যা আখ্যানকে যেন এক ঘোরের ভেতর দিয়ে পথ করে ঠেলে নিয়ে যায়, যেখানে কথক আর চরিত্র হাত ধরাধরি করে, কখনো জড়িয়ে-পেঁচিয়ে একাকার হয়ে পাঠকমনে গূঢ়, বহুস্বরিক ব্যঞ্জনার আলোড়ন জাগায়। খেয়াল করলে দেখা যাবে, এ ব্যঞ্জনা যথার্থই চেতনাপ্রবাহ (স্ট্রিম অব কনশাসনেস) রীতির ব্যঞ্জনা। যাঁরা লেখাপড়া করে চেতনাপ্রবাহ রীতি মকশো করার চেষ্টা করেন বা করেছেন, তাঁদের সঙ্গে বিপ্লব দাশের তফাত এখানে—তিনি সচেতনভাবে কাজটি করেননি, করেছেন সেই প্রবল অন্তঃস্রোতের টানে। তাঁর সৃষ্টিশীলতার শক্তি এখানেই।
বিপ্লব দাশের বাগ্ভঙ্গিমা প্রায় সব গল্পেই তাঁর স্বাতন্ত্র্যকে ধরিয়ে দেয়। ‘ক্ষুৎগর্ভিণী’ গল্পের শুরুর দিকের বর্ণনা: ‘সকাল থেকে খিদে চড়াও হয়েছে পেটের এক কোণে। তারপর পেটের কোণ থেকে বেরিয়ে নাড়ি নাড়ি পা পা করে এগোতে এগোতে বুকে এসে ওঠে। বুক থেকে লাফ মেরে আলজিবটায় ঝুলে, কয়েক দফা দোল খেয়ে মূল জিহ্বায় দিয়েছে লাফ। লাফ দিতেই শুকনো জিবের খটখটে মেঝেতে শালিকের নীল ডিমের মতো ফেটে ভেঙে চৌচির হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে তেতো হয়ে। তাতে একটা ঝিমলি ঝিমলি নেশা-নেশা ভাব এসেছে।’ কিংবা ‘কৃষ্ণপ্রিয়ার লোটা’তে: ‘কৃষ্ণপ্রিয়া তার তুলসীমণ্ডপেই বসে পড়লেন। বসে পড়তে তার পাশে তার ছায়াও বসে পড়ল মাটিতে। ছায়াকে ঘটিটা দিলেন কৃষ্ণপ্রিয়া। ছায়া নিলও। নিতেই ছায়ার জায়গায় ছায়া, কৃষ্ণপ্রিয়ার জায়গায় কৃষ্ণপ্রিয়া, কিন্তু সন্ধ্যা হয়ে গেল।...সকালবেলাটা এমনি করে সন্ধ্যা হলো, রাত হলো, নিশিরাত হলো, তারপর আবার নিশি পোহায়ে ভোরও হলো। কৃষ্ণপ্রিয়া যেমন যেখানে তেমনি রইলেন। তার ছায়াও, ঘটিও।’
আর তাঁর অসামান্য কৌতুকরস? এত অনায়াসে এত জটিল-কুটিল কৌতুক! হাসির খোরাক জোগানোর পাশাপাশি আক্রমণও করতে ছাড়ে না। অথচ পড়তে গিয়ে মনে হয় লেখার সময় আপনাআপনি কলমে ভর করছে।
বিপ্লব দাশের সঙ্গে একবারই দেখা হয়েছিল, তা-ও অল্প সময়ের জন্য। গত শতকের নব্বইয়ের শেষ দিকে তাঁর মৃত্যুর খবর জেনেছিলাম লোকমুখে। খবরের কাগজের ১৪ বা ১৫ নম্বর পৃষ্ঠায়ও মৃত্যুসংবাদ জায়গা পেয়েছিল কি না, এত দিন পর মনে করতে পারছি না। তাতে কিছু যায়-আসে না। জীবিতকালে তিনি কেউকেটা লেখক দূরের, নিজেকে হয়তো লেখকই ভাবতেন না। কোথাও তাঁর সাক্ষাৎকার বা তাঁর বইয়ের ওপর বিস্তারিত আলোচনাও নজরে পড়েছে বলে মনে পড়ে না।
সত্তর দশকের লেখক-পাঠকেরা নিজেদের একান্ত আড্ডায় কখনো কখনো বিপ্লব দাশের নাম নেন। ব্যস। মরে যাওয়ার পর একজন দাগি আসামিরও বিদেহী আত্মার শান্তি, যাকে বলে রুহের মাগফিরাত কামনা করা হয়। দাগি আসামি তো নন। বিপ্লব দাশের কিছু যায়-আসে না।