নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে চলতি সপ্তাহে শুরু হয়েছে পিকাসোর বিভিন্ন সময়ের আঁকা ছবির এক প্রদর্শনী। প্রদর্শনীকক্ষে ঢুকেই চোখে পড়ল গারট্রুড স্টাইনকে। লম্বা মুখ, কিঞ্চিৎ বিষণ্ন, চিন্তামগ্ন চেহারা। আটোবায়োগ্রাফি অব এলিস বি টোকলাস-এর লেখিকার এই চেহারার সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। এই ছবির ইতিহাস—কিঞ্চিৎ মনের মাধুরী মিশিয়ে—গারট্রুড নিজেই সে বইতে বিস্তারিত লিখে গেছেন। হাইস্কুল-পড়ুয়া আমার মেয়ে দ্বিতীয়ার হাতে ছিল ক্যামেরা, বললাম, ‘তাড়াতাড়ি একটা ছবি তোল তো মেয়েটার।’দিতি বিস্মিত হয়ে প্রশ্ন করল, ‘মেয়ে, মেয়ে আবার তুমি কোথায় দেখলে?’কথাটা একদম মিথ্যে নয়। গারট্রুডের আসল চেহারার সঙ্গে এই ছবির খুব বেশি মিল নেই। খুব সুন্দরী কিছু একটা তিনি ছিলেন না। বেটেখাটো, গাট্টাগোট্টা মানুষ, কিন্তু তাই বলে এমন পুরুষালি তাঁর চেহারা, তাও কেউ বলবে না। গারট্রুডের লেখা থেকেই জেনেছি, এই ছবি আঁকতে তিনি ৮০-৯০ বার মডেল হয়ে সেশন দিয়েছেন পিকাসোর জন্য। প্রতি দুপুরে, মধাহ্নভোজের পর, তিন মাইল ডিঙিয়ে পিকাসোর প্যারিস স্টুডিওতে আসতেন ঘোড়ার গাড়ি চেপে, ফিরতেন পায়ে হেঁটে। পিকাসো বরাবরই মডেল ব্যবহার করেছেন—যদিও গারট্রুডের দাবি ছিল, ১৬ বছর বয়সের পর পিকাসো নাকি তাঁকেই প্রথম মডেল হিসেবে ব্যবহার করেন। কিন্তু তাই বলে এক ছবি আঁকতে ৮০-৯০ বার?গারট্রুড স্টাইনের এই বিখ্যাত পোর্ট্রেটটি পিকাসো এঁকেছিলেন ১৯০৫ সালে। তখন তাঁর বয়স ২৩ কি ২৪। সদ্য প্যারিসে এসেছেন, ভাঙা ভাঙা ফরাসি জানেন। অধিকাংশ লোকের কাছেই তিনি অপরিচিত। এই লোক একসময় দুনিয়া কাঁপাবেন—এ কথা ভাবার মতো কোনো কারণই ঘটেনি। অন্যদিকে গারট্রুড তত দিনে বেশ খ্যাতিমান বুদ্ধিজীবী, প্যারিসে তাঁর অ্যাপার্টমেন্টে প্রতি শনিবার সন্ধ্যায় আড্ডা দিতে জড়ো হতেন ইউরোপের সেরা শিল্পী, লেখক ও বুদ্ধিজীবীরা। আসতেন ব্রাক, আসতেন মাতিস। ঘটনাক্রমে প্যারিসেই গারট্রুড ও তাঁর ভাই পলের সঙ্গে পিকাসোর পরিচয় হয়েছিল। একদম শুরুর দিকে আঁকা পিকাসোর কিছু ছবিও তাঁরা কিনেছিলেন। ফলে একধরনের চেনা-জানা ও বন্ধুত্ব তাঁদের হয়েছিল। সেই সূত্রে এই স্বল্পবাক স্প্যানিয়ার্ডও দাওয়াত পেতেন সেই সান্ধ্য আসরে। গারট্রুডের প্রতি বন্ধুত্বের স্বীকৃতি হিসেবে পিকাসো এঁকেছিলেন এই ছবি। অন্যদিকে গারট্রুড পিকাসোকে নিয়ে কেবল বই-ই লেখেননি, কিউবিস্ট কায়দায় পিকাসোকে নিয়ে একটি গদ্য পোর্ট্রেটও লিখেছিলেন, যার কেন্দ্রে ছিল পিকাসোর নামে উৎসর্গ করা একটি কবিতা।কাছ থেকে ছবিটা দেখার চেষ্টা করি আমি। মাত্র ২৪ বছর বয়স তাঁর, অথচ এই শিল্পী কেন বিশ শতকের একজন সেরা আঁকিয়ে, তার সব নিদর্শনই এখানে বর্তমান। পোর্ট্রেটে অবিকল অনুকরণ আমরা খুঁজি না, খুঁজি যাঁকে আঁকা হলো তাঁর ব্যক্তিত্বের প্রকাশকে। পিকাসো যে গারট্রুডকে এঁকেছেন, তাতে রমণীয় অভিব্যক্তি খুঁজতে গেলে ঠকতে হবে। বাহ্যিক চেহারার বাইরে যা লক্ষণীয় এবং যা পিকাসোকে সম্ভবত আকর্ষণ করেছিল সবচেয়ে বেশি, তা গারট্রুডের পাণ্ডিত্য, তাঁর মেধা এবং বোধ করি মেধার ঔদ্ধত্য। যে নির্জন, আত্মমগ্ন ও বিচ্ছিন্ন মহিলার ছবির প্রতিরূপ এখানে দেখি, বস্তুত তিনি গারট্রুড স্টাইন ছাড়া অন্য কেউ হতে পারেন না, এ বিশ্বাস আমার অনায়াসেই জন্মে, এমনকি তাঁর ফটোগ্রাফের সঙ্গে স্পষ্ট অমিল সত্ত্বেও। গারট্রুড নিজেও বলেছিলন, ‘দিস ইজ আই।’ (এই আমি, এটাই আমার প্রকাশ।) এই ছবির প্রতি গারট্রুড নিজে এতটা আস্থাবান ছিলেন যে তাঁর প্যারিসের বসার ঘরে, সবার চোখে পড়ে এমন এক জায়গায়, তা ঝুলিয়ে রাখতেন। পরে ১৯৬৮ সালে ছবিটি তিনি মেট্রোপলিটন মিউজিয়ামকে দান করেন। ‘জাদুঘরের সংরক্ষণালয়েই এর স্থান হওয়া উচিত,’ তিনি বলেছিলেন।গারট্রুড স্টাইন ও পিকাসোর সম্পর্ক এবং তাঁদের বন্ধুত্বে এই ছবির ভূমিকা নিয়ে ইংরেজি ভাষায় বই লেখা হয়েছে একাধিক। তার সবগুলো যে গারট্রুডের প্রতি খুব সদয়, তা বলা যাবে না। লেখক হিসেবে গারট্রুড নিজেকে ‘জিনিয়াস’ বলে দাবি করতেন। একমাত্র অন্য যাকে ‘জিনিয়াস’ বলে স্বীকার করতে তাঁর দ্বিধা ছিল না, তিনি হলেন পিকাসো। চিত্রকর হিসেবে পিকাসো গারট্রুডের কাছ থেকে তেমন কিছু পেয়েছেন, সে কথা কেউ বলে না। কিন্তু গারট্রুড যে বিক্ষিপ্ত, খাপছাড়া একধরনের গদ্য-পদ্য মেশানো রচনা লিখতেন—যেমন তাঁর পিকাসো ও মাতিসের গদ্য পোর্ট্রেট—তাঁকে তিনি নিজেই ‘কিউবিস্ট’ বলে আখ্যায়িত করেছেন। পিকাসো ও তাঁর বন্ধু ব্রাক ছিলেন এই কিউবিজমের স্রষ্টা।শুধু গারট্রুডের ছবি নয়, মেট-এর এই প্রদর্শনীতে দেখার মতো ছবি আছে অসংখ্য। ছোট-বড় নানা আকারের প্রায় ৫০০ ছবি। ১৯০০ সালে আঁকা একটি ‘সেলফ পোর্ট্রেট’ সবচেয়ে পুরোনো, আর ১৯৮৫ সালে আঁকা এক মাস্কেটিয়ারের ছবি সবচেয়ে নতুন। কিছু ছাপচিত্রও রয়েছে। এর চেয়ে বড় পিকাসো প্রদর্শনী অবশ্য আরও অনেকই হয়েছে, এই নিউইয়র্কেও। কিন্তু এই প্রদর্শনীর এক প্রধান বৈশিষ্ট্য হলো, এর সব ছবিই মেট-এর নিজস্ব। অধিকাংশই দান হিসেবে পাওয়া। কেউ কেউ মৃত্যুর আগে উইল করে দিয়ে গেছেন তাঁদের সংগ্রহের সব ছবি। এমন ছবিও আছে, যা আগে কখনো প্রদর্শিত হয়নি। সে রকমই একটি ছবি ‘ইরোটিক ড্রিমস’। ক্যানভাসে দেখি এক নগ্ন রমণী, যে বুকে জড়িয়ে ধরেছে এক যুবকের শরীর ও তার শিশ্ন।এ ছবিটিও দান হিসেবে পাওয়া, কিন্তু জাদুঘর এ পর্যন্ত কখনোই তা প্রকাশ্যে কাউকে দেখায়নি। খোঁজ নিয়ে জানলাম, জাদুঘরের তৎকালীন কিউরেটর ছবিটিকে ‘বাজে’ বলে বাতিল করে দিয়েছিলেন। বাজে, কিন্তু ঠিক ঠিক পিকাসোর তো? জাদুঘর কর্তৃপক্ষ সে ব্যাপারটা নিশ্চিত না হয়ে এই ছবি প্রদর্শনের বিপক্ষে ছিল। অনেক খোঁজখবরের পর যা সুনিশ্চিতভাবে জানা গেছে তা হলো, সম্ভবত ১৯০২ সালে ছবিটি আঁকা। পিকাসো ছবিটি দিয়েছিলেন তাঁর বাঁধা দর্জি বেনেট সোলেরকে। তখন পিকাসোর টানাটানির সময়। হতে পারে কাপড় বানিয়ে টাকা দেওয়ার বদলে তিনি ছবি দিয়েছিলেন। দর্জি ভদ্রলোক দেরি না করে সে ছবি বিক্রি করে দেন প্যারিসের এক মাঝারি গোছের জার্মান আর্ট ডিলারের কাছে। ১৯১৪ সালে, প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার পর, সেই জার্মান ভদ্রলোকের সব ছবি ফরাসি সরকার বাজেয়াপ্ত করে বসে। পরে ১৯২০ সালের দিকে সেই ছবি নিলামে বিক্রি করে দেওয়া হয়। জনাদুয়েকের হাত ঘুরে একসময় সে ছবি কিনে নেন বিখ্যাত মার্কিন সাহিত্য পত্রিকা ডায়াল-এর সম্পাদক স্কফিলড থায়ার। ১৯৮২ সালে তাঁর মৃত্যুর আগে থায়ার প্রায় ৪০০ ছবি এই জাদুঘরকে দান করে যান, তারই একটি এই ‘ইরোটিক ড্রিমস’।মেট-এর কিউরেটর ‘বাজে’ বললেও আমার মাথায় ঢোকে না, এই ছবি বাজে কেন। ‘ইরোটিকা’র জন্য এই ছবি বাতিলের প্রশ্ন ওঠে না। ইরোটিসিজম—নগ্ন, আগ্রাসী, উদ্দাম কামজতা—পিকাসোর ছবির অন্যতম বড় বৈশিষ্ট্য। ‘ইরোটিক ড্রিমস’ ছবির পাশেই রয়েছে এক নগ্নিকার ছবি। তাতে অন্য সবকিছু বাদ দিয়ে সবচেয়ে আগে নজরে আসে তার যোনিদ্বার। তো সেটিও বাজে বলে বাক্সবন্দী করে রাখতে পারি! একদম বুড়ো বয়সে—৮৬ বছর বয়সে আঁকা একটা এচিং দেখেছি, যার নাম ‘রাফায়েল অ্যান্ড লা ফরনারিনা’। রমণরত পুরুষ ও রমণীর ছবি। সেখানে সবকিছু ছাপিয়ে নজরে আসে পুরুষটির উত্থিত ও আগ্রাসী শিশ্ন। শুধু রেখায় আঁকা ছবি, অথচ আশ্চর্য জীবন্ত। উনিশ শতকের বিখ্যাত শিল্পী রাফায়েল ও তাঁর রক্ষিতা ফরনারিনার ঠিক এ ধরনের ২৫টি এচিং করেছিলেন পিকাসো।পাশাপাশি লাগোয়া পাঁচ-ছয়টি ঘরজুড়ে প্রদর্শনী। সব ছবি একঝলক দেখে নিয়ে আমি ফিরে আসি প্রথম কক্ষে গারট্রুডের ছবির সামনে। এবার নতুন একটা অর্থ আমি আবিষ্কার করি ছবিটি দেখে। কামশূন্য একটি ছবি। এমনকি হতে পারে এটা ছিল গারট্রুডের প্রতি পিকাসোর প্রতিশোধ? আজীবন নারী ও তার দেহের প্রতি ভিক্ষুখের ক্ষুধা, প্রেমিকের বশ্যতা ও দুর্বৃত্তের আগ্রাসন নিয়ে অনুসরণ করেছেন পিকাসো। তিন মাস সামনে বসিয়ে রেখে ছবিটি এঁকেছেন পিকাসো, অথচ সমকামী গারট্রুডের সেই ছবি সম্পূর্ণ ‘এসেক্সুয়াল’। আমরা জানি, তাঁদের দুজনের বন্ধুত্ব কার্যত শেষ হয়ে যায় এলিস বি টোকলাস গ্রন্থ হিসেবে প্রকাশের পরপর। প্রধানত পিকাসোর অনাগ্রহের কারণেই। সে বইতে গারট্রুড নিজেকে পিকাসোর মিউজ—তাঁর প্রেরণাদাত্রী আরাধ্য—হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। সে কথা শুনে পিকাসো হেসেছিলেন, আর তাঁর ভাই পল বলেছিলেন, ‘ও একটা আস্ত মিথ্যুক।’ আমরা জানি, প্যারিসে শুরু করলেও এই ছবি আঁকা শেষ হয় বছরখানেক পর বারসেলোনায়। মডেলকে সামনে বসিয়ে রেখে নয়, মনের মধ্যে তাঁর যে চেহারা পিকাসো গেঁথে নিয়েছিলেন, তারই ভিত্তিতে। ছবি শেষ হওয়ার পর কেউ একজন মন্তব্য করেছিল, ‘দূর, এ তো গারট্রুডের ছবি নয়, অন্য কারও।’ উত্তরে হেসে পিকাসো বলেছিলেন, ‘একসময় আমার আঁকা গারট্রুডকেই সবাই মনে রাখবে, আসল গারট্রুডকে নয়।’অন্য কথায়, একজন শীতল, নির্জন ও যৌবনোত্তর কামহীন না-নারী না-পুরুষ—এও তো একধরনের প্রতিশোধ। ৩ এপ্রিল ২০১০, নিউইয়র্ক