‘কোনো কোনো কবরস্থান খুব নিঃসঙ্গ/ কবরে হাড় বোঝাই, কিন্তু নিঃশব্দ/ একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যায়,/ তার ভেতরে অন্ধকার, অন্ধকার অন্ধকার/ জাহাজডুবি মানুষের মতো নিজেদের ভেতর যেতে/ আমরা মরে যাই, যেন আমরা আমাদের হূদয়ের ভেতর ডুবে যাই।’ পাবলো নেরুদা সমাহিত হওয়ার ৪০ বছর পর এখন নৈঃসঙ্গ ঘুচতে বসেছে, সশব্দে উঠে আসছে কবির হাড়। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে ইসলা নেগ্রাতে নেরুদা সমাহিত হন।১৯৭০-এর প্রেসিডেন্ট নির্বাচনে কমিউনিস্ট পার্টি নেরুদাকে মনোনয়ন দেয়। কিন্তু নেরুদা তাঁর বন্ধু সালভাদর আয়েন্দেকে সমর্থন জানান। নেরুদা-সমর্থিত আয়েন্দে চিলির প্রথম সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। একটি বড় রাজনৈতিক দায় থেকে তিনি মুক্তি পান। বন্ধু প্রেসিডেন্টের অনুরোধে প্যারিসে চিলির রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। দূতাবাসে যোগ দিয়েই টের পেলেন প্রায় সব কর্মচারী ডানপন্থী, দূতাবাসের দেয়ালজুড়ে তাঁর আগে রাষ্ট্রদূতের চাকরি করা সবার ছবি টাঙানো। ছবির একজন-দুজন মানুষ বাদে আর সবাই ভয়ংকর ফাঁপা ও দাম্ভিক। তিনি সব নামিয়ে ফেলে দরদি ভালো মানুষদের ছবি টাঙানোর নির্দেশ দেন। দেয়ালে এবার উঠে আসেন চিলির শ্রেষ্ঠ কজন প্রগতিশীল মানুষ। তাঁদের মধ্যে নতুন প্রেসিডেন্ট আয়েন্দেও ছিলেন। নেরুদা লিখলেন, এরপর দেয়ালগুলো খুব সুন্দর লাগছিল।আয়েন্দে ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গেই একদা ক্ষমতাভোগী চক্র পুনরায় ক্ষমতায় ফেরার জন্য ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি ও সেনাবাহিনীর সঙ্গে হাত মেলায়। ১১ সেপ্টেম্বর ১৯৭৩ চিলিতে ঘটে যাওয়া রক্তাক্ত অভ্যুত্থানে সালভাদর আয়েন্দে নিহত হন। ক্ষমতাসীন হন সিআইএ-সমর্থিত জেনারেল অগাস্তো পিনোশিও।তিন দিন পর স্মৃতিকথায় নেরুদা লিখেছেন: ‘আমার প্রিয়তম বন্ধু কমরেড সালভাদর আয়েন্দে তাঁরই দেশবাসীর চক্রান্তে নিহত হওয়ার তিন দিন কেটে গেল।...মহান সেই পুরুষের মহিমান্বিত মৃতদেহ ভেদ করেছে অসংখ্য বুলেট, যে বুলেট ছুটে এসেছে তাঁর দেশেরই সেনাদের মেশিনগানের ব্যারেল থেকে।’আয়েন্দে নিহত হওয়ার ঠিক ১২ দিন পর নেরুদা মৃত্যুবরণ করেন। অনেক কথা বলা হয়েছে তাঁর মৃত্যু নিয়ে। সরকারি ভাষ্যে বলা হলো, প্রোস্টেট ক্যানসারের কারণে চরম অপুষ্টি। কিন্তু তখন তাঁর বন্ধুরা অবিশ্বাস্য এ কারণ উড়িয়ে দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তখন নেরুদার ওজন ২১২ পাউন্ড। অপুষ্টির কথা হাস্যকর। তিনিও হত্যাকাণ্ডের শিকার, এ কথা তখনো উঠেছে। তাঁর মৃতদেহ অনুসরণ করেছেন যে নারী, সেই মাতিলদে লিখেছেন তাঁর স্মৃতিকথা, মাই লাইফ উইথ পাবলো নেরুদা বইয়ে কবির সঙ্গে তাঁর ২২টি আবেগময় বছরের অনুপুঙ্খ ছবি। সেখানে তিনিও প্রশ্ন তুলেছেন নেরুদার মৃত্যু নিয়ে।নেরুদার গাড়িচালক, দেহরক্ষী এবং সহকারী ম্যানুয়েল আরাইয়া অনেক দিন থেকেই বলে আসছেন, সান্তা মারিয়া ক্লিনিকে ডাক্তার সারিয়ো ড্র্যাপার ইনজেকশন প্রয়োগ করে কবিকে হত্যা করেছেন। এই ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ অনেকে প্রত্যাখ্যানও করেছেন। ডাক্তার ড্র্যাপার বলেছেন, প্রোস্টেট ক্যানসারের যন্ত্রণা কমাতে নেরুদার ডাক্তার ভারহাস সানাজার নির্দেশ মান্য করে যন্ত্রণানাশক ইনজেকশন প্রয়োগের আদেশ দিয়েছেন। তাঁর ভূমিকা কেবল বার্তাবাহকের। কমিউনিস্ট পার্টির আইনজীবী এদুয়ার্দো কনত্রেরাস মনে করেন নেরুদাকে হত্যা করা হয়েছে। তিনি আরাইয়ার অভিযোগ সমর্থন করেন। পিনোশের সরকারের হাতে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা মাথায় রেখে চিলি ত্যাগের আগে, ক্যানসার, ব্যথা ও কোমরসন্ধির চিকিৎসার জন্য তিনি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। সঙ্গে ছিলেন আরাইয়া। কমিউনিস্ট পার্টিও নেরুদার দেহাবশেষ উঠিয়ে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের দাবি জানিয়েছে। আরাইয়া জোর দিয়ে বলেছেন, নেরুদা যাতে দেশত্যাগ করতে না পারেন, যে জন্য সেনা সরকারের আদেশে বিষ প্রয়োগ করে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমি বছরের পর বছর দরজায় দরজায় মাথা ঠুকে আমার কথা বলেছি, কেউ শোনেনি। আমার সব সময়ই মনে হয়েছে নেরুদার মৃত্যুর সঠিক কারণ জানার আগেই আমার মৃত্যু হবে।’চিলির বিচারক মারিও কারোজা কবর থেকে দেহাবশেষ উত্তোলনের আদেশ দিয়েছেন। দৃষ্টি এখন ইসলা নেগ্রাতে। শব্দ দুটোর মানে কালো দ্বীপ। জায়গাটি বিখ্যাত হওয়ার অনেক আগে বইয়ের রয়্যালটি দিয়ে সৈকতঘেঁষা ছয় হাজার বর্গমিটারের বিশাল এক খণ্ড জমি কেনেন নেরুদা। সেখানেই থাকতেন তাঁর তৃতীয় স্ত্রী মাতিলদেকে নিয়ে। কালো দ্বীপ নামের কারণ কেউ জানে না। নেরুদা মনে করেন, পাথরগুলো যেহেতু কালো, দেখতে যখন দ্বীপের মতন—হয়তো সেটাই কারণ।কালো দ্বীপের তলা থেকেই উঠে আসা হাড় নেরুদার মৃত্যুর কারণ জানাবে। অবশ্য ফরেনসিক বিশেষজ্ঞরা বলেছেন, ৪০ বছর পর কতটা সঠিক হবে পরীক্ষার ফল, তাঁরা সন্দিহান। পাবলো নেরুদা প্রেসিডেন্ট হওয়া এড়াতে পেরেছিলেন, কিন্তু নিহত প্রেসিডেন্টের রক্ত না শুকোতেই তাঁর মৃত্যু একই সঙ্গে সাহিত্যবিশ্ব ও রাজনীতিবিশ্বকে কাঁপিয়ে দেয়। মাতিলদে লিখেছেন, নেরুদার লেখা শেষ কবিতাটির নামও ‘মৃত্যু’।সূত্র: ওয়েবসাইট ও অন্যান্য