পামুকের অক্ষরমালা আঁকছে হাজারো ছবি
ইস্তাম্বুল নিয়ে লেখা যে বইগুলো পামুককে ২০০৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দিয়েছে, মাই নেম ইজ রেড এই বইটি তার অন্যতম। অটোমান রাজধানীর ১৫৯০ সালের শিল্পীসমাজকে ঘিরে রচিত হয়েছে এই উপন্যাস। তখন পুস্তক অলংকরণের ইসলামি শিল্প হুমকির মুখে পড়ে গেছে পারস্পেকটিভ, প্রতিকৃতিসহ নানা ক্ষেত্রে নতুন ইউরোপীয় উদ্ভাবনের কারণে। এখন ইস্তাম্বুলের অনুচিত্রকরদের কি উচিত হবে এসব নতুন ইউরোপীয় পদ্ধতির কিছু কিছু গ্রহণ করা, নাকি পারস্যের প্রাচীন গুরুদের কাছ থেকে পাওয়া সুন্দর ঐতিহ্যকেই রক্ষা করে চলা উচিত হবে তাঁদের?পামুকের এই বইতে শিল্পকলার ইতিহাস যেভাবে উপস্থাপিত হয়েছে, সেটা আচ্ছন্ন করে রাখবে পাঠকদের। এখানে অনুচিত্রকরদের কর্মশালা কল্পিত হয়েছে, সেখানে তাঁরা আলোচনা করছেন, তাঁর পাণ্ডিত্যপূর্ণ অনুপুঙ্খ বর্ণনা, পুস্তক অলংকরণের ইতিহাস, তারপর চীনের প্রভাব, এই বিশ্বাস যে ছবিতে অবশ্যই এঁকে ফেলতে হবে গল্পটা আর খুঁটিনাটির নিখুঁত সৌন্দর্য।ইউরোপীয় চিত্রকলার যে জ্ঞানগম্যি এসব শিল্পীর মধ্যে ছিল, তার সবটাই এসেছিল ভেনিস থেকে। এই ‘ফ্রাঙ্কীয়’ শহরটিই শক্তিমান অটোমান সাম্রাজ্যের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে বাণিজ্য-বেসাতি করেছে। ভেনিসীয় শিল্পকলার ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগ খুবই গুরুতর ব্যপার। এই উপন্যাসে যে জগৎটি ফিরে বানানো হয়েছে, তার মূল সুরটি মিলবে আজকের বোস্টনে অবস্থিত ইসাবেলা স্টুয়ার্ট গার্ডেনার মিউজিয়ামে রাখা একটি পোর্ট্রেটে। ছবিটি এঁকেছিলেন জেনটাইল বেলিনি, অন্তত তাঁর নামেই ছবিটি প্রচারিত আছে। ছবিতে বেলিনি ইস্তাম্বুলের দ্বিতীয় মাহমুদের দরবারের একজন তরুণ সুবর্ণিকের পোর্ট্রেট এঁকেছেন। অলংকার শোভিত ও জমকালো গাউন পরিহিত হয়ে তিনি নিজের কাজের প্রতি মনোনিবেশ করেছেন, আর তখন ইউরোপীয় শিল্পীটি অটোমান রাজসভায় তাঁকে চিত্রিত করতে মগ্ন।কীভাবে বোঝা গেল যে ছবিটি যিনি আঁকলেন তিনি একজন ইউরোপীয় শিল্পী? কারণ, এই তরুণ সুবর্ণিকের মুখটি প্রখর ব্যক্তিস্বাতন্ত্র্যতার আদলে আঁকা হয়েছে। যে ধরনের ভেনিসীয় পোর্ট্রেচার নিয়ে ওরহান পামুকের চরিত্রদের তর্ক করতে দেখা যায়, এটা তার একটি অসামান্য দৃষ্টান্ত। চিত্রকলায় ব্যক্তির এই উদ্যাপন কি আসলে একটি মেধাদীপ্ত শৈল্পিক বিজয়, নাকি অনৈতিক স্বার্থপরতার একটি লক্ষণ? এ-জাতীয় কৌশলগুলো গ্রহণ করা কি অটোমান শিল্পীদের জন্য হবে প্রাগ্রসরতা, নাকি ক্ষয়ে যাওয়া? আসলে এই পোর্ট্রেটটির—যা একটি টার্কিশ অ্যালবামে বাঁধাই করা ছিল—উদ্দেশ্য ছিল তরুণ অনুচিত্রকরদের ভেনেসীয় দক্ষতাগুলো শিখে নিতে সাহায্য করা। বেলিনি অটোমান দরবারে এসেছিলেন ১৪৭০-এর শেষ দিকে। তিনি যদি এই কাজটির শিল্পী হয়ে থাকেন সত্যিই, তবে এটা তিনি কি ফেলে গিয়েছিলেন অন্যদের শিখতে কাজে লাগবে এ কথাটা ভেবে? যদি তা-ই হয়, তাহলে বলতে হবে, এটি ইসলামি ঐতিহ্যে শিক্ষা পাওয়া শিল্পীদের খুব চাতুরির সঙ্গে নজর টেনেছে। এটা আসলে সাংস্কৃতিক লেনদেনের একটি মাস্টারপিস। ছবিতে চিত্রিত সুবর্ণিকের মুখটি ভেনেসীয় পোর্ট্রেটের ধরনে আঁকা, আর তার বসার ভঙ্গি এবং পোশাক-আশাকের ডিটেইল আঁকা হয়েছে বিমূর্ত ঢঙে এবং রত্নখচিত করার মতো যথার্থতায়, যা ইসলামি দরবারি চিত্রকলার ঐতিহ্য।ভেনেসীয় শিল্পীরা প্রাচ্য থেকে গোগ্রাসে শিখেছেন। অন্যান্য ইতালীয় রেনেসাঁস আর্টের সঙ্গে ভেনেসীয় চিত্রকলার আলো ও রঙের মিল সামান্যই। তাদের সঙ্গে বরং আরও বেশি মিল খুঁজে পাওয়া যাবে সমৃদ্ধ প্রাচ্য-সংস্কৃতির সঙ্গে। পামুক এমন একটি জগৎ তৈরি করেছেন, যেখানে পূর্ব আর পশ্চিমের সম্বন্ধ এসে দাঁড়িয়েছে একটি বাঁকের মুখে। আর এ মুহূর্তের চয়ন বিম্বিত হয়েছে শিল্পকলায়। মাই নেম ইজ রেড উপন্যাসে সেই গল্পটাই বলা হয়েছে। এ গল্প নতুন, অচেনা ও জাদুকরি।অনুবাদ: পবন চক্রবর্তী