জটিলতর রাজনৈতিক-অর্থনৈতিক সম্পর্কের আজকের দুনিয়ায় শিল্প চর্চিত হয় মনস্তাত্ত্বিক অভিজ্ঞতার আলোকে এবং সেই অভিজ্ঞতা হলো ব্যক্তিক। ‘ভ্রমি বিস্ময়ে’ (দি জার্নি উইদিন) শিরোনামে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শিল্পী বিপাশা হায়াতের একক চিত্রকর্ম প্রদর্শনী এক কথায় উপরিউক্ত পরিস্থিতির প্রতি-উপস্থাপন। শিল্পী বিপাশা হায়াতের কর্মজীবন নাট্যচর্চাকে কেন্দ্র করে এবং যেহেতু তার প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সঙ্গে চিত্রচর্চা সম্পর্কিত, সুতরাং প্রদর্শনীর ক্যানভাসগুলোতেও এই দুই অভিজ্ঞতার সংমিশ্রিত ভাব লক্ষণীয়। বিভিন্ন তলে রং, টেক্সচার, কম্পোজিশন, ব্রাশিং, ক্যানভাসে কাকতালীয় ঘটনার বিকাশ ঘটতে দেওয়া একধরনের আত্মবিশ্বাসী স্বাধীনচেতা বিমূর্তায়নে নান্দনিক স্বাদ তৈরি করেছে। কোথাও কখনো শিল্পীর অনিয়মিত চিত্রচর্চার আভাস বেরিয়ে আসতে চায়, কিন্তু শিল্পী বিপাশা বিষয় হিসেবে খুব চমৎকারভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ক্রমবিকশিত জীবনযাত্রায় পারিপার্শ্বিক অভিজ্ঞতায় অর্জিত আবেগকে প্রাধান্য দিয়েছেন। বিপাশার বেশির ভাগ ছবিই অ্যাক্রিলিক মাধ্যমে করা। কিছু তৈলরং ও কিছু ছাপচিত্র মাধ্যমের কাজও রয়েছে। বিমূর্ত অভিব্যক্তিবাদী ধারায় রোমান্টিসিজমে অঙ্কিত শিল্পী বিপাশার চিত্র ভাষার মূল বৈশিষ্ট্য মনের অন্দরমহলের নানা রূপ-স্থান-স্থানের উল্লম্ফনের উপস্থাপন। এরই সঙ্গে শিল্পী চিত্রকলায় নিজস্ব ভাষার জগৎটাকে বোঝনোর চেষ্টা করেছেন। সরল-সহজ রঙের সাবলীল ব্যবহারেও তিনি নান্দনিক রসকে প্রাধান্য দিতে চেয়েছেন। ‘সেনেরিটি-১’, ‘দি ওনড’, ‘মেলাঙকোলি’, ‘আনফরগেটেবল’, ‘ফ্লোটিং সোসাইটি’, ‘ল্যান্ডস্কেপ’, ‘হোয়াই’, ‘দি পিওর সোল’ ইত্যাদি নামকরণে দর্শকের সঙ্গে সম্পর্কিত করেছেন ছবির নিজস্ব ভাব-বক্তব্যের। বিপাশার ছবিতে দর্শকের দৃষ্টি নানন্দিক আনন্দ পেতে চায় রং ও কম্পোজিশনের আঙ্গিকগত নম্র অনুকরণের উপস্থাপনে। শিল্পচর্চা করেন যাঁরা, আরও বেশি মনোযোগ দাবি করতেই পারেন বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর কাছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রতিক প্রয়াত শিল্পী মোহাম্মদ কিবরিয়া শিল্পকর্মের রং ও কম্পোজিশন শ্রদ্ধাভরে স্মরণে আসতে পারে প্রদর্শনীতে গিয়ে দর্শকের সাবলীল স্মৃতিতে। রঙের স্পর্শকাতরতা ও নমনীয়তা শিল্পী ব্যবহার করেছেন রঙের ব্যাকরণগত আবেগ রোমন্থনে। বিপাশার প্রদর্শনীটিকে ‘সিরিজ’ বলা যেতে পারে। কিন্তু নির্মাণকৌশল ও ভাবভাষা প্রদানে কিছু ছবি আধা-বিমূর্ত, কিছু আধা-বাস্তবধর্মী নিরীক্ষাপ্রবণ ছন্দে বিভিন্নতার সুর তোলে। এ কারণেই হয়তো শিল্পী এই চিত্রপ্রদর্শনীর নামকরণ করেছেন ‘ভ্রমি বিস্ময়ে’। প্রদর্শনীর সবচেয়ে বড় ক্যানভাসটি ধারণ করছে একাত্তরকে; ধারণ করছে জন্ম-যন্ত্রণা ও স্বাধীনতার উত্তাল দিনগুলো, কিংবা স্বাধীনতা-উত্তর আত্মসমালোচনায় নিমজ্জিত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন। প্রদর্শনীটি ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলেছে। শিল্পী বিপাশা হায়াত: অভিনয়শিল্পী, নাট্যকার, চিত্রশিল্পী। জন্ম ২৩ মার্চ ১৯৭১, ঢাকা। এমএফএ (ড্রইং অ্যান্ড পেইন্টিং)। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন আর্ট ক্যাম্প করেছেন ও বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নেন। অফিস এবং ব্যক্তিগত পর্যায়ে ও ভারতের সরকার কর্তৃক তাঁর শিল্পকর্ম সংগৃহীত হয়েছে। অভিনয়শিল্পে বহু গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেয়েছেন। বর্তমানে শিল্পী নাট্যকার ও ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।