পারিস যদি আমাকে ধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না পারছিল না। কিছুতেই না। এফবিআইয়ের পোড় খাওয়া দুঁদে এজেন্ট কার্ল হ্যানর‌্যাটি বারবার ঘোল খেয়ে যাচ্ছিল। তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়েও পেরে উঠছিল না উনিশ ছোঁয়ার অপেক্ষায় থাকা এক তরুণের সঙ্গে। বারবার ফসকে বেরিয়ে যাচ্ছিল পুলিশের মুঠো থেকে। বয়স উনিশ পূর্ণ হওয়ার আগেই প্রতারণার সাহায্যে কোটিপতি বনে গেছে সে। ২০০২ সালে এমনই অসাধারণ প্রতারণার গল্প নিয়ে ক্যাচ মি ইফ ইউ ক্যান নামে দুর্দান্ত এক ছবি বানিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। টম হ্যাঙ্কস ছিলেন সেই এফবিআই এজেন্টের চরিত্রে। তরুণ প্রতারক ফ্রাঙ্ক অ্যাবএগনেলের ভূমিকায় লিওনার্দো ডি ক্যাপ্রিও। সিনেমার গল্প বটে, তবে ফ্রাঙ্ক অ্যাবএগনেল চরিত্রটি কিন্তু কাল্পনিক নয়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধুরন্ধর প্রতারকদের একজন ছিলেন তিনি। সবচেয়ে বিখ্যাত প্রতারকও। মূলত চেক জালিয়াতি করেই হাত মকশো করেছেন। তবে বেশি দিন এই ‘ছোট’ কাজে থাকেননি। কমপক্ষে আটটি ভিন্ন ভিন্ন পেশাধারীর বেশ নিয়েছিলেন। এর মধ্যে ছিল প্যান আমেরিকান এয়ারলাইনসের পাইলট, জর্জিয়ার চিকিৎসক, লুইজিয়ানার আইনজীবী। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সনদ জাল করে ব্রিংহাম ইয়াং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন! এক সেমিস্টার পড়িয়েছেন সামাজিক বিজ্ঞান। বিমান চালানোর কিছুই না জানার পরও দিব্যি বেশ কিছুদিন পাইলট হয়েছিলেন তিনি, ডাক্তারি বিদ্যার কিছুই পেটে না থাকার পরও সুনামের সঙ্গে কদিন চিকিৎসাও দিতে পারেন যিনি, আইনজীবীর মতো জটিল একটা কাজও যাঁর কাছে মনে হয় বাঁ হাতের খেল—বলতেই হচ্ছে, অ্যাবএগনেল সত্যিকারের এক প্রতারক শিল্পী। প্রতারণা ব্যাপারটিকে তিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে! তাঁকে এসকেপ আর্টিস্টও বলা হয়। ২১ বছর পূর্ণ হওয়ার আগেই দুবার পুলিশি হেফাজত থেকেও পালিয়ে গিয়েছিলেন চোখে ধুলা দিয়ে!১৯৪৮ সালের এপ্রিলে নিউইয়র্কে জন্ম নেওয়া অ্যাবএগনেলের প্রতারণার শুরুটা হয়েছিল কৈশোরেই। বাবার দেওয়া গ্যাস ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন গ্যাস স্টেশনে টায়ার, ব্যাটারিসহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ কিনে সেগুলোই আবার বেচে দিতেন। অ্যাবএগনেল এরপর শুরু করেন চেক জালিয়াতি। প্রথম দিকে নিজের ব্যাংক হিসাবে জমা অর্থের চেয়ে বেশি পরিমাণ টাকা তুলতেন। কিন্তু এভাবে বেশি দিন ওভার ড্রাফট করা সম্ভব হতো না। কারণ, দ্রুতই ব্যাংক বুঝে যেত বেশি টাকা তুলেছেন অ্যাবএগনেল। এরপর তাঁর কাছে পাওনা চেয়ে তাগাদা দিত। অ্যাবএগনেল নতুন বুদ্ধি বের করে অনেক শাখায় একাধিক ব্যাংক হিসাব খোলেন। এরপর দ্রুতই নিত্যনতুন আইডিয়া খেলে যেতে থাকে তাঁর মাথায়। একপর্যায়ে তিনি নিজেই চেক বানানো শুরু করেন। ব্যাংকে যাতায়াতের একপর্যায়ে তিনি খেয়াল করেন, এয়ারলাইনস ও ভাড়া গাড়ির ব্যবসায়ীরা ব্যাংকের একটা নির্ধারিত বাক্সে (ড্রপ বক্স) তাদের দৈনিক আয়ের টাকাগুলো একটা ব্যাগে করে জমা দিতেন। অ্যাবএগনেল আঁটলেন নতুন ফন্দি। নিরাপত্তাকর্মীর ছদ্মবেশ নিয়ে ড্রপ বক্সের পাশে গিয়ে বসলেন। ড্রপ বক্সের ওপর লিখে দিলেন: এটি কাজ করছে না, আপনার টাকা নিরাপত্তাকর্মীর কাছে জমা দিন। সবাই সরল বিশ্বাসে ‘নিরাপত্তাকর্মী’ অ্যাবএগনেলের কাছে টাকা জমা দিল। এক দিনেই বিনা পরিশ্রমে লাখোপতি!বিশ্বটা ঘুরে দেখার খুব শখ ছিল অ্যাবএগনেলের। এবার তিনি জাল পরিচয়পত্র বানিয়ে ভিড়ে গেলেন প্যান আমেরিকান এয়ারলাইনসে। কোনো দিনও বিমান চালানোর অভিজ্ঞতা না থাকার পরও সহকারী পাইলট হিসেবে ১৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে ১৬ লাখ কিলোমিটার ভ্রমণ করেছিলেন। একবার অবশ্য বেশ ঝামেলায় পড়ে গিয়েছিলেন। আসল পাইলট তাঁকে সৌজন্য করে বিমান চালানোর প্রস্তাব দিয়ে বসেন। বিমান তখন ৩০ হাজার ফুট ওপরে! বুদ্ধি করে অটো পাইলট চালিয়ে দিয়ে কোনোমতে সেই দফা বেঁচে যান। তবে বারবার ফাঁদ গলে বেরিয়ে গেলেও ধরা তাঁকে পড়তেই হয়। পাঁচ বছর জেলের সাজা খাটার পর এফবিআই তাঁর বুদ্ধিটা কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। কেবল চোখে দেখেই তিনি বলে দিতে পারতেন কোন চেকগুলো জাল। এখনো তিনি এফবিআইয়ের পরামর্শকদের একজন হিসেবে কাজ করছেন। পাশাপাশি অ্যাবএগনেল অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠানও চালান। না, এখানে আর্থিক প্রতারণার শিক্ষা দেওয়া হয় না। বরং কাজ করা হয় সেই সব প্রতারক ধরতে!