পাললিক বাংলার রূপাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পাললিক আত্মা’, শিল্পী: কালিদাস কর্মকার
‘পাললিক আত্মা’, শিল্পী: কালিদাস কর্মকার

হাজার বছর ধরে পলিমাটি জমে জমে গড়ে উঠেছে নদীমাতৃক এই বাংলা—এ গল্পই বারবার উঠে আসে কালিদাস কর্মকারের চিত্রপটে।
সম্প্রতি ঢাকার প্রগতি সরণির গ্যালারি অ্যাথেনায় ‘পাললিক অনুভব’ শিরোনামে শেষ হলো তাঁর একক প্রদর্শনী। এটি তাঁর ৭১তম একক।
চলমান সময়ের জটিল ও বিচিত্র মানবিক সম্পর্কের ভাষা মূর্ত হয়ে ওঠে কালিদাসের ছবিতে। এ ভূখণ্ডের জীবনযাপনের প্রণালি, নানা ধর্মের সমন্বয়, লোকশিল্পের নানা প্রতীক উপাদান হিসেবে উঠে এসেছে তাঁর চিত্রকলায়। মূলত এসব মিলেই ‘পাললিক অনুভব’ প্রদর্শনীটি।
কালিদাসের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বেশ কয়েকটি সিরিজ—‘পাললিক অনুভব’, ‘পাললিক আত্মা’, ‘পাললিক প্রতীক’, ‘পাললিক ছন্দ’, ‘পাললিক মাত্রা’, ‘পাললিক উৎসব’, ‘পাললিক পাল’, ‘পাললিক স্মৃতি’ প্রভৃতি।
বালিয়াড়ি বা কাদামাটির গভীরে কিংবা মাটির উপরিভাগে কৃষক যেমন মাটি তৈরি করে বীজ বা চারা বপন করেন, কালিদাস কর্মকারও অনেকটা এভাবে কাগজে-ক্যানভাসে রঙে, কখনো বা রঞ্জিত মাটি আর বালুর প্রলেপে প্রেক্ষাপট তৈরি করে তুলে ধরেন নিজের চিন্তা আর অনুভব। ‘পাললিক অনুভব-৬’ এমন একটি কাজ। শৈশবে আমরা যেমন নদীপাড়ে কাদামাটি নিয়ে খেলেছি, আঁকিবুঁকি করেছি সেই অনুভূতি ফিরে আসে শিল্পীর এই নির্মিতিতে। আবার ‘পাললিক আত্মা-২’ শিরোনামের চিত্রপটকে প্রথমত দুই ভাগে ভাগ করেছেন শিল্পী। ওপর ভাগে বাঁকা চাঁদসহ পরিচিত প্রতীক, নিচের অর্ধাংশে কৌণিকভাবে বিভক্ত করে কেন্দ্রে স্থাপন করেছেন বৃত্তাকার ফর্ম, আর চারটি ত্রিভুজের মুখোমুখি দুটিতে গোলাকার জিলিপির প্যাঁচ এবং অন্য দুটিতে প্রয়োগ করেছেন কড়ি ও নুড়িপাথর।
হ্যাঁ, আলোচ্য প্রদর্শনীর কাজগুলো এভাবেই করেছেন কালিদাস কর্মকার। ৪ ডিসেম্বর শুরু প্রদর্শনীটি শেষ হয়েছে ২২ ডিসেম্বর।