
‘পাল্কিটা কে বানিয়েছিল?’
এ রকম একটা কথা এ সময়ে তার মনে হলো কেন, সে কথাটা সে নিজেও জানে না। অথচ এখন মুসাম্মত জাহান আরা বেগম শিখার এ কথাটাই মনে হলো। পাল্কিটা প্রথমে বানিয়েছিল কে?
শুনেছে, বাবা তার ছেলেবেলা থেকেই ওটা দেখে এসেছেন, পুরোনো, জীর্ণশীর্ণ। কেউ ঠিক করে জানে না সেটা কত পুরোনো, তবে বাবা মনে করেন হয়তো তাঁর দাদা, কিংবা দাদার বাবা ফরমাশ দিয়ে বানিয়েছিলেন। ছিল একটা সময়, শিখার কিশোরী বয়স পর্যন্ত, যখন অন্তত চার পুরুষ আগে থেকেই তাদের বাড়িতে নিজস্ব পাল্কি ছিল, আজও তার দেড়খানা টিকে আছে, এ কথাটায় সে খুব গর্ববোধ করত। এখন এটা নিয়ে গর্ব করার কিছু আছে কি নেই, নাকি বরং একটু লজ্জাই করা উচিত, তা সে জানে না।
কিন্তু সে কথা ভিন্ন। শিখা এখন যা জানতে চাইছে, সেটা তার বাড়িতে পাল্কির ইতিহাস নয়, তাবত পাল্কি কিংবা তার আদি রূপ, ‘দোলা’র ইতিহাসও নয়। কেবল, এ মুহূর্তে সে যে পাল্কিটায় আরোহী, সেটা কোন মিস্তিরি বা কোন কারিগরের হাত দিয়ে তৈরি হয়েছিল, সেটাই শুধু জানতে চায়। এটা কে মেরামত করেছিল, সেটা সে জানে।
এই পাল্কিটাই সে খুব ছোটবেলায় আধখানা দেখেছে। বড় চাচা আস্তটা নিয়ে গিয়েছিলেন। তাদের বিশাল কাচারি ঘরে ওটার যত্ন হবে ভালো। তার কিছুদিন পর, তার বাবা একবার ছুতার ডেকে, প্রায় মাস তিনেক লাগিয়ে এই আধখানা পাল্কি মেরামত করে সম্পূর্ণ করিয়েছিলেন। কাজটা করেছিল সুরঞ্জন মিস্তিরি।
তার ছেলে অনাথকে শিখার মনে পড়ে। প্রথম প্রথম খুব লাজুক হলেও ছেলেটা ভেতরে ভেতরে রসিকও ছিল খুব। অনাথ একবার হাঁটু ভেঙে বসে মুখে রুমাল চাপা দেওয়ার মতো করে বলেছিল, ‘পাল্কিতে মানুষ এমনে বসে না? না হইলে, পদ্মাসনে বসলে কাইত্তাইয়া পড়ব না?’ শিখা এখন হাঁটু ভেঙেই বসে আছে। রাস্তাটা বড্ড এবড়োথেবড়ো। মুখে অবশ্য কোনো রুমাল চাপা দেওয়া নেই। ওটা তার কাজ না। তা ছাড়া, কারও মুখে রুমাল চাপা দেওয়ার সময় তো এখনো আসেনি। সেটা আসবে আগামী সপ্তাহে। সে জন্যই এখন বড় চাচার বাড়ি যাওয়া। বাবা সাধ করেছেন, মেয়েকে পাল্কিতেই পাঠাবেন! নিজের পাল্কি। পরিবারের ঐতিহ্য। আর তো জীবনেও চড়ার সুযোগ হবে না। কী আর করা!
শিখার মনে পড়ে যায়, হাসি হাসি, লাজুক, মুখচোরা এক বালকের বেমানান মিষ্টি মুখ। চুপ করে বসে থাকে সারা দিন। মাঝেমধ্যে বাবাকে এটা-ওটা এগিয়ে দেয়। দুপুরে সোল তালাব থেকে হাত-মুখ ধুয়ে এসে বাবার সঙ্গে ভাঙা দেউরিতে গিয়ে বসে খেয়ে নেয়। কোনো দিন খেয়ে এসে অন্দরের পুকুরপাড়ে বেলগাছের ছায়ায় কিছুক্ষণ বসে। তারপর আবার সেই বাবার পাশে চুপ করে বসে থাকা আর গভীর মনোযোগে কাজ দেখা।
কাজ হচ্ছে ভেতর বাড়ির উঠোনে, রান্নাঘরের আড়ালে। লেখাপড়ার ফাঁকে ফাঁকে শিখাও প্রায়ই গিয়ে বসে থাকে। সুরঞ্জন কাকার নিপুণ হাতের কাজ দেখে দেখে মুগ্ধ হয়ে যায়।
‘তোমার নাম কী?’ শিখা একদিন জিজ্ঞেস করেছিল।
ছেলেটি বলেছিল, ‘অনাথ।’
‘পুরাটা ক বাবা, সবটা ক!’ ওর বাবা কাজ থেকে মুখ তুলে বলেছিলেন।
‘অনাথ বন্ধু’, ছেলেটা এবার পুরোটা বলে।
‘সূত্রধর’, ওর বাবা মৃদু হেসে নামটা শেষ করে, ‘অনাথ বন্ধু সূত্রধর। বেণু বইলা ডাকি।’
অর্থাৎ, ওর ডাকনাম বেণু।
শিখা প্রতিদিন গিয়ে বসে কাজ দেখে। বেণু একদিন অনেক কষ্টে লজ্জা কাটিয়ে বলেছিল, ‘তোমার নাম কী?’
ওর বাবা লম্বা করে জিব বের করে বলেছিল, ‘কিচ্ছু মনে কইরেন না মা, একটুও আক্কল-বুদ্দি হয় নাই। এই, জানোস কার সাথে কথা কস? মুখ দিয়া আপনে বাইরয় না? তোর দিদি লাগে, পেন্নাম কর। আবার নাম জিগায়, বেক্কল!’

বেণু লজ্জায় এক ছুটে বেলগাছতলায় পালিয়ে গিয়েছিল। পেন্নাম করেনি। শিখাও লজ্জা পেয়েছিল। বেণু কিছুতেই ওর চেয়ে ছোট না। তা হলে পেন্নাম করবে কেন?
পাল্কিটা একটা ঝাঁকুনি দিয়ে থামল। পেছন থেকে আবদুল্লাহ মামা ছুটে এসে জানালার পর্দা সরিয়ে মুখ ঢুকিয়ে বললেন, ‘পানি খাবে মা? দুইটা সন্দেশ দিই?’
শিখার এখন ক্ষুধাতৃষ্ণা কিছু নেই। তবু পাল্কিটা একটু নামাতে বলল। বেহারাদের জন্য ভীষণ কষ্ট হয় তার। আবার আগের প্রশ্নটায় ফিরে যায়, ‘পাল্কিটা কে বানিয়েছিল?’ এবার প্রশ্নটা এই পাল্কিটা নিয়ে নয়, পাল্কির আবিষ্কার নিয়ে। নিঃসন্দেহে বড়লোক, আদরের দুলাল লাট সাহেবরাই বের করেছে, তাদের নাজুক জেনানাদের নাম করে। কিংবা তাদের পর্দার কথা বলে। কিন্তু সে তো এই সেদিনের কথা, আর আমাদের এই জল-কাদার প্রত্যন্ত বাংলার কথা। পাল্কি তো আর শুধু এখানেই নয়, সারা ভারতবর্ষে, আর সেই কোন সুদূর ইতিহাসের শুরু থেকে। তা হলে?
ভুপেন হাজারিকার ‘দোলা’ গানটার কথা মনে পড়ে যায় শিখার। ঐতিহ্যের নামে এখনো বাবা জেদ কেন করলেন শিখা বুঝতে পারে না। তবু, একমাত্র মেয়ে। জীবনে এই একবার, এই একটুখানি পথ সামান্য একটু পাল্কিতে চড়েই যদি খুশি করা যায়, তো করা কি উচিত না? চাচার ওখান থেকে দুদিন পরেই শহরের বাড়িতে চলে যাবে সবাই মিলে। তারপর ওখানেই তো অনুষ্ঠান। পাল্কির কথা কেউ জানবেও না, মনেও রাখবে না। দুদিন বাদে তো কারও এসব আবদার আর তাকে শুনতেও হবে না, রাখতেও হবে না!
আট বেহারার পাল্কি, কিন্তু আটজন পেশাদার বেহারা পাওয়া যায়নি। পাঁচজন পেশাদার, আর তিনজন খেতমজুর। সবাই সমান না হলে এ কাজ ভালোভাবে করা যায় না। পা পিছলে পড়লে যাত্রীর বিপদ হতে পারে। বেহারাদের জখম হওয়ার আশঙ্কাও ষোলো আনা। একটু এদিক-ওদিক কাত হয়ে ঝাঁকুনি খেয়ে পাল্কিটা ধীরে ধীরে বেহারাদের কাঁধে আবার স্থির হলো। জানালার ওপরের কাঠের ময়ূরের হলুদ ঠোঁটে শিখার মাথা ঠুকে গেল। কাটেনি, ভাগ্যিস!
শিখা একটু অবাক হলো। পাল্কিটা তো একজনের জন্য বেশ খোলামেলাই। তবু মাথা ঠুকে গেল? আসলে বেহারাদের বিশ্রামের সময়ে সে একটু আসন করেই বসেছিল। ওঠার সময়ে আর আসন বদলাতে পারেনি। মনে পড়ে গেল, ‘পদ্মাসনে বসলে কাইত্তাইয়া পড়ব না?’ শিখা রুমাল বের করে কপালের পাশটা মুছতে লাগল।
দুপাশের দুটো ময়ূর হলুদ ঠোঁট নিয়ে তার দিকে নীরবে তাকিয়ে আছে। আর তাকিয়ে আছে লাল, সবুজ, হলুদ, গোলাপি, নীল—নানা রঙের নানা নমুনার ফুল, পাতা, লতা, আঙুরের থোকা। সুরঞ্জন কাকা শুধু সূত্রধরই না, পাকা আঁকিয়েও ছিলেন বটে। এর সব কটাই অবশ্য তাঁর নিজ হাতে রং করা না। এই তো, ডান দিকের কোনার এই ফুলটা, এটা তো স্পষ্ট মনে আছে, একদিন বেণু তাকে খুব গর্ব করে ভেতরে ডেকে নিয়ে গিয়ে দেখিয়েছিল, ‘দেখো, এইটা আমার করা, সুন্দর হয় নাই? তুমি একটা করবা? রং লাগাইয়া দেই?’ সব কটা যদিও কাঠ চেঁছে আল তোলা, ভুলের সুযোগ কম, তবু শিখা সাহস করেনি। তত দিনে, এক পাল্কিতে বেণুর সঙ্গে বসে ফুল রং করাটা তার কাছেও কিছুটা অস্বস্তিকর প্রস্তাব। বেণু সেদিন ওর তুলিতে রং লাগিয়ে দিতে পারেনি, কিন্তু আর কোথাও একটু রং ছড়িয়েছিল কি? বেণুটা অমন বোকা ছিল কী করে শিখা বোঝে না। ছেলেরা বোধ হয় ও রকম একটু গাধাই হয়!
আচ্ছা, বাবা যে এত দেখেশুনে বড় বংশের পাত্র খুঁজে বের করলেন, মামার বাড়িতে এসেছিল, দেখেশুনে তো মন্দ লাগেনি। কিন্তু সেও যদি বেণুরই মতো ও রকম বোকাই হয়? শিখা মফস্বলেই মানুষ হয়েছে, পড়াশোনা যা কিছু সব ওখানেই। ছেলে শুনেছে ঢাকায় বড় হয়েছে। সে নিশ্চয়ই অমন হাবাগোবা হবে না। নিশ্চয়ই শিখার তুলিতে সে জোর করেই রং লাগিয়ে দেবে। আর তা দিয়ে সে তার পুরো সংসার, পুরো জগৎটাতে রং মেখে দেবে! আর নিরামিষ মার্কা, গবেট হলে কী আর করা! না হয় শেষে হাঁটু ভেঙে টাইট হয়েই বসে থাকতে হবে। সে তো জানেই, জীবনের পাল্কিতে মেয়েদের হাঁটু ভেঙেই বসতে হয়, ‘পদ্মাসনে বসলে কাইত্তাইয়া পড়ব না?’
বেণুটা এখন কোথায়? কেমন আছে? একদিন বাবার সঙ্গে একটা পাটাতনের কাঠ রাঁদা করতে গিয়ে আঙুল কেটে সে কী রক্তারক্তি কাণ্ড বাধিয়ে বসেছিল! এরপর শিখা অত্যন্ত উৎকণ্ঠায় ছিল কদিন।
কথাটা মনে হতেই এখন সে হঠাৎ একেবারে সে রকমই ব্যাকুল হয়ে উঠল। তাড়াতাড়ি একটু সরে বসে তাকিয়াটা উল্টিয়ে অস্থির হয়ে কী যেন খুঁজতে লাগল। সুরঞ্জন কাকা বলেছিল, ‘দাদা-বাবুকে কিছু বইলেন না মা। রক্তের দাগ তো, পুরাপুরি তুলন যায় না। আমি রং-বার্নিশ দিয়া ঢাইকা দিমু। কিচ্ছু বুঝা যাইব না। বেণুটা মানুষ হইল না।’ শিখা এখন সেই দাগটা খুঁজছে। সে ঠিকই চিনে নিতে পারবে। তার সব স্পষ্ট মনে আছে।
এই পাল্কিটায় চড়ে সে কোনো দিন ওই ভুলে যাওয়া দাগটুকু খুঁজেছিল, বেণু কি কোনো দিন তা জানবে? আর জানলেই বা কী?