‘কিরাত’ উত্তর-পূর্ব ভারতের চারুশিল্পীদের একটি সংগঠন। এর ১৪ সদস্যের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনী আয়োজিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। শিল্পীদের তিনটি করে কাজ প্রদর্শিত হয়েছে। ১১ জন পেইন্টার, তিনজন ভাস্করের অংশগ্রহণ এতে। কিরাতের শিল্পীরা হলেন—চন্দন মজুমদার, পার্থপ্রতিম গাঙ্গুলি, রাজু সিং, শান্তনু ধর, পল্টু বর্মণ, তপশ্রী গাঙ্গুলি, দেবব্রত ভারতী, জয়দীপ ভট্টাচার্য, রাজীব রুদ্র রায়, সজল চক্রবর্তী ও মনীষ ভট্টাচার্য। আর ভাস্করত্রয়ী হলেন মতিলাল কানাই, সনিজত দাস ও নন্দলাল দাস। তাঁরা প্রায় সবাই চারুশিল্পে পাঠ নিয়েছেন আগরতলার চারুকলা কলেজ থেকে। চন্দন মজুমদার তাঁর ত্রিপুরা অঞ্চলের নারী ও নিসর্গ নিয়ে ছবি এঁকেছেন। সবুজবেষ্টিত প্রকৃতির কোলে পাহাড়ি নারী-পুরুষের জীবনযাপন, পোশাক-আশাক, মানে সামগ্রিক অর্থে তাঁদের সংস্কৃতিকে তুলে ধরেছেন শিল্পী। ফিগারগুলোকে বহুরেখার বন্ধনে বেঁধেছেন। এই স্টাইলে কাজ করেন আমাদের দেশের প্রবীণ শিল্পী আবদুল মুকতাদির। পার্থপ্রতিম গাঙ্গুলি এঁকেছেন ‘সিটি ইন ডেসপেয়ার’ ক্যানভাসে অ্যাক্রিলিক রঙে। যেন নগর পরিকল্পনার খসড়া। যেখানে নদী আছে, রাস্তাঘাট আছে, আছে খেলার মাঠ। অবারিত সবুজের আশ্বাস যেমন আছে, তেমনি গলি-ঘিঞ্জির বসতবাটির দম বন্ধ পরিবেশও যেন রূপায়িত হয়েছে কালোরেখার নকশায়। ক্যানভাসে অ্যাক্রিলিক রঙের ভারী প্রয়োগ দেখা গেল শান্তনু ধরের কাজে। প্রথমে হালকা রঙে গ্রাউন্ড তৈরি করে অসংখ্য জ্যামিতিক রেখায় তাকে বিভাজিত করে তিন-চারটি রঙ ভারী করে ক্যানভাসে চাপিয়েছেন শিল্পী। তপশ্রী গাঙ্গুলি তাঁর চিত্রপটে বিষয় করেছেন নারী। পল্টু বর্মণও তথৈবচ, তবে আরও সুনির্দিষ্ট। রংবেরঙের স্ট্রোক দিয়ে ক্যানভাস সাজান দেবদ্রত ভারতী। বহু বর্ণের আলো-ছায়ায় মনোহর হয়ে ওঠে তাঁর চিত্রকর্ম। লোককলার নানা বিষয়-আশয় উঠে আসে জয়দীপ ভট্টাচার্যের ক্যানভাসে। অনেকটা আমাদের দেশের শিল্পী আবদুস শাকুর শাহর মতো। শাকুরের বিষয়বস্তু সেক্যুলার, জয়দীপের চিত্রে হিন্দুদের দেবীরা উঠে এসেছে। নিসর্গ আর মানুষের বিচিত্র অবয়ব আঁকেন রাজীব রুদ্র পাল। নিসর্গের হারমোনি এঁকেছেন সজল চক্রবর্তী। মনীশ ভট্টাচার্য আঁকেন একতার স্থান, ভালোবাসার জায়গা—এসব। ভাস্কর নভেরা আহমেদের ভাস্কর্যকর্মের ছায়া পেয়ে যাই আমরা মতিলাল কানাইয়ের কাজে। নারী অবয়বের আবক্ষ রূপকে আধুনিক ফর্মে রূপান্তর করে প্রকাশ করেছেন তিনি প্লাস্টার অব প্যারিসে। সনিজত দাসের মাধ্যম কাঠ। প্রকৃতিকে রক্ষার আকুতি তাঁর ভাস্কর্যে। ঝিনুকের মতো খোলস ঘুরিয়ে ঘুরিয়ে মাথার দিকে এক নারী অবয়ব। এ যেন আবুল হাসানের সেই কাব্যপঙিক্তর রূপায়ণ—ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও, ভেতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও। তরুণ ভাস্কর নন্দলাল দাস ব্রোঞ্জে গড়েছেন ‘খাপঅলা তলোয়ার’ ও রাবণের অনেকগুলো অবয়ব। কিরাত দলটি ত্রিপুরার নবীন-প্রবীণ শিল্পীদের সমন্বয়ে গড়ে উঠেছে। তাঁদের শিল্পকর্মে বাস্তবতার ছোঁয়া যেমন আছে, তেমন নৈর্ব্যক্তিক হওয়ার প্রবণতাও আছে। কোন পথে যাবেন এ নিয়ে কারও কারও মধ্যে দ্বিধাদ্বন্দ্বও আছে। তিন-চারজন শিল্পীর কাজ মানসম্পন্ন হলেও এ দলের শিল্পীদের কেউ কেউ এখনো শিক্ষানবিশি পর্যায়েই আছে।