পায়ের তলায় সরষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টইটই করে ঘুরতে কার না ভালো লাগে? ভ্রমণে স্বদেশ ও বিদেশ বইয়ের লেখক ফজলে রাব্বির ভ্রমণ জীবন শুরু পারিবারিকভাবে। শুরুটা সুন্দরবনের সবুজ দিয়ে। সবুজ যেমন তারুণ্যের প্রতীক। আবির্ভাবের বার্তা। লেখকের ভ্রমণ জীবনে সুন্দরবনও এসেছে সৌভাগ্য বার্তা হিসেবে। সেই ১৯৪৪-৪৫ সালের কথা। যখন সুন্দরবনের ছিল ভরা যৌবন। তখন পারিবারিক একটি ভ্রমণে অংশ নেন তিনি। গা ছমছম করা সব অনুভূতিতে ভরা তাঁর সুন্দরবন ভ্রমণ। বাবার কর্মস্থল পশ্চিমবঙ্গের বনগাঁ রেলস্টেশনে হওয়ায় ১৯৫১ সালে ভারত ভ্রমণের একটা সুযোগ পেয়ে গেলেন। এ সময় দিল্লির কুতুব মিনার, মধ্যযুগের অসাধারণ স্থাপত্যকর্ম লাল কেল্লা, আজমীর শরীফ, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছেন। উপভোগ করেছেন বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন বাৎসরিক ওরশ এবং তাজমহলের বিভিন্ন আবেদন জাগানো রূপ। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগে ঘুরেছেন বিলুপ্ত নগরী মহেঞ্জদারো ও মোগল আমলের প্রাচীন শহর থাট্টা। এ ছাড়া লাহোর, করাচিতে ছড়িয়ে থাকা ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো বাদ রাখেননি এ ভ্রমণপিপাসু।

ভ্রমণে স্বদেশ ও বিদেশ—ফজলে রাব্বি
ভ্রমণে স্বদেশ ও বিদেশ—ফজলে রাব্বি
ভ্রমণে স্বদেশ ও বিদেশ—ফজলে রাব্বি
প্রচ্ছদ: মারজানা সাফাত
প্রকাশক: অন্বেষা গবেষণা কেন্দ্র, ঢাকা।
প্রকাশকাল: ২০১৪
১৩৩ পৃষ্ঠা
দাম: ২২০ টাকা।

১৯৬২। এটা একটা বাঁক বদলকারী সময় লেখকের জীবনে। বাংলা একাডেমিতে প্রকাশনা বিভাগে যোগ দেওয়ার ফলে ইউনেসকো ফেলোশিপ পেলেন। গন্তব্য ছিল শিল্প-সাহিত্য ও নয়নাভিরাম স্থাপত্যকলার দেশ ফ্রান্সের প্রকাশনা ও মুদ্রণ শিল্প পরিদর্শন। এ দলে ছিল ছয়জন সদস্য। লেখক ছাড়া বাকিরা ইরান, মিয়ানমার ও শ্রীলঙ্কার। ইউনেসকোর পক্ষ থেকে সবার আবাসনের ব্যবস্থা করা হয়েছে ল্যাটিন কোয়ার্টারে। এরপর একে একে কাজের ফাঁকে ঘুরলেন সোরবেন বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার, ঐতিহাসিক ভবন প্যানথিয়ন, আর্ক দ্য ট্রাম্ফ, প্লেস দে লা কনকর্ড, ল্যুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার, মোপারনাজসহ বহু দর্শনীয় স্থান। এবার শিক্ষাসফর সুইজারল্যান্ড। লেখকের বর্ণনায় সুইজারল্যান্ড নয়নাভিরাম সৌন্দর্যের দেশ। এখানে ঘুরলেন ঘড়ির শহর জেনেভা, জাতিসংঘ ভবন, বার্ন, জুরিখ। উপভোগ করলেন সুবজ প্রকৃতি ও ভাষাগত বৈচিত্র্যতা।
কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর তিনি ঘুরে এলেন অস্ট্রেলিয়া ও শীতের দেশ কানাডা। অস্ট্রেলিয়ায় আদিবাসী মানুষের জীবন পরিক্রমা, ব্লু মাউন্টেন পর্বত ও কানাডার প্রচণ্ড শীতকে জয় করে তা শিল্পতে পরিণত করার বিষয়টি লেখককে বেশ পুলকিত করেছে। কানাডার সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে শীত উৎসব একটি। এখান থেকে কানাডিয়ান সরকার আয়ও করে বেশ।
২৮টি অধ্যায়ে বিভক্ত এই বইয়ে লেখক ফজলে রাব্বির ভাষা এত সাবলীল যে পড়তে পড়তে পাঠকের মনে হবে তিনিই ভ্রমণ করছেন, তার পায়ের তলায়-ই রয়েছে সরষে। ফলে ভ্রমণে ভ্রমণে কী দারুণ কেটে যাচ্ছে সময়!