
বইটি হাতে নিয়ে এ রকমের একটা ধারণা হয়েছিল যে পিঁপড়া নিয়ে এমন কী জানার আছে! তুচ্ছ একটি প্রাণী সম্পর্কে জেনেই-বা কী লাভ? কিন্তু পড়া শুরু করতেই এ বইয়ের লেখক রেজাউর রহমান পিঁপড়া নিয়ে আমাদের এ ধরনের তাচ্ছিল্য-সর্বস্ব মনোভাব ভেঙে দিতে থাকেন প্রতিটি অধ্যায়ের মাধ্যমে। পৃথিবীর পাঠশালা সিরিজের অন্তর্ভুক্ত বইটির আয়তন ক্ষুদ্র হলেও একজন প্রকৃত গবেষকের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করেছেন। পিঁপড়া নিয়ে এত তথ্যের সমাহার এই প্রথম কোনো বইয়ের মাধ্যমে পেলাম। বাংলা ভাষায় এ বিষয়ের ওপর সম্ভবত এটিই প্রথম বই। সামান্য তথ্য, রেজাউর রহমানের ভাষায়, ‘সংখ্যার বিচারে পিঁপড়া বিশ্বের অন্যতম বৃহৎ কীটপতঙ্গ-গোষ্ঠীর একটি। কীটপতঙ্গ প্রজাতির সংখ্যা ১০ লাখের ওপরে। পিঁপড়া নিয়ে যাঁরা গবেষণা করেন, এমন কোনো কোনো গবেষক এ সংখ্যা ৪০ লাখ বলেও দাবি করে থাকেন। তাঁদের করা হিসাব থেকেই জানা গেছে, পৃথিবীতে মানুষের তুলনায় পিঁপড়ার সংখ্যা ১০ লাখ গুণ বেশি।’ আরও মজার তথ্য দিচ্ছেন তিনি, শুধু তাই নয়, পৃথিবীতে যত পিঁপড়া আছে, তাদের জৈববস্তু (বায়োমাস) পৃথিবীতে বসবাসকারী ৭০০ কোটি মানুষের জৈববস্তুর ওজনের সমান।

পিঁপড়া
রেজাউর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার
প্রথমা প্রকাশন, ঢাকা
প্রকাশকাল: ২০১৪
৩২ পৃষ্ঠা
দাম: ১৫০ টাকা।
একবারে নয়, ধীরে ধীরে কপালে চোখ উঠতে থাকবে যতই এ বইয়ের পাঠে আমরা অগ্রসর হতে থাকব। মোট ১৫টি ছোট ছোট অধ্যায়ে বিভক্ত এ বই। প্রতিটি অধ্যায় প্রয়োজনীয় ও পর্যাপ্ত তথ্যে ঠাসা। ঝরঝরে মনোরম ভাষায় পেশ করা তাঁর তথ্যে থেকে থেকেই থমকে যেতে হয়। যেমন ‘এল তারা কোথা থেকে’ অধ্যায়ের সুবাদে লেখক জানাচ্ছেন, জীববিজ্ঞানের জোরালো সূত্রমতে, পৃথিবীতে যত জীবজ সদস্য আছে, তারা অভিযোজন প্রক্রিয়ার ভেতর দিয়ে একটি থেকে অন্যটিতে রূপান্তরিত হয়েছে।...এই উদ্ঘাটনেরের শ্রেণিবিন্যাসগত যে ধারবাহিকতা, তা পিঁপড়ার আদি উৎস খোঁজার ক্ষেত্রে প্রযোজ্য। সেই সূত্রে বিজ্ঞানীরা প্রকৃতিতে পিঁপড়ার আগমন ও তাদের ছড়িয়ে পড়ার দুটি সম্ভাব্য কারণের কথা বলেছেন। এর মধ্যে একদল বলছেন, বোলতাজাতীয় কীটপতঙ্গ থেকে পিঁপড়া সদস্যর উদ্ভব। অন্যদল বলছেন, বোলতার চেয়ে মৌমাছির সঙ্গে পিঁপড়ার বেশি মিল খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, রেজাউর রহমান আরও জানান, এদের ব্যাপক বিস্তার ঘটে ‘প্যালিয়োসিন ও মাইয়োসিন কালের (০.৭-৫. ৪ কোটি বছর) সময়সীমার মধ্যে। এই সময়ের মধ্যে কীটপতঙ্গের অসংখ্য জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। এসবের শতকরা ২০ থেকে ৪০ ভাগই পিঁপড়া জাতের।’ তিনি বলেন, ‘প্রকৃতি বিজ্ঞানীদের মতে, যে প্রাণী যত আগে এসেছে, পৃথিবীতে তার টিকে থাকার যোগ্যতা তত বেশি। সেই বিবেচনায় পিঁপড়া আমাদের চেয়ে অনেক বেশি যোগ্যতর। কেননা ভূতাত্ত্বিক স্কেলে মানুষ এসেছে মাত্র সেই দিন। ৫০ লাখ বছরের বেশি আগে নয়।’
এবং আসছে সেই প্রশ্নও, কোথায় তারা নেই! জবাব, ‘সবখানে আছে। আছে পৃথিবীর স্থলভাগের প্রায় পুরোটাজুড়ে।’
‘দেহ কীভাবে গড়া’ অধ্যায়ে লেখক জানাচ্ছেন, পিঁপড়ার দেহকাঠামো কীভাবে গড়ে ওঠে। পেশ করেন প্রায় বিস্তারিত বিবরণই। জানাচ্ছেন সেই সঙ্গে মজার একটা তথ্যও: এশীয় ওয়েভার পিঁপড়া তাদের নিজেদের দেহের ওজনের ১০০ গুণ ভারী ওজন বহন করতে সক্ষম। পিঁপড়াদের ভাগও দেখানো হয়েছে। লেখক জানাচ্ছেন, পিঁপড়ার দলবদ্ধতায়, বিশেষ করে কর্মী বাহিনীতে নানা রূপ লক্ষ করা যায়। এদের প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। এগুলো হলো: ছোট, মধ্যম ও বড় কর্মী। অনেক ক্ষেত্রে পিঁপড়ার বড় কর্মীদের অস্বাভাবিক বড় আকারের মাথা ও শক্ত চোয়াল থাকে। এদের ‘সৈনিক’ পিঁপড়া বলা হয়। এরা শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারদর্শী। এ ছাড়া এই বড় মাথার সদস্যরা ছোট ও মেজোর মতো রুটিনমাফিক কাজগুলো করে থাকে।
বস্তুত এ বই পিঁপড়ার সার্বিক পরিচয়জ্ঞাপক। তুলে ধরা হয়েছে সমাজে তাদের আচরণের কথা, তাদের ঢিবির কথা, তাদের গুণাগুণের কথা। সর্বোপরি, তাদের শৃঙ্খলার কথাও। উপসংহারস্বরূপ অধ্যায়টির শিরোনাম ‘ভবিষ্যৎ এবং পিঁপড়া’। খুবই মনোহারী তথ্যে ঠাসা এই অধ্যায়টির পাঠ।
রেজাউর রহমানকে অভিনন্দন এমন একটি বিষয়ের বই আমাদের উপহার দেওয়ার জন্য।