পিন্দু দাদু আসক্ত খুব নস্যি গুয়ো পান তামাকে
‘তার কথা আর শুনব না কেউ’ বলল ক্ষেপে শান্তা মাকে
শান্তাকে জোর সাপোর্ট দিল বিচ্ছু দুজন—টুম্পা, ইরা
যে দুটোকে যমের মতো ডরায় বাসার ধূমপায়ীরা।
কে যে এসে ড্রেনের ভেতর ফেলল হুকোর ডাব্বা নিয়ে!
রেখে গেল দাদুর পাশে বরং দুটো ডাব বানিয়ে
বাড়ির চাকর দেয়নি পান ও তামাক পাতা আর সাজিয়ে
বুঝতে দাদুর রয় না বাকি বিচ্ছুগুলোর কারসাজি এ।
সুযোগ পেয়ে দাদুর দিকে ভেচকি দিল দস্যি ঠানও
বুঝবে মজা, ভুলেও যদি আবার নাকে নস্যি টানো,
সর্দি লাগা বন্ধ নাকও হচ্ছে পরিষ্কার ভ্যাপারে
তাও যদি না সারে তবে ডাক্তার আছে তার ব্যাপারে।
চুন-সুপারি থাকল পড়ে, বিড়ায় হলো নষ্ট পানও
নস্যি তামাক পায় না দাদু, ঝরছে চোখে রস টোপানো
দুদিন পরে জানায় দাদু অবাক করা বার্তা মাকে
‘নস্যি টানা ছেড়ে দিলাম, ফিরব না পান আর তামাকে।’
‘হুররে’ বলে বিচ্ছুগুলো আনল দুধের সর, মধুটি
দাদুর মুখে পুরে দিয়ে বলল, ‘তোমার কর্ম দুটি—
সতেজ সবুজ নিটোল হাওয়ায় যাচ্ছে বিকেল ভোর ভেসে বন
টাটকা খাবার খাবে এবং মুক্ত বায়ু করবে সেবন।’
এবার দাদু কাঁদল সুখে, বিচ্ছুরা তাই ধরল ঘিরে
বলল দাদু, ‘নাও ছেড়ে দে, মার উজানে জোর লগি রে
পান-সিগারেট নস্যি তামাক—নেশার মুখে মার রে ছিপি
বিষ না খেয়ে সুস্থ থাকার বাতলে দে পথ আর রেসিপি।
নেশার থেকে মুক্ত হয়ে সবার কাছে আজকে বলি
ধূমপানে যে মৃত্যু নামের আছে ভয়াল বীজ কেবলই।’
শোনায় দাদু বাংলা বাণী, ইংরেজি আর আরবি থোড়া
গর্বে বলে—‘সমাজটাকে বদলে দিতে পারবি তোরা।’