পিপাসা-প্রতাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জীবনতৃষার মধ্যে কী আছে লুকোনো?
এক রকম নির্লজ্জতা অভিলাষ
আরও কিছুদিন—আরও অন্তত কয়েকটা দিন
যদি থাকা যায়, টায়েটুয়ে টিকে থাকা যায়
পঙ্গু হয়ে না হয় নিতান্ত নুলো প্রতিবন্ধী হয়ে,
চক্ষুলাজ সেই মর্মে বিসর্জন দিতে রাজি আছি
আহারে বাঁচার তৃষ্ণা ভয়ানক রোদন পিপাসা,
যুক্তির ধারো না ধার, অহর্নিশি আবেগে উছলাও
ধুঁকতে ধুঁকতে অবসন্ন ক্লান্ত হয়ে ছিবড়ে হও—
বেমালুম ভুলে যাও সবকিছু, নিজ সত্তা-পরিচয়
এমন নাছোড়বান্দা স্বভাব তোমার ছিল
বুঝিনি তো আগেভাগে তৃষ্ণা তাই ক্রোধসহ জাগে
এই জাগরণ চাচ্ছে মৃত্যুকে হটিয়ে দিতে
মৃত্যু তার রক্তরাঙা চোখ
কী প্রচণ্ড শীতল ছোবল
সামান্য স্থগিত রাখবে এ রকম আশাই কোরো না
নির্দিষ্ট সময়ে ঠিক ফণা তুলবে
হয়ে উঠবে অলঙ্ঘ্য নিষ্ঠুর ক্রূর হন্তারক
এ গজব ঠেকানোর সাধ্য কারও নাই
মুমূর্ষু যতই কাতরে বলতে থাক
জীবন তোমাকে আমি চাই চাই চাই।