পুণ্য ও পাপের গীতিকবি লেনার্ড কোহেন
>

কবি, গীতিকার ও গায়ক হিসেবে প্রবল জনপ্রিয় লেনার্ড কোহেন। গানে-কবিতায় বারবারই ছড়িয়েছেন বিষাদ। তাঁর মৃত্যু ব্যথিত করেছে অনেককেই
লেনার্ড কোহেনের অন্য নাম ছিল জিকান, যার অর্থ নীরবতা। ১৯৯৫ সালে জাপানি বৌদ্ধ গুরু সাসাকি রোশির শিষ্যত্ব গ্রহণের পর কোহেন এই নতুন নাম গ্রহণ করেন। কিন্তু কোহেন কোনো দিন নীরব ছিলেন না, মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তাঁর গানের শেষ অ্যালবাম, ইউ ওয়ান্ট ইট ডার্কার প্রকাশ করেন। সে অ্যালবামে মৃত্যুর গন্ধ লেখা ছিল সর্বত্র, কিন্তু কোহেন সে সময় দাবি করেছিলেন, মৃত্যুর প্রশ্ন ওঠে না, আমি অনন্তকাল বেঁচে থাকতে চাই।

অনন্তকাল নয়, লেনার্ড বেঁচে ছিলেন ৮২ বছর। জন্মেছিলেন কানাডায়, শৈশব কেটেছে ইহুদি বাবা-মায়ের রক্ষণশীল ধর্মীয় আবহে। কঠোর ধর্মপরায়ণ মা চেয়েছিলেন ছেলে হোক তাঁর পিতামহের মতো তালমুদিক পণ্ডিত, কিন্তু লেনার্ড বেছে নিলেন সাহিত্য। কবিতাই ছিল তাঁর প্রথম প্রেম। তাঁর প্রথম কাব্যগ্রন্থ লেট আস কম্পেয়ার মিথলজিস। প্রকাশিত হয় ১৯৫৬ সালে, লেনার্ডের বয়স তখন বাইশ। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে তাঁর অধ্যাপক লুইস ডুদেক নিজের পকেটের পয়সা খরচ করে ছেপেছিলেন সেই বই। মোট তেরোটি কবিতার বইয়ের লেখক কোহেন, তাঁর শেষ কবিতাগ্রন্থ, পোয়েমস অ্যান্ড সংস, প্রকাশিত হয় ২০১১ সালে। কবি হিসেবে স্বীকৃতি পেলেও কোহেন পাননি আর্থিক সাফল্য। সাফল্যের সম্ভাবনায় কবিতা ছেড়ে উপন্যাসে হাত দেন, দুটি বই লিখেছিলেন, তার একটি বিউটিফুল লুজারস, অশ্লীল বলে সমালোচিত হলেও বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু খুব যে অর্থের মুখ দেখেছিলেন তা মনে হয় না। আর্থিক সাফল্যের খোঁজেই গান লেখায় হাত দেন। গীতিকার হিসেবে তাঁর প্রথম সাফল্য আসে জুডি কলিন্সের গলায় ‘সুজান’ গানটি রেকর্ড হওয়ার পর। পরে এই জুডি কলিন্সের পীড়াপীড়িতে গান গাওয়া শুরু করেন তিনি। এরপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।
কোহেনের নিজের গলায় খুব বেশি রেকর্ড নেই—মাত্র ১৪টি সিডি। অনতিমন্দ্র কণ্ঠে ধীর তালে গাওয়া গানগুলো তাঁকে স্বতন্ত্র হিসেবে চিহ্নিত করেছে সন্দেহ নেই। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান ‘হালেলুইয়া’, তিনি নিজে রেকর্ড করেছিলেন ১৯৮৪ সালে। প্রথম এক দশক এই গানটি খুব কম লোকই শুনেছে অথবা শুনলেও তা নিয়ে আলাদা করে মনোযোগ দেওয়ার প্রয়োজন দেখেছে বলে মনে হয় না। ২০০১-এ কার্টুন ফিল্ম শ্রেক-এ সেই গান ব্যবহৃত হলে হঠাৎ সবাই নড়েচড়ে বসেন। একটি কার্টুন ছবি নতুন সহস্রাব্দের শ্রোতাদের মনে করিয়ে দিল এই গানের পাপ ও পুণ্য চেতনার যে সহাবস্থান, তা আসলে তাদের নিজেদের ভেতর-বাহিরের অব্যাহত লড়াইয়ের অন্তরঙ্গ বিবৃতি। এ পর্যন্ত প্রায় দুই শ শিল্পী গানটি রেকর্ড করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন বব ডিলান, কে ডি ল্যাং ও জাস্টিন টিম্বারলেক। আর তাঁর লিখিত গান, যার অধিকাংশই ভিন্ন ভিন্ন শিল্পীর কণ্ঠে ধারণকৃত, তাঁদের সংখ্যা দুই হাজারেরও বেশি।
কোহেনের কোনো উপন্যাস পড়ার সুযোগ আমার হয়নি, ফলে আমাদের আজকের বিবেচনা সীমিত থাকবে কবি ও গীতিকার কোহেনে। একই সঙ্গে কবি, ঔপন্যাসিক, গীতিকার ও গায়ক—পৃথিবীতে এমন উদাহরণ খুব বেশি নেই। স্বভাবতই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে আসে। রবীন্দ্রনাথের গানে ও কবিতায় প্রেম ও ভক্তি পাশাপাশি বাস করে। কোহেনের কবিতা ও গানেও আমরা দেখি প্রেম ও ভক্তির সহাবস্থান; যদিও তাঁর প্রেম অনেক বেশি কামজ ও ভক্তিপূর্ণ প্রতীকী এবং পরস্পরবিরোধী। রবীন্দ্রনাথ সহজ সারল্যে মৃত্যুর কথা বলতে পারতেন; কোহেনও, যদিও তাঁর মৃত্যুবোধ অনেক বেশি তমসাময়। ইউ লাইক ইট ডার্কার অ্যালবামে একটি গান রয়েছে, যার শেষ দুটি বাক্য এই রকম:
লক্ষ মোমের আলো জ্বলছে কারুণ্যের প্রার্থনায়, করুণা পাই না/ তুমি চাও আরও নিকষ, হিনেনি, হিনেনি, হে প্রভু আমি প্রস্তুত।
(হিব্রু বাইবেলে হিনেনি শব্দের অর্থ, প্রভু, আমি তোমার সামনে দণ্ডায়মান।)
এর সঙ্গে এবার তুলনা করুন রবীন্দ্রনাথের এই কথাগুলো:
রাহুর মতো মৃত্যু/ শুধু ফেলে ছায়া/ পারে না করিতে গ্রাস জীবনের স্বর্গীয় অমৃত/ জড়ের কবলে/ এ কথা নিশ্চিত মনে জানি।
এই কথার অর্থ এই নয় যে রবীন্দ্রনাথ ও কোহেন কোনোভাবে তুলনাযোগ্য। তাঁরা কেবল ভিন্ন ভিন্ন সময়েরই নয়, তাঁদের কাব্যিক চেতনার অন্তর্গত স্বরটিও ভিন্ন। রবীন্দ্রনাথ জীবনে ও প্রেমে গভীরভাবে আস্থাবান, চেতনায় ও বিশ্বাসে অনেক বেশি আলোকিত ও ঊর্ধ্বমুখী। অন্যদিকে লেনার্ড বিষণ্ণ, প্রেমে আস্থাহীন, ঈশ্বরে অবিশ্বাসী। এমন কোনো ঈশ্বর নেই যাঁর হাত ধরে মুক্তি আসবে, আসবে উদ্ধার—এ কথা বলার পরেও কখনোই জীবনবিমুখ নন কোহেন। তিনি নিজেই জানিয়েছেন, জীবন ও ঈশ্বরের সন্ধানে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়িয়েছেন, ঈশ্বর পাননি; এর বদলে পেয়েছিলেন মাদকাসক্তি—‘গ্রিসে আমার বাড়ির ছাদে আমি হাঁ করে অপেক্ষায় থেকেছি ঈশ্বরের দেখা পাব এই আশায়। দেখা মেলেনি, তার বদলে পেয়েছি সুরাপানজনিত শিরঃপীড়া।’
তাঁর লেখা ও গীত ‘হালেলুইয়া’ গানটি এই পরস্পরবিরোধী একাধিক চেতনার সেরা উদাহরণ। বাইবেলের সূত্র ধরে লেখা হলেও এই গানের লক্ষ্য মর্ত্যের মানুষ, যে আশাহীন হলেও আশার খোঁজে ব্যাপৃত। কোহেন নিজে গানটির অর্থ ব্যাখ্যা করে বলেছেন, আমি চেয়েছিলাম জীবনের প্রতি আস্থা প্রকাশ করতে, অবশ্য তা কোনো নির্দিষ্ট ধার্মিক দৃষ্টিভঙ্গি থেকে নয়, বরং পূর্ণ উৎসাহ ও উদ্যম-সহকারে জীবনের আনুকূল্যে আমার সমর্থনের কথাটি বলতে চেয়েছিলাম।
‘হয়তো ঊর্ধ্বাকাশে ঈশ্বর কেউ আছেন/ কিন্তু ভালোবাসা থেকে কেবল শিখেছি/ অন্য কেউ গুলি ছোড়ার আগেই তাক করতে/ নিশিথের ক্রন্দনধ্বনি/ আলোর খোঁজ পেয়েছে যে তার উচ্চারণ নয়/ এ কেবল শীতল ও ভগ্নহৃদয়ের এক হালেলুইয়া।’
কোহেনের সর্বাধিক পরিচিত এই গানের ভিত্তিতে রয়েছে বাইবেলে বর্ণিত ডেভিড ও বাথশেবার অবৈধ প্রেমকাহিনি। স্নানরতা বাথশেবাকে প্রথম দেখায় প্রণয়ে ব্যাকুল হয়েছিলেন ডেভিড, তাঁকে নিজের করে পাওয়ার জন্য বাথশেবার স্বামীকে হত্যা করতেও দ্বিধা করেননি। কিন্তু এই হত্যার ফল শুভ হয়নি, ঈশ্বর তাঁকে অভিশাপ দিয়েছিলেন, তাঁদের প্রণয়ের ফসল শিশুটি জন্মের পরেই মারা যায়। নিজের কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন ডেভিড, ঈশ্বরের করুণা ভিক্ষা করেছিলেন। বাথশেবাকে পেয়ে জীবনের পূর্ণতাও পেয়েছিলেন, জন্মেছিল তাঁদের পুত্র সলোমন, যাকে পেয়ে ঈশ্বরের প্রশংসায় উচ্চারণ করেছিলেন ‘হালেলুইয়া’। একদিকে গভীর তমসা ও নিদারুণ দীনতা, অন্যদিকে তারই পাশে জেগে ওঠে ঐশ্বরিক করুণা।
তাঁর আরেকটি সেরা গান, ‘এন্থেম’—তাতেও কোহেন এই আলো ও অন্ধকারের বিপরীত প্রবাহ বোঝাতে সুফি কবি রুমির কথা ধার করে এই রকম আশ্চর্য কথাগুলো বলেন:
যে ঘণ্টা বাজে, তাকে বাজাও/ নিখুঁত নৈবেদ্য নিয়ে ব্যস্ত হয়ো না/ সবখানেই তো ফাটল রয়েছে/ সে ফাটল দিয়ে আলো আসবেই।
এ কথা তো রবীন্দ্রনাথও বলেছিলেন আশাহত শ্যামার উচ্চারণে:
পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা/ আঁধারে আঁধারে খোঁজে ভাষা।
পাপের পেছনে ছুটলেও কোহেন বরাবরই পুণ্যকে ছোঁয়ার অবিরত চেষ্টা করে গেছেন। বাবা-মায়ের অভিলাষ পূর্ণ হলে কোহেন হতেন একজন রাবাই বা ধর্মযাজক। কিন্তু অনতিকিশোর বয়স থেকেই তাঁকে আকৃষ্ট করে কাব্যভাষায় বহুজাতিক কানাডার বৈচিত্র্যময় সাংস্কৃতিক মোজাইকে নিজের কণ্ঠস্বর নির্মাণ। প্রথম কাব্যগ্রন্থ লেট আস কম্পেয়ার মিথলজিস সে কথার প্রমাণ। এখানে তাঁর বিবেচনার বিষয় ইহুদি ও খ্রিষ্টীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মিল ও অমিল, দৃশ্যত ভিন্ন মনে হলেও অন্তর্গতভাবে তারা অভিন্ন এবং একে অপরের সম্প্রসারণ, সে কথার বিশ্বস্ত বিবরণ। শ্রীলঙ্কান বংশোদ্ভূত কানাডার কবি মাইকেল অনদাচি কোহেনের এই প্রথম বইকে ‘ফালতু’ বলে বাতিল করে দিয়েছিলেন। এখানে তাঁর কণ্ঠস্বর বড্ড কষ্টকৃত, কিছুটা অধ্যাপকসুলভ ও কৃত্রিম। বরং কোহেনের দ্বিতীয় গ্রন্থ দ্য স্পাইস বক্স অব আর্থ তার নিরাভরণতা সত্ত্বেও অনেক বেশি কাব্যিক। এই দ্বিতীয় বই থেকেই কোহেন তাঁর কাব্যভাষাকে মুখের ভাষার কাছে নিয়ে আসেন, গান লেখার সময়ে যে ধারাটিই ধরে রাখেন। এই বইয়ের উদ্বোধনী কবিতা, ‘দ্য মিস্ট লিভস নো স্কার’-এর কথা ধরা যাক:
আঁধার হয়ে আসা সবুজাভ পাহাড়ে যেমন/ কুয়াশা কোনো দাগ রেখে যায় না তেমনি/ তোমার দেহেও থাকে না আমার দেহের দাগ/ কখনো থাকবেও না।
কোহেন মিনিমালিস্ট কবি, গানেও সেই চূড়ান্ত পরিমিতিবোধ। শুধু একটি-দুটি রেখায় একটি পূর্ণাঙ্গ ছবি আঁকা সহজ নয়, কবিতার ক্ষেত্রেও শব্দের বাহুল্য এড়িয়ে শুধু কয়েক শব্দে অনুভূতির প্রকাশ খুব কঠিন কাজ। এ জন্য চিত্রকলার মতো কবিতাতেও আশ্রয় নিতে হয় প্রতীকে, ইঙ্গিতে। প্রেম আছে, প্রেম নেই—এই দুই স্ববিরোধী অনুভূতি প্রকাশে কোহেনকে এই কবিতায় পাহাড়চূড়ায় কুয়াশা রেখার কথা ভাবতে হয়েছে—সে কুয়াশা চমৎকার, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। সূর্য তেতে উঠলে সে কুয়াশা উধাও হবে, তাতে ভাবনা কী, তাপ নেমে গেলে আবার ঘন নীল পাহাড়ের চূড়ায় ফের আশ্রয় নেবে কুয়াশা। কবিতার শেষ স্তবকটি মাথায় রাখুন:
কত রাতই না কাটে চন্দ্র অথবা নক্ষত্রবিহীন/ সে কথা জেনে মেনে নেব একে অপরের অন্তর্ধান।
চাঁদ বা তারার জন্য অপেক্ষা ও আক্ষেপ কবি অস্বীকার করেন না, কিন্তু তারাহীন তমসাময় রাতের বাস্তবতাও তাঁর অপরিজ্ঞাত নয়। এই রোমান্টিক স্ববিরোধিতা কোহেনের কবিতা ও গানকে বরাবর বিশিষ্টতা দিয়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে স্বল্পাভাষ ও কাব্যভাষার সারল্য। তাঁর বাণিজ্যিকভাবে সফল প্রথম গান ‘সুজান’-এর কথা ধরা যাক। কথাগুলো এই রকম:
সুজান তোমাকে নিয়ে যাবে নদীর ধারে প্রিয় স্থানটিতে/ যেখানে শোনা যায় ধাবমান নৌকার শব্দ/ এখানে সারা রাত তার পাশে শুয়ে কাটাতে পারো তুমি/ তুমি তো জানো মেয়েটা আধ-পাগল/ কিন্তু সে জন্যই তো তুমি সেখানে যেতে চাও/ তোমাকে সে খেতে দেয়/সুদূর চীন থেকে আনা কমলালেবু ও চা/ ঠিক যখন তুমি বলতে প্রস্তুত/ তাকে প্রেম দেবার কিছুই নেই তোমার/ নিজের তরঙ্গদৈর্ঘ্যে নেমে আসে সে/ নদীকে দিয়ে কথা বলায়, বলে/ তুমি আজন্ম প্রেমিক তার।
শুধু কবিতা হিসেবে এই গান পড়লে তার অর্থ সম্পূর্ণ হয় না। রবীন্দ্রনাথের গানের মতোই কোহেনের কাব্যগীতি শুনতে হয় সুরে সুরে, কেবল তাহলেই অনুচ্চারিত অনেক ধ্বনি ও সান্দ্র ভাবনা আবিষ্কারের সুযোগ ঘটে। বেদনার একটি প্রতিভাস তাঁর অধিকাংশ গানেই প্রচ্ছন্ন, অথচ তাকে কোমল ও আদ্র৴ একটি মোড়কে বেঁধে রাখার ফলে অনেক সময়েই সেই বেদনার ধ্বনিটি প্রকাশিত হয় না। শুধু যখন তা গীত হয়, তখনই ধরা পড়ে সে ক্রন্দনধ্বনি। ‘হু বাই দ্য ফায়ার’-এর কথা বলি এবার:
কে আগুনের ধারে, অথবা জলের ধারে/ কে আলোকোজ্জ্বল সুর্যের নিচে, অথবা নিশিথে/ কে প্রবল দুর্যোগে অথবা দৈনন্দিন সংকটে/ কে উল্লাসময় মে মাসে/ কে ক্রমশ ক্ষয়ে যেতে যেতে/ এবং কে ডাকছে যার কথা আমি বলতে পারি।
ক্রমশ এগিয়ে আসা অনিবার্য মৃত্যুর প্রতি নিবেদিত এই গান অতিপ্রাচীন একটি হিব্রু প্রার্থনাসংগীতের ভিত্তিতে রচিত। এখানে ভীতির সুর নেই, বদলে আছে আরও একবার জীবনকে উদ্যাপনের আহ্বান। সে জন্যই আগুন ও জল। আলোকোজ্জ্বল সূর্য ও আনন্দময় বাসন্তী মে মাস। অবশেষে যখন সে মৃত্যু তাঁর দরজায় কড়া নাড়ল, তিনি সানন্দে তাকে ঘরের অন্দরে এসে বসতে দিলেন, বললেন:
হিনেনি, হিনেনি
হে প্রভু, আমি প্রস্তুত।