প্র থ ম আ লো ব র্ষ সে রা ব ই ১ ৪ ১ ৯
পুরস্কার পেয়েছে 'জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি' ও 'ডুবোচর'

১৪১৯ বাংলা সনের বাংলাদেশি প্রকাশনা থেকে মননশীল শাখায় মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি এবং সৃজনশীল শাখায় পারভেজ হোসেনের গল্পগ্রন্থ ডুবোচর ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার পেয়েছে। প্রথম আলোর উদ্যোগে ১০ বছর ধরে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, ওয়াসি আহমেদ ও ভীষ্মদেব চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সম্প্রতি পুরস্কারের জন্য বই দুটি চূড়ান্তভাবে নির্বাচন করে। পুরস্কার বিজয়ী এ দুই লেখকের প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও প্রশংসাপত্র দিয়ে প্রথম আলো আনুষ্ঠানিকভাবে সম্মানিত করবে। অনুষ্ঠানটি হবে আগামী ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের বলরুমে।
মঈনুস সুলতানের বইটি বেরিয়েছে প্রথমা প্রকাশন থেকে। প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর পারভেজ হোসেনের বইটি প্রকাশ করেছে।
মঈনুস সুলতানের জন্ম ১৯৫৬ সালের ১৭ এপ্রিল সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন বাংলায়। পরে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে ডক্টরেট করেন। ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় ও স্কুল অব হিউম্যান সার্ভিসেসের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন তিনি। আন্তর্জাতিক সংস্থা আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ছিলেন লাওসে। উপদেষ্টা হিসেবে জিম্বাবুয়েতে এবং গবেষণা উপদেশক হিসেবে আফগানিস্তানে কাজ করেন। শিক্ষা উপদেষ্টা হিসেবে একাধিকবার ভ্রমণ করেন কিরগিজস্তান, জর্জিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, কসোভো, মেসিডোনিয়া, মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, নিকারাগুয়া প্রভৃতি দেশ। ২০০৭ সালে তথ্য সংগ্রহের অভিযোগে জিম্বাবুয়ে থেকে বহিষ্কৃত হন।
মঈনুস সুলতান এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বাস করছেন এবং শিক্ষাবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করছেন। তাঁর অন্যান্য ভ্রমণকাহিনির মধ্যে রয়েছে কাবুলের ক্যারাভান সরাই, সুকথাই চিয়াংমাই: থাইল্যান্ডে ঘুরে বেড়ানো, শত সন্ন্যাসী সহস্র মন্দির: লাওস ভ্রমণের বৃত্তান্ত, মৃত সৈনিকের জুতার নকশা: যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী আন্দোলনের কথা প্রভৃতি।
পারভেজ হোসেনের জন্ম ১৯৬০ সালের ১৮ জুলাই, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাউথপুর গ্রামে। ঢাকা গভর্নমেন্ট মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। ছোট কাগজ সংবেদ সম্পাদনা করেন আশির দশকে। বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে কর্মী হিসেবে কাজ করেন ১৪ বছর। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। এক্সপ্রেশন লিমিটেডে কাজ করেছেন কপিরাইটার হিসেবে। বর্তমানে প্রকাশনা সংস্থা সংবেদ-এর স্বত্বাধিকারী।
পারভেজ হোসেনের অন্যান্য গল্পগ্রন্থ ক্ষয়িত রক্তপুতুল, বৃশ্চিকের জাল ও অন্যান্য গল্প, বিষকাঁটা, যে জীবন ফড়িঙের, দোয়েলের এবং নির্বাচিত গল্প। তাঁর সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে মিশেল ফুকো: পাঠ ও বিবেচনা, লালন ফকির: পাঠ ও বিবেচনা (যৌথ সম্পাদনা)। এই কথাশিল্পী যে জীবন ফড়িঙের, দোয়েলের বইটির জন্য জেমকন সাহিত্য পুরস্কার লাভ করেন ২০১১ সালে।