পুরস্কারের এদিক-সেদিক

কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ উত্তপ্ত রয়েছে একটি পুরস্কার ঘোষণা নিয়ে। একজন প্রখ্যাত কবি ঘোষণাই দিয়ে বসেছেন, কোনো পুরস্কার তিনি নেবেন না! এ রকম আরও অনেক কথাবার্তা, প্রতিক্রিয়া, রসাল আলাপ আমরা পড়েছি ওই মাধ্যমেই। শুধু আমাদের দেশে নয়, পুরো পৃথিবীতে বিভিন্ন পুরস্কার ঘোষণার পর পক্ষে–বিপক্ষে মত–দ্বিমত দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে পদক–পুরস্কার নিয়ে বিতর্ক দেখা যায় মূলত পদক বা পুরস্কারটির অবমূল্যায়ন ঘটলে। যেমন ধরুন, অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে বহুদিন বসিয়ে রাখা হয়েছিল অস্কারের সাইড লাইনে। কিংবা প্রিয় সুরকার এ আর রাহমানকে যে গানের জন্য অস্কারটা দেওয়া হয়েছিল, তার চেয়ে উত্তম সংগীত তিনি সৃষ্টি করেছিলেন বলেই আমার অভিমত। আমি অধম হলেও অভিমত দেওয়ার অধিকার আটকায় কে! সে যাহোক, পুরস্কার নিয়ে আলোচনা–সমালোচনা আমরাও কম করি না। এ লেখায় নোবেল পুরস্কারের এদিক–সেদিকের কথাই তবে বলা হোক।
কত দৃষ্টিকোণ থেকে যে একেকবারের নোবেল পুরস্কারের বিচার করা যায়, তার কোনো ঠিকঠিকানা নেই। যেমন ধরুন, স্বামী–স্ত্রীর একই সঙ্গে পুরস্কার পাওয়া, শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে মেয়ে, জামাই পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার অর্জন, হতভাগা পুরস্কার প্রাপক, অর্ধেক পুরস্কার প্রাপক, প্রত্যাখ্যান পার্টি ইত্যাদি ইত্যাদি। চাইলে আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিভাগ করা সম্ভব। কিন্তু সে পরিশ্রম শরীরে কুলাবে না। তো যা বলছিলাম, বাংলার ব্রাহ্মণ সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও ফরাসিকন্যা এস্থার দুফলো দম্পতি হিসেবে ‘দুর্দান্ত’ বলেই একসঙ্গে এক বিষয়ে গবেষণা করে সর্বশেষ পেয়েছেন নোবেল। তাঁরা শিক্ষার্থী হিসেবে কিংবা পণ্ডিত হিসেবে যতটা তুখোড়, প্রেমেও ততটাই। অর্থাৎ দাম্পত্য সম্পর্কে সফল। এই ঘরানার—অর্থাৎ দম্পতি হিসেবে পুরস্কার অর্জনের এ ঘরানার পথিকৃৎ পিয়েরে ও মেরি কুরিও পাণ্ডিত্যে, প্রজ্ঞায়, প্রেমে দুর্দান্ত ছিলেন বলেই প্রতীয়মান হয়। নইলে এই দুই মহান মানুষের ব্যক্তিগত রসায়নে যে উত্তরাধিকার তৈরি হয়েছিল, তাঁদেরও একজন আইরিন কুরি সহ–গবেষক স্বামী ফ্রেডেরিক কুরির সঙ্গে নোবেল কেন পাবেন? রক্তধারা বলে একটা কথা আছে তো, নাকি? আবার ধরুন, চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী গার্টি সোরি-কার্ল সোরি কিংবা মে ব্রিট মোজার–এডভার্ড মোজার—এই দম্পতিদেরও ছিল হৃদয় হরণ করা প্রেমময় সম্পর্ক। অন্যপক্ষে একই সঙ্গে, একই বিষয়ে গবেষণা বা কাজ না করেও কিন্তু নোবেল বাগানো যায়। তার প্রমাণ আলভা মিরডাল-গানার মিরডাল দম্পতি। তাঁদের একজন অর্থনীতিতে, অন্যজন শান্তিতে নোবেল জেতেন যথাক্রমে ১৯৭৪ ও ১৯৮২ সালে। কেন এসব বলছি বলুন তো? ধরে নিন, এমনি এমনি বলছি। মজা করার জন্য। আমাদের মধ্যে মজা করার প্রবণতা তো কমে গেছে। ফলে রক্তচাপসহ হৃদয়ঘটিত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে দেশে। ঘটনাটি অর্থনীতির ওপর চাপ ফেলছে। তাই আপনাদের সহনাগরিক হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি মাত্র!
এবার আসি হতভাগা পুরস্কার প্রাপকদের কথায়। পৃথিবীর সব ক্ষেত্রেই দু–চারজন হতভাগা থাকেন এবং থাকবেন—এটাই প্রকৃতির লীলা। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। সে ক্ষেত্রে স্বয়ং হিটলার ছিলেন এই লীলার নায়ক। স্বভাবসুলভভাবেই তিনি ভেবেছিলেন, তাঁর মতো মেধাবী ও প্রতিভাবান মানুষ জার্মান দেশে থাকতে পারে না, থাকতে দেওয়া উচিতও নয়। তাই নোবেল পুরস্কারপ্রাপ্ত জার্মানদের পুরস্কার গ্রহণে তিনি বাদ সাধলেন। রিচার্ড কুন, এডলফ বুটেনান্ডট ও গার্হাড ডোম্যাক—এই তিনজন ছিলেন সেই হতভাগা নোবেল লরিয়েট। অবশ্য পরে তাঁরা সবাই নোবেল প্রাইজ ডিপ্লোমা ও মেডেল গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁদের দুর্ভাগ্য, যথাসময়ে পুরস্কার না নেওয়ায় পুরস্কারের টাকা তাঁরা পাননি! সে আফসোস সম্ভবত অত্যন্ত গোপনে তাঁদের পুড়িয়েছে সারা জীবন। আবার উল্টোটাও হতে পারে। মহৎ মানুষদের চিন্তাভাবনা আমার মতো সংকীর্ণ নয় নিশ্চয়ই।

তবে কি জানেন, এই হতভাগা নোবেল লরিয়েটরাই মূলত অর্ধেক পুরস্কার প্রাপক। আরও কয়েকজন আছেন, যাঁরা নোবেল পুরস্কারের অর্থ গ্রহণ না করে মানব কল্যাণে খরচ করার ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন স্যামুয়েল বেকেট, আইরিশ লেখক ও নাট্যকার। তিনি অসম্মত ছিলেন নোবেল পুরস্কার নিতে। কিন্তু স্ত্রীর প্ররোচনা ও পরামর্শে এবং আয়ারল্যান্ডের বৃহত্তর সম্মানের কথা বিবেচনা করে পুরস্কার গ্রহণে সম্মত হন তিনি। তবে পুরস্কারের পাওয়া অর্থ বেকেট গ্রহণ না করে গৃহহীন, নিরন্ন বৃদ্ধদের জন্য ব্যবহারের অনুরোধ করেন কর্তৃপক্ষকে।
‘আমার সমাজে এই পুরস্কারের তাৎপর্য বিবেচনা করে আমি তা গ্রহণ করতে পারছি না। অনুগ্রহ করে আমার এই স্বেচ্ছা প্রত্যাখ্যানে আহত হবেন না।’ এমন কথা নোবেল কমিটিকে লিখেছিলেন জাঁ পল সার্ত্রে। তাঁর মন্তব্যটিতেই প্রত্যাখ্যানের কারণ নিহিত আছে। ভিয়েতনামের বিপ্লবী লে ডাক থো আমেরিকার হেনরি কিসিঞ্জারের সঙ্গে একই মঞ্চে শান্তির নোবেল নিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন কেন, তার কারণও আমাদের জানা। এই সব প্রত্যাখ্যান ব্যক্তি হিসেবে যেমন উজ্জ্বল করেছিল সার্ত্রে কিংবা লে ডাক থোকে, তেমনি নোবেল কমিটিও সতর্ক হয়েছিল তাদের বিবেচনাবোধের পরিমার্জনের ক্ষেত্রে। নোবেল পুরস্কারের ইতিহাসে মেরি ও পিয়েরে কুরি দম্পতি যে পারিবারিক উত্তরাধিকার প্রতিষ্ঠা করেছিলেন উনিশ ও বিশ শতকে, তাতে পুরস্কারটির উজ্জ্বলতা ম্লান হয়নি, বরং আরও উজ্জ্বল হয়েছিল। কোনো হিসাবেই মেধার ওই পারিবারিক উত্তরাধিকারকে অস্বীকার করা সম্ভব হয়নি বলে এখনো মনে করেন বিদগ্ধজনেরা।
কেবল নোবেল নয়, যেকোনো পুরস্কারই মেধার মূল্যায়নে অত্যুজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু আমরা ক্লান্ত হই। ক্লান্ত হতে হতে বিপর্যস্ত হই। সচেতন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই বাস্তবতায় আরও অনেক মেধাবী মানুষ পুরস্কার প্রত্যাখ্যানের
ঘোষণা দেন প্রকাশ্যে আমাদের পুরস্কারের বহর দেখে।