ফেলে আসা দিনগুলোর প্রতি প্রত্যেক মানুষের মনের কোণেই একটা আলাদা জায়গা আছে। পুরোনো দিনের বাংলা সিনেমাগুলো দেখতে আমার খুব ভালো লাগে। উত্তমকুমার-সুচিত্রা সেন সব সময়ই আমার পছন্দের জুটি। পথে হলো দেরি, হারানো সুর, সাত পাকে বাঁধার মতো পুরোনো দিনের সিনেমাগুলোর কোনো তুলনাই হয় না। মনে দাগ না কেটে যেন উপায়ই থাকে না। সেদিন আবারও দেখছিলাম উত্তম-সুচিত্রা জুটির ষাটের দশকের হারানো সুর সিনেমাটি। সিনেমায় গীতা দত্তের দরদভরা কণ্ঠের গাওয়া ‘তুমি যে আমার, ওগো তুমি যে আমার’ আবেগী আয়েশ ছড়ানো এ গানটি আমার খুব পছন্দের। এখানকার ভালো বাংলা সিনেমাগুলোও দেখি। এ ছাড়া অবসর সময় এইচবিওতে মাঝে মাঝে সিনেমা দেখি। সময় পেলে প্রায় সব কটি বাংলা টেলিভিশন চ্যানেলই ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়।অবসর সময় বই পড়েও কাটাই। বই পড়ার ব্যাপারে আমার কোনো বাছবিচার নেই। একসময় যা পেতাম, তাই পড়তাম। এখন গবেষণাধর্মী বই বেশি পড়ি। রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বইগুলো পড়তে ভালো লাগে। সুযোগ পেলেই ভ্রমণ নিয়ে লেখা বই পড়ি। ভ্রমণ করতেও খুব ভালো লাগে আমার। যখন যেখানেই গান করতে যাই, সেখানেই সময় করে ঘুরতে বের হয়ে পড়ি। হিমালয়ের গঙ্গার উৎপত্তিস্থল ‘গোমুখ’ দেখতে গেছি। আসামের ঘন জঙ্গলেও ঘুরে বেড়িয়েছি।আরও একটি শখ আছে আমার। বাগান করতে ভীষণ ভালোবাসি। ঘরের কোণে সবুজ গাছ আমার ভালো লাগে। আমার ব্যালকনি জুড়ে আছে নানা রঙের অর্কিড আর গোলাপগাছ। যখন কোনো ফুল ফোটে বা গাছে নতুন কোনো কুঁড়ি গজায়, আমার দেখতে খুব ভালো লাগে। এ ভালো লাগার অনুভূতির কোনো তুলনা হয় না। অনুলিখন: তাওহিদা জাহান