পুরোনো নথের তন্দ্রামুগ্ধ নদী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১
অতি সূক্ষ্ম, বর্ণচোরা, নিঝুম রাতের তরঙ্গের সাথে ভেসে আছে যেই কমলাস্নানের দৃশ্য, সে তো আমারই গভীর উপলব্ধির আয়—কালো মুকুটের পাশে পড়ে থাকা চূর্ণ বালুকণা। বৃষ্টির গন্ধদুয়ার খুলে তুমিই তো পালিয়েছিলে, আমাকে দর্পণে আপেলের পাশে বসিয়ে রেখে, মায়া তিরের মুখশ্রীতে ফিরে এসো নগ্নবেশে—দুই হাতের আঙুল, এসো ঘষে ঘষে ধুয়ে ফেলি ধুলো ও প্রেতলোকের সিঁড়ি...
২
যখনই ফিরে আসে সেই নিষ্প্রভ মুখের অন্তর্দীপ; কামরাঙা, জেগে ওঠে স্তব্ধ পাতার ছড়ানো স্তূপ, তন্দ্রামুগ্ধ নদী। যার বক্ষদুয়ারে পড়ে আছে সহস্র উন্মাদ খুলি, বর্ণমায়ার তীর্থপথ।
আনন্দ ফিরে আসছে। ফিরে আসছে শুকনো পাতাদের লেঠেল বাহিনী।
আজ স্নান শেষের ভেজা রুমালে ভেসে উঠছে গোধূলিবেলার অস্পষ্ট কোমর, ম্লান মুখোশের ভূগোল ও দূরদর্শিনী।:n: