পুরোনো বইয়ের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রাশি রাশি পুরোনো বই। বইয়ের সে দঙ্গলে কখনো কখনো মিলে যায় গুপ্তধন! দেশ–বিদেশের বিভিন্ন শহরে বিচিত্র পুরোনো বইয়ের সম্ভার নিয়ে টিকে আছে যে দোকানগুলো, বই পড়ুয়ারা বারবার ঢুঁ মারেন সেখানে
নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানগুলোতে পাঠকেরা আসেন বিচিত্র বইয়ের সন্ধানে। ছবি: সাবিনা ইয়াসমিন
নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানগুলোতে পাঠকেরা আসেন বিচিত্র বইয়ের সন্ধানে। ছবি: সাবিনা ইয়াসমিন

সত্তরের গোড়ার দিকে যখন কলেজে পড়ি, সবে আগাথা ক্রিস্টিতে মজতে শুরু করেছি, ভরসা বলতে তখন নীলক্ষেতে পুরোনো বইয়ের দোকানি সানোয়ার মিয়া। বয়স চল্লিশের আশপাশে, কালোঘেঁষা তেলতেলে চেহারা, কাঁচা-পাকা চুলে টান টান সিঁথি, গোঁফ ছিল মনে পড়ে, তবে বেশি মনে পড়ে খয়ের-জর্দায় টুকটুকে ঠোঁট-জিব, মুখ খোলামাত্র গনগনে অঙ্গারে লালে লাল উনুন।

শুরুটা হয়েছিল আগাথা ক্রিস্টি দিয়ে। তিন-সাড়ে তিন টাকায় একেকটা বই। বেছে বেছে নিতাম, ভেতরের পাতা উল্টে-পাল্টে, ব্যাক কভার পড়ে। বেশির ভাগ বই-ই বহু ব্যবহৃত, বোঝা যেত, সানোয়ার মিয়ার ডেরায় সেসব আসত নানা হাত ঘুরে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ের পাশাপাশি ইংরেজি পেপারব্যাক, বিশেষ করে পেঙ্গুইনের হালকা-পাতলা পকেট বুকের (পকেট বুক কেন বলা হতো বলতে পারব না) অঢেল সমাহার ছিল তাঁর সংগ্রহে। তবে অধিকাংশেরই দুর্বল, জরাজীর্ণ স্বাস্থ্য। ভালো স্বাস্থ্যের যে একেবারেই ছিল না তা নয়, হঠাৎ হঠাৎ প্রায় আনকোরা বইও মিলত। সেসবের দাম খানিকটা চড়া, তবে নিউমার্কেট বা স্টেডিয়াম মার্কেটের তুলনায় কিছু না। তারপরও তিন-সাড়ে তিন টাকা সে আমলে কম নয়। ফলে কিছুদিন যেতে অন্য পথ ধরতে হলো—তা সেই আদ্যিকালের বার্টার সিস্টেম। এইচএসসি ফার্স্ট পার্ট পরীক্ষা শেষ, সুতরাং সেকেন্ড পার্টে দরকার পড়বে না, এমন পাঠ্যবই দিয়ে বেশ কিছুদিন নির্বিঘ্নে চলল বিনিময়ব্যবস্থা। এর ফলে কিছু গুরুত্বপূর্ণ বই সে সময় অনিচ্ছা সত্ত্বেও হাতছাড়া হয়েছে। মনে আছে, আমীর আলীর হিস্ট্রি অব দ্য সারাসিনস দিয়ে পেয়েছিলাম ‘রিডার্স ডাইজেস্টে’র তিন খণ্ডের এনসাইক্লোপিডিয়া, যা আজও আমার বইয়ের তাকে টিকে আছে, ভালো অবস্থায়ই আছে। খুব সম্ভবত পরশুরামের গড্ডলিকা, সাগরময় ঘোষের সম্পাদকের বৈঠক-এর মতো অনন্যসাধারণ বই দুটোও ওভাবে পেয়েছিলাম।
সানোয়ার মিয়ার সঙ্গে সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের পাট চোকানো অব্দি অটুট ছিল। আশ্চর্য যা, তাঁর নিজের লেখাপড়ার দৌড় নিশ্চয় স্কুলের গণ্ডি পেরোয়নি, কিন্তু বই তিনি ঠিকই চিনতেন। কার জন্য কী বই, তা-ও ভালো বুঝতেন। এমনকি পরিস্থিতি বুঝে সম্ভাব্য ক্রেতাকে ফুসলাতে বিশেষ কোনো বই বা লেখকের ওপর ছোটখাটো বক্তৃতা দিতেও তাঁকে শুনেছি—কানে তা যেমনই লাগুক। পরিষ্কার মনে আছে, একবার আমার সামনে একজনকে কমিউনিস্ট মেনিফেস্টো গছাতে গিয়ে তাঁর বক্তৃতার মাঝপথে রসিক ভদ্রলোক কার্ল মার্ক্সের দেশের বাড়ি নোয়াখালী না কাউখালী জিজ্ঞেস করামাত্র ভুল জায়গায় জ্ঞান ফলানোর লজ্জায়ই হবে, তিনি তাঁর লাল টুকটুকে জিব কেটে হাত জোড় করেছিলেন। ভদ্রলোক যে মাঝেমধ্যে তাঁর কাছ থেকে বই নিয়ে যান, আর তিনি যে একটা কলেজেও পড়ান, সানোয়ার মিয়ার বেমালুম ভুলে যাওয়াই ছিল বিপত্তির কারণ।
আজকের নীলক্ষেতে সানোয়ার মিয়া নেই। সেই নীলক্ষেতও নেই। এখন এটি গাইডবই আর পাইরেটেড বইয়ের আড়ত। সে যা-ই হোক, সেই কৈশোর পেরোনো বয়সে সানোয়ার মিয়ার সুবাদে পুরোনো বইয়ের প্রতি আমার আসক্তির যে শুরু, তা আজও ছেড়ে যায়নি।
মূল ব্যাপার, সস্তায় বই কেনা হলেও এ নেশার অন্য দিকটি হলো বই হাতড়াতে হাতড়াতে আচমকা গুপ্তধনের পেতলের ঘড়ায় হাত ঠেকার মতো এমন কিছুর সন্ধান পেয়ে যাওয়া, যার জন্য কোনো পূর্বপ্রস্তুতি থাকে না। একটি অতি বিরল বই রাসসুন্দরী দাসীর আমার জীবন পেয়েছিলাম আশির দশকে চট্টগ্রাম স্টেশনরোডের ওমর বইঘরে। উনিশ শতকের জমিদারগৃহিণী এ মহিলা জন্মেছিলেন রবীন্দ্রনাথের ৫২ বছর আগে, ১৯০৮ সালে। আশ্চর্য, অনায়াস বর্ণনা, চাপা কৌতুক ও সরল দুঃখের স্মৃতিবেদনায় সেকালের অন্দরমহলের যে ছবি তিনি এঁকেছিলেন, বিশেষত সংসারের জাঁতাকলে আত্মবিলোপকারী নারীর, তাতে এতই আলোড়িত হয়েছিলাম, ভদ্রমহিলার আর কোনো বইপত্র পাওয়া যায় কি না, খুঁজে খুঁজে বিফল হয়ে হতাশ হয়েছিলাম। একইভাবে পেয়েছিলাম লন্ডন থেকে গত শতকের গোড়ার দিকে বেরোনো রবীন্দ্রনাথের সাধনার হার্ডবাইন্ড প্রথম সংস্করণ। তবে যে বইটি হাতে নিয়ে তেমন কিছু মনে না হলেও পরে পড়ে চমকে গিয়েছিলাম, সেটি ছিল এক পাকা সিঁধেল চোরের জবানিতে তার আশ্চর্য কাণ্ডকীর্তির সরল, খেদহীন, এমনকি আন্তরিক বয়ান। বইটির নাম মনে নেই, চোর ওরফে লেখকেরও না। লেখক-নাম বলে যা ছিল, তা নিশ্চয় ছদ্মনাম। অনুলিখিত হওয়াই স্বাভাবিক। তবে এত দিন পরও ছিন্ন মাকড়সার জালের মতো যেটুকু আজও স্মৃতিতে ঝুলে আছে, তাতে আমি নিশ্চিত, চোরের জবানিতে লেখা বইটির নানা কৌতূহলকর ঘটনা বানোয়াট ছিল না।