পুরোনোর সঙ্গে মিলবে নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক শিল্পকলাকে কেন্দ্র করে ঢাকায় নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এ ধরনের প্রতিষ্ঠান ‘বৃত্ত’র কথা আমরা এখানে আগে লিখেছি। এবার ঢাকা আর্ট সেন্টার প্রসঙ্গ। ২০০৯ সালের শেষের দিকে ঢাকা আর্ট সেন্টারের প্রতিষ্ঠা। একেবারে তরুণ থেকে প্রবীণ শিল্পীদের পৃষ্ঠপোষকতা করার লক্ষ্যে আবির্ভাব আর্ট সেন্টারের। ঐতিহ্যবাহী ইজেল পেইন্টিংয়ের চর্চা থেকে শুরু করে কনসেপচুয়াল ইনস্টলেশন ও পারফরম্যান্স আর্ট মাধ্যমকে উৎসাহিত করা এই সেন্টারের উদ্দেশ্য। গত জানুয়ারি মাসে জাপানের একটি গুরুত্বপূর্ণ আর্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শেইজি শিমুদা পারফর্ম করেছেন আর্ট সেন্টারে। ভারতের প্রখ্যাত শিল্পী ও শিল্পতাত্ত্বিক কে জি সুব্রামনিয়ান ১০১ আর্টিস্ট ক্যাম্পের উদ্বোধন করেন এবং চিত্র নির্মাণ করেন। এভাবে বিশ্বের সঙ্গে একটি ফলপ্রসূ সংযোগ সেতু তৈরি করাও আর্ট সেন্টারের একটি উদ্দেশ্য। আর্ট সেন্টারের কর্মসূচির মধ্যে রয়েছে সারা বছর ধরে কয়েকটি গ্রুপে তরুণ শিল্পীদের স্টুডিওর সুবিধা প্রদান, কর্মশালার আয়োজন, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শন ও সংগীত সন্ধ্যার আয়োজন ইত্যাদি। এখানে রয়েছে একটি ফিল্ম এডিটিং প্যানেল। একটি থিয়েটার কক্ষও তৈরি হচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠানের জন্য। সেন্টারে একটি লাইব্রেরি ও আর্কাইভ নির্মাণের কাজ চলছে। চিত্রশিল্পী, স্থপতি, সংগীতশিল্পী, সাহিত্যিক, ফটোগ্রাফার—একাধিক মাধ্যমের সৃজনশীল ব্যক্তিদের এই মিলনমেলার আকর্ষণ হয়ে উঠবে আর্ট সেন্টারের ক্যাফে। এর কাজ চলছে। এখানে সেন্টারের সদস্যরা নিয়মিত আড্ডা দেবেন; নানা বিষয়ে তর্ক ও মতবিনিময় করতে পারবেন।এ পর্যন্ত ঢাকা আর্ট সেন্টার ডজনখানেক অনুষ্ঠানের আয়োজন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তরুণ শিল্পী শিক্ষার্থীদের ড্রইং ওয়ার্কশপ, ১০১ জন শিল্পীকে নিয়ে আর্ট ক্যাম্প, বডি পারফরম্যান্স, ওস্তাদ আলী আকবর খানের স্মরণে সরোদ সন্ধ্যা, শিল্পী আজিজ শরাফীর পরিচালনায় ‘বালুছায়া’ শীর্ষক ওয়ার্কশপের উদ্বোধন, শিল্পী জায়িদ ইসলামের ফটোগ্রাফি ও স্থাপনাশিল্প প্রদর্শনী, শিল্পী আনোয়ার হোসেনের আলোকচিত্র, নিয়ামুল বারী, মনিকা জাহান বসুর একক চিত্রপ্রদর্শনী, ‘চিরদিনের বঙ্গবন্ধু’ শীর্ষক কর্মশালা ইত্যাদি।একটি সম্পূর্ণ অলাভজনক এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো অসাম্প্রদায়িক, উদার, মুক্ত, পরিবেশ তৈরির মধ্য দিয়ে দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে চর্চার মাধ্যমে সমৃদ্ধ করা। এখানে ১১ জন ট্রাস্টি বোর্ড সদস্য রয়েছেন, যাঁরা সেবামূলক মনোভাব নিয়ে দেশের সংস্কৃতিকে লালন করার লক্ষ্যে নিজেদের সৃজনী প্রতিভা ও মেধাকে ব্যবহার করছেন।